শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লা নিয়ে জুজুর ভয়

baskhali-10নিউজ ডেস্ক : জ্বালানি সঙ্কট যখন তীব্র হচ্ছে ঠিক তখনই বিকল্প জ্বালানি উৎস কয়লা নিয়ে বিশেষজ্ঞ, সরকার ও জনগণের মধ্যে শুরু হয়েছে ত্রিমুৃখী বিতর্ক। এতে প্রাণহানীর মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। কয়লাবিদ্যুৎকেন্দ্র সম্পর্কে কেউ কেউ আবার ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ খাতের বিশাল এ কর্মযজ্ঞ থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। কেউ বলছেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র হলে সে এলাকার মানুষ নিজের জায়গা জমি হারিয়ে ভিখারি হয়ে পড়বেন। গাছপালা পশুপাখি ধ্বংসসহ রেগাক্রান্ত হয়ে মারা যাবে স্থানীয় জনসাধারণ। মহিলাদের স্তনের দুধ শুকিয়ে যাবে। অত্রএলাকায় আর কোনো ফসলাদি হবে না। বিদ্যুৎকেন্দ্রের ছাই উড়ে নানা ধরণের রোগবালাই সৃস্টি করবে। আর নিজেদের ক্ষনির কয়লা উত্তোলন করা হলে সেখানে কোনো এলাকায় মরুভুমি আবার কোথাও পানি জমে জলাশয়ের সৃস্টি করবে। ফলে কোনো ফসলি জমি থাকবে না।

তবে এ ধরণের বিতর্ক চলতে থাকলে অচিরেই বাংলাদেশ ভয়াবহ জ্বালানি সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিদ্যুৎ খাতে সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ২০ হাজার মেগাওয়াটই কয়লা দিয়ে উৎপাদন করতে হবে। এছাড়া ২০৪১ সালে যে ৬০ হাজার মেগায়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেখানে ৩০ হাজার মেগাওয়াট কয়লা দিয়ে উৎপাদন করতে হবে। তাই বিদ্যুতহীনতার অন্ধকার থেকে আলো পেতে হলে সহজলভ্য জ্বালানি উৎস কয়লার কোনো বিকল্প নেই।

সে সময় বছরে আমদানি করা কয়লা লাগবে ২ কোটি টনের বেশি। নিজস্ব কয়লা লাগবে বছরে ৩ কোটি টনের কিছু বেশি। আর নিজস্ব কয়লা পাওয়া না গেলে পুরোটাই আমদানি করতে হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম বলেন, নিজস্ব কয়লা উত্তোলনে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে বছরে ৫ কোটি টন কয়লা আমদানিতে বড় ধরনের ঝুঁকি থাকছে। এতে ব্যয় হবে বছরে প্রায় ৪০০ কোটি ডলার। এতে বিদ্যুৎ উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়বে।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস ও জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে কয়লা দিয়ে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করে সরকার। এর মধ্যে তেলভিত্তিক কেন্দ্র থেকে ১০ শতাংশ, গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ২০ শতাংশ, সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য খাত থেকে ২০ শতাংশ এবং কয়লা থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরমধ্যে নিজস্ব কয়লা দিয়ে ১০ হাজার ১০০, আমদানিকৃত কয়লা দিয়ে ১০ হাজার, জ্বালানি তেল থেকে ১ হাজার ৭০০ মেগাওয়াট, রিজিওনাল কান্ট্রি থেকে বিদ্যুৎ আমদানি ৬ হাজার ৮০০, গ্যাস দিয়ে ৮ হাজার ৫০০, সৌরবিদ্যুৎ থেকে ৫০০, নিউক্লিয়াস ও এলএনজি আমদানি করে ২ হাজার মেগাওয়াটসহ মোট ৩৯ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৩০ হাজার মেগাওয়াটই কয়লা দিয়ে উৎপাদন হবে।

তবে এখন পর্যন্ত কয়লা থেকে ২১টি কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার ৯১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক আলোচনা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৩৩৫ মেগাওয়াট, বেসরকারি খাত থেকে ৭ হাজার ৯২০ মেগাওয়াট এবং বাকি ৩ হাজার ৬৬০ মেগাওয়াট আসবে সরকারের সঙ্গে অন্য দেশের যৌথ মালিকানার বিদ্যুৎকেন্দ্র থেকে। এ পরিকল্পনা অনুযায়ী দেশি কয়লা উত্তোলনসহ আমদানিকৃত কয়লা দিয়ে ২০১১-২০১২ সালে বেসরকারি খাতে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় সরকার। কিন্তু এখন পর্যন্ত সেগুলোর চোখে পড়ার মতো তেমন অগ্রগতি নেই। কোনো কোনোটির অগ্রগতি ৩ শতাংশেরও কম। আবার উন্মুক্ত বা ভূগর্ভস্থ কোন্ পদ্ধতিতে দেশি কয়লা উত্তোলন করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ফলে এ পরিস্থিতিতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোর ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জানা যায়, বর্তমানে দেশের ৫টি কয়লা খনিতে প্রায় ৩২৯ কোটি মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। যা প্রায় ৯০ টিসিএফ ঘনফুট গ্যাসের সমান। এ কয়লা পদ্ধতিগত সমস্যার সমাধান করে উত্তোলন করা গেলে প্রায় ১০০ বছরের মতো গ্যাসের চাহিদা মেটাতে সক্ষম হবে। তবে ভ’গর্ভস্থ বা উন্মুক্ত পদ্ধতির কোনটি ব্যবহার করে কয়লা উত্তোলন করা হবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় তা আজও ঝুলে আছে। আর এতেই শুরু হয়েছে নানা বিপত্তি। সরকারের নিরবতায় দেশি ও আমদানিকৃত কয়লা নিয়ে চলছে বিতর্ক। ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনে এশিয়া এনার্জির সঙ্গে একটি চুক্তি করে সরকার। চুক্তি মোতাবেক তারা তাদের স্টাডি মন্ত্রণালয়ে জমা দেয়। তাদের ২০০৬ সালে উত্তোলনে আসার কথা থাকলেও সরকার পদ্ধতিগত সিদ্ধান্ত না দেওয়ায় আজও তারা উত্তোলনে আসতে পারেনি। তবে তাদের সঙ্গে চুক্তি করার বছরেই ২৬ আগষ্ট তেল, গ্যাস, খনিজসম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি দেশের কয়লা খনি বিদেশে হাতে তুলে দেওয়া হচ্ছে বলে একটি মিছিল করে ফিরে আসার সময় নিজেদের মধ্যে দিধাবিভক্ত হওয়ায় বাকবিতন্ডা সৃস্টির এক পর্যায়ে পুলিশ গুলি চালালে ৩ জন নিহত হয়।

এদিকে ২০১২ সালে এস আলম গ্রুপ চট্টগ্রামের বাঁশখালীর গ-ামারায় ও বরিশালে ৬১২ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন পায়। পরে বরিশালের কেন্দ্রটি চট্টগ্রামে স্থানান্তর করে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎকেন্দ্র দুটি নির্মাণের জন্য ২০১৩ সালের ৩১ অক্টোবর ও ৮ ডিসেম্বর এস আলম গ্রুপের নামে এলওআই ইস্যু করে পিডিবি। ২০১৭ সালের মধ্যেই প্রকল্প দুটির কাজ শেষ করার কথা থাকলেও এখনো বিদ্যুৎকেন্দ্র দুটি নির্মাণে চুক্তি করতে পারেনি এস আলম গ্রুপ। সম্প্রতি কেন্দ্রটি নির্মাণে ৫০০ একর জায়গা অধিগ্রহণ করে কার্যক্রম শুরু করতে গেলেই স্থানীয় জনগণের সঙ্গে বাধে বিপত্তি। এ কেন্দ্রের বিষয়ে ভুল তথ্য দিয়ে স্থানীয় জনসাধারণকে বিষিয়ে তোলা হয়েছে।

বলা হয়েছে, এখানে কয়লাবিদ্যুৎকেন্দ্র হলে এলাকার মানুষ নিজের জায়গা জমি হারিয়ে ভিখারি হয়ে পড়বেন। গাছপালা পশুপাখি ধ্বংসসহ রেগাক্রান্ত হয়ে মারা যাবে স্থানীয় জনসাধারণ। মহিলাদের স্তনের দুধ শুকিয়ে যাবে। অত্রএলাকায় আর কোনো ফসলাদি হবে না। বিদ্যুৎকেন্দ্রের ছাই উড়ে নানা ধরণের রোগবালাই সৃস্টি করবে। আকষ্মিক এসব ভুল তথ্যে গত সোমবার ৪ এপ্রিল কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী সমাবেশে ত্রিমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ গ্রামবাসী নিহতের ঘটনা ঘটলো। আহত হয়েছে আরো অনেকে। এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আরো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, কোনোভাবেই এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে হাজার লাশ পড়বে। এরপর শনিবার জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, এস আলম গ্রুপের অর্থায়নে বাঁশখালীর গ-ামারায় প্রস্তাবিত কয়লা বিদ্যুৎকেন্দ্র এস আলম চাইলে প্রকল্পটি অন্যখানেও সরিয়ে নিতে সরকার সহযোগিতা করবে। এর পরদিন

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে কয়লা বিদ্যুৎকেন্দ্র করা হবে। এতে কোনো ক্ষতি হবে না। ‘অক্সফোর্ড থেকে শুরু করে সারাবিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। অথচ এখানে উদ্ভট কথা বলে অযথা কিছু মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়া হলো। যা খুবই দুঃখজনক’। একই দিন বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম জানান, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আ/সং