জাতিসংঘের মহাসচিব পদে যে চার নারী প্রার্থী
আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে এবারই প্রথম বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মহাসচিব নিয়োগে সাধারণ পরিষদের সব সদস্য মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে। এত দিন গোপন প্রক্রিয়ায় মহাসচিব পদে নিয়োগ দেওয়া হতো, যেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য চীন, যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সর্বময় ক্ষমতার অধিকারী ছিল।

মহাসচিব পদে এবার আটজন প্রার্থী রয়েছেন। চারজন নারী এবং চারজন পুরুষ। তাদের মধ্যে যেকেউ একজন আগামী পাঁচ বছরের জন্য হতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব। বর্তমান মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন টানা দুই মেয়াদে ১০ বছর জাতিসংঘের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছেন। তার মেয়াদ শেষ হচ্ছে এ বছরের শেষ নাগাদ। তার আগেই সেপ্টেম্বর মাসে নতুন মহাসচিব নিয়োগ চূড়ান্ত করতে প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন দিন নিউ ইয়র্কে প্রধান কার্যালয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রত্যেকে মহাসচিব পদে সম্ভাব্য আট প্রার্থীর মধ্যে একজনের প্রতি সমর্থন জানাতে পারবে। এ তিন দিন আট প্রার্থী ‘কেন মহাসচিব হতে চান, মহাসচিব হলে কী কী করতে চান, কাজের ধরন কেমন হবে’- এসব বিষয়ে প্রস্তাবনা উপস্থান করবেন। প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে পছন্দের প্রার্থীকে সমর্থন জানাবে সদস্যদেশগুলো।
সাধারণ পরিষদের সদস্যরা মহাসচিব পদে প্রার্থী পছন্দ করার সুযোগ পেলেও ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ সদস্যই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এক্ষেত্রে পরিবর্তন যা হয়েছে, তা হলো- এতদিন মহাসচিব কে হচ্ছেন, তা আগে জানতে পারত না সাধারণ পরিষদ, এবার জানতে পারছে। মহাসচিবদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে মতামত দেওয়ার সুযোগ ছিল না, এবার সেই সুযোগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অধিকাংশ সদস্য যে প্রার্থীকে পছন্দ করবে, তাকে মহাসচিব পদে নিয়োগ দিতে স্থায়ী পাঁচ সদস্যের ওপর চাপ থাকবে- পরিবর্তন এতটুকুই।
জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী যে চার নারী
ইরিনা বোকোভা
জন্ম : ১২ জুলাই ১৯৫২, সোফিয়া, বুলগেরিয়া।
বয়স : ৬৩ বছর
সর্বোচ্চ অর্জন : ইউনেস্কোর প্রধান হিসেবে ২০০৯ সালে নিয়োগ পান। পরে ২০১৩ সালে একই পদে দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ পান। এ পদে তিনিই প্রথম নারী।
উল্লেখ্যযোগ্য অর্জন : বুলগেরিয়া পার্লামেন্টের দুই বারের সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা : মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে উচ্চতর ডিগ্রি নেন।
ভেসনা পুসিক
জন্ম : ২৫ এপ্রিল, ১৯৫৩, জাগরেব, যুগোস্লাভিয়া (বর্তমান ক্রোয়েশিয়া)।
বয়স : ৬২ বছর।
সর্বোচ্চ অর্জন : ক্রোয়েশিয়া পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখযোগ্য অর্জন : এর আগে দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভেসনা পুসিক। তিনি ক্রোয়েশিয়ান পিপিলস পার্টির প্রধান নেতা।
শিক্ষা : ইউনিভার্সিটি অব জাগরেব থেকে উচ্চতর ডিগ্রি নেন।
নাটালিয়া গেরমান
জন্ম : ২০ মার্চ, ১৯৬৯, চিসিনু, সোভিয়েত ইউনিয়ন (বর্তমান মলদোভা)।
সর্বোচ্চ অর্জন : ২০১৫ সালে জুন থেকে জুলাই মাস পর্যন্ত এক মাসের জন্য মলদোভার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন।
উল্লেখযোগ্য অর্জন : মলদোভার প্রথম প্রেসিডেন্ট মিরসেয়া ¯েœগুরের কন্যা নাটালিয়া গেরমান ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা : মলদোভা স্টেট ইউনিভার্সিটি ও কিং’স কলেজ লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
হেলেন ক্লার্ক
জন্ম : ২৬ ফেব্রুয়ারি ১৯৫০ সাল, হ্যামিলটন, নিউ জিল্যান্ড।
বয়স : ৬৬ বছর।
সর্বোচ্চ অর্জন : নিউ জিল্যান্ডের ৩৭তম প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে জাতিসংঘের ইউএনডিপির প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখযোগ্য অর্জন : ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ছিলেন।
শিক্ষা : ইউনিভার্সিটি অব অকল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন।











