শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের দুঃশাসন, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। কিন্তু আমরা সঠিকভাবে তা অনুভব করতে পারছি না। সেই ভূমিকম্পকে অনুধাবন করেই আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে হবে। কেবল তাহলেই জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব।’

51580_124_96048_116370-1-450x270

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গণ-সংস্কৃতি দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দশম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই নির্বাচনের নামে দেশে খুন-খারাবির মহোৎসব চলছে।অথচ দেশে একটি নির্বাচন কমিশন (ইসি) ও একটি সরকার রয়েছে। নির্লজ্জ বেহায়ারও তো একটি পরিমাপ আছে। কিন্তু এদের কোনো মাপ নেই।জনগণ ভোট দিতে পারছে না।তাদের ভোট ডাকাতি হয়ে যাচ্ছে।সুতরাং তারা ভোট ডাকাতি ও খুন-খারাবির এই নির্বাচন চাই না। কিন্তু সেদিকে ইসির কোনো দৃষ্টি নেই।’

 

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দেশবাসী ভাবল, বিএনপি নির্বাচনটা বর্জন করবে। অর্থাৎ নির্বাচনের নামে চলমান প্রহসনের সাথে আমরা আর যাব না। সবাই বলছে, ভোট দিতে পারছে না। সবাই বলছে, খুন-খারাবির নির্বাচন। আবার সবাই মিলে এই নির্বাচনটা করছেও।’বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, ‘জনগণ চিৎকার করছে, এই ভোট আমরা চাই না। আমরাও তাদের সঙ্গে দুই-তিনদিন সুর মিলালাম। পরবর্তী পর্যায়ে আমাদের গানের কথা একদিকে আর সুর গেল অন্যদিকে। নির্বাচন বয়কট করলেই বা কী হবে, আর সব কয়টি চেয়ারম্যান পেলেই বা কী হবে? যে নির্বাচনে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, দেশের সংবিধান পরিবর্তন হবে না- সেই নির্বাচন কতটা হলো, কতটা গেল-তাতে কী যায়-আসে। এই যে আমরা নির্বাচনে গেলাম, সেটাতে কী সরকারকে (সরকারের ভোট ডাকাতি-ফলাফল ছিনতাই) সমর্থন করা হলো না?’

 

 

 

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারের চরিত্রের কি কোনো পরিবর্তন হয়েছে? তারা কী বলছে, আমরা আর এই ধরনের অপকর্ম করব না? তাহলে আমরা কেন তাকে (সরকার) বিশ্বাস করব? সুতরাং জনগণের চাওয়াকে ধারণ করতে হবে, তাদের চাওয়াকে মূল্য দিতে হবে।’গয়েশ্বর রায় বলেন, ‘মানুষের মনের ভূমিকম্পগুলো কখন কোনো অবস্থায় প্রকাশ পাবে এবং সে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কী হবে; সরকারে যারা আছে সেটা তারাও যেমন বুঝতে পারছে না, তেমনি আমরাও বুঝতে পারছি না। যদি জনগণের পথে থাকতাম, তাহলে যেকোনো ধরনের ভূমিকম্প মোকাবেলা করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করতে পারতাম। সেই চেষ্টার একমাত্র সমাধান, গণতন্ত্র। তাই আগে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

 

 

গণ-সংস্কৃতি দলের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবির অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী রাফিজা খানম ঝুনু, জাসাস সভাপতি এমএ মালেক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস আল-মামুন, দেশনেত্রী সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম ভূঁইয়া প্রমুখ।