পকেট কাটছে ইলিশ ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’। খাবার পাতে ইলিশ না থাকলে যেন এ উৎসব থমকে দাঁড়ায়। নববর্ষের এ উৎসবকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় বাঙালির পকেট কাটছে ইলিশ ব্যবসায়ীরা। বাজারে বইছে ইলিশের গায়ে দামের আগুন। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
রাজধানীর খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, মুগদা, কমলাপুর, ফকিরাপুল, মতিঝিল বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ৩০০ গ্রাম থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১২শ’ টাকা থেকে ১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে এর চেয়ে বড় ইলিশ এসব বাজারে তেমন দেখা যায়নি।
খিলগাঁও বাজারের ব্যবসায়ী মনিহার স্বপন বলেন, পাইকারি বাজারে আজকে (মঙ্গলবার) বড় ইলিশ পাইনি। যেগুলো পেয়েছি তা ছোট, তবে পাইকারি বাজারে দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এ কারণে আমরা খুচরা বাজারে বেশি দামে বিক্রি করছি।
তিনি আরো বলেন, দুই-তিন দিন আগে পাইকারি বাজারে ৩০০ থেকে ৩৫০ গ্রামের যে ইলিশের হালি বিক্রি হয়েছে ৮০০ থেকে ১০০০ টাকায়, আজ তা পাইকারি কিনেছি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকায়।
শান্তিনগর বাজারের কাসেম বলেন, বাজারে এক কেজি ওজনের ইলিশ আলো দিয়েও খুঁজে পাবেন না। আমরা আড়তেই পাই নাই। আড়তে মাছ নিয়ে কাড়াকাড়ি।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশাখের আনন্দে মেতে উঠবে গোটা জাতি। বর্ষবরণে বৈশাখী পোশাকের সঙ্গে পান্তা-ইলিশ না হলেই যেন নয়। বৈশাখের প্রথম দিনে পান্তা-ইলিশ চাই-ই-চাই। আর এ চাহিদাকে কেন্দ্র করে আকাশচুম্বী মুনাফা করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। দিন যত ঘনিয়ে আসছে, ইলিশের দামও ততই বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের নদীগুলোতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর। এখন বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে তা আগে থেকে সংরক্ষণ করা। আর নববর্ষকে সামনে থাকায় ইলিশের চাহিদা বাড়ছে। ফলে বাড়ছে ইলিশের দাম।
শান্তিনগর বাজারের মাছ বিক্রেতা আফসার মণ্ডল বলেন, সাধারণত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সবচেয়ে বেশি ইলিশ ধরা হয়। কিন্তু এ সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাংলা নববর্ষে বাড়তি দাম পাওয়ার আশায় আড়তদাররা আগে থেকে ইলিশ সংরক্ষণ করে রাখে। এ পরিমাণটা চাহিদার তুলনায় খুবই কম। ফলে দাম বেশি। পহেলা বৈশাখের আগ মুহূর্তে দাম আরো বাড়তে পারে।
এদিকে, রাজধানীর সুপারসপগুলোতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। বিজয়নগর স্বপ্ন সুপার সপে ১ কেজি ওজনের ইলিশ ১৮শ` টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে সুপার সপের ম্যানেজার বলেন, আমাদের নিকট যেসব ইলিশ সংগ্রহ আছে তার ওজন ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রাম। এছাড়া ছোট ইলিশ ২০০ টাকা থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।
ক্রেতারা জানান, আসলে বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবে ইলিশ-পান্তা খাওয়া এক রীতিতে পরিণত হয়েছে। তবে নববর্ষের উৎসবে ইলিশের দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশ এখন ধনীদের খাবারের আইটেমে পরিণত হয়েছে। জা/নি











