বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগ ট্যানারিমুক্ত হতে আরও দুই বছর!

 
নিজস্ব প্রতিবেদক : প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ ট্যানারির মালিক প্রাথমিকভাবেও প্রস্তুত নন। তারপরও সরকার রাজধানীর হাজারীবাগের ট্যানারি সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নিতে একের পর এক সময়সীমা বেঁধে দিচ্ছে।
শিল্পনগরীতে বর্তমানে যে কয়টা ট্যানারি নিজস্ব ভবন নির্মাণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়েছে বা বসাচ্ছে তাদের কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের প্রথম ধাপ ‘ওয়েট ব্লু’ শুরু হতেই এক-দেড় মাস সময় লাগবে। পিছিয়ে থাকাদের লেগে যাবে কমপক্ষে আগামী ডিসেম্বর। সব ঠিকঠাক থাকলে বাকি দুই ধাপ—ক্রাস্ট ও ফিনিশড্ অংশ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সরাতে পারবেন বলে বলছেন ট্যানারির মালিকেরা। তার মানে হাজারীবাগ পুরোপুরি ট্যানারিমুক্ত হতে কম-বেশি দুই বছর লাগবে। তবে ওয়েট ব্লু সরলেই দূষণ ৭০ থেকে ৭৫ শতাংশ কমবে।

c2f18daaa340b081c9bbb2a7392ad802-
বুড়িগঙ্গা নদী ও হাজারীবাগ এলাকা দূষণমুক্ত করাসহ চামড়াশিল্পকে উন্নত পরিবেশে স্থানান্তরের জন্য ২০০৩ সালে ‘চামড়া শিল্পনগরী-সাভার ঢাকা’ প্রকল্পটি নেওয়া হয়। ১ হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ আসছে জুনে শেষ হবে। আর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) পুরো কাজ শেষ হওয়ার কথা আগামী ২৮ জুলাই। এর চারটির মধ্যে দুটি ইউনিট চালুর জন্য প্রস্তুত। এগুলো চালাতে হলে কমপক্ষে ৫০টি ট্যানারির উৎপাদনে যেতে হবে। এত ট্যানারির সেই অবস্থায় যেতে বেশ দেরি। ক্ষতিপূরণ আদায়সহ নানা কারণে অধিকাংশ মালিকই নিজেদের প্লটে ট্যানারি ভবন নির্মাণকাজ দেরিতে শুরু করেন বলে অভিযোগ আছে।

 
প্রকল্পের পরিচালক আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, ‘সরকারের দিক থেকে শতভাগ প্রস্তুতি আছে। এরপরও ট্যানারিগুলো সাভারে না গেলে আমি আর হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়ার সময় বাড়াতে মন্ত্রণালয়কে সুপারিশ করব না।’ তিনি আরও বলেন, ট্যানারি না সরলে একসময় হয়তো তাদের হাজারীবাগের কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে সরকার।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বছরের মধ্যে ট্যানারির ওয়েট ব্লু অংশ সাভারে সরিয়ে নেব। এতে দূষণ ৭৫ শতাংশ কমে যাবে। তবে ট্যানারি পুরোপুরি সরিয়ে নিতে ২০১৭ সাল পুরোটা লাগবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০-৪০টি ট্যানারি সাভারে ওয়েট ব্লু চালু করতে পারবে।’

 
এমন অবস্থায় আজ সোমবার থেকে হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সরকার। গত ১ এপ্রিল নিষেধাজ্ঞাটি আরোপ করলেও পরে সেটি গতকাল রোববার পর্যন্ত শিথিল করা হয়। হাজারীবাগে চামড়া প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি আজ থেকে বহাল থাকবে কি না জানতে চাইলে গতকাল সন্ধ্যায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকার বাইরে আছি। ঢাকায় ফিরে কথা বলব।’
এদিকে, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আগামীকাল মঙ্গলবার ট্যানারির মালিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে তিন মাস সময় চাওয়ার চিন্তাভাবনা করছেন মালিকেরা। গতকাল এমনটাই জানালেন বিএফএলএলএফইএ ভাইস চেয়ারম্যান এম এ আওয়াল।
তৈরি পোশাকের পরই বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। গত ২০১৪-১৫ অর্থবছরে খাতটির রপ্তানি আয় ছিল ১১৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় ৯ হাজার ৪০ কোটি ডলার। আর চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ৮৫ কোটি ডলার ৬ হাজার ৮০০ কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, পরিকল্পিত শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তর হলে রপ্তানি কয়েক গুণ বাড়বে।

 
এগিয়ে কয়েকটি, অধিকাংশ পিছিয়ে: চামড়া শিল্পনগরীতে ঢুকতেই চোখে পড়ে অ্যাপেক্স ট্যানারি। ৩ লাখ বর্গফুটের প্লটে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির তিনতলার ছাদ ঢালাই শেষ হয়েছে। তারা কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের জন্য বেশ কয়েকটি ওয়েট ব্লুর ড্রাম বসানো শেষ করেছে। গত বুধবার বেলা ১১টার দিকে সাভারের চামড়া শিল্পনগরীতে গিয়ে অ্যাপেক্সের এই অগ্রগতি চোখে পড়ল। অ্যাপেক্স ট্যানারির মতো রিলায়েন্স ট্যানারি, বে ট্যানারি, ঢাকা হাইড অ্যান্ড স্কিনস্ লিমিডেট, সাথী লেদার, প্রগতি লেদার কমপ্লেক্স, মারসন্সসহ প্রায় ১৫টি ট্যানারি ওয়েট ব্লু করার জন্য কাজ বেশ এগিয়েছে।
প্রায় চার ঘণ্টা পুরো এলাকা ঘুরে দেখা গেল, প্রচণ্ড গরমের মধ্যেই অধিকাংশ প্লটে ভবন নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। তবে অধিকাংশ ট্যানারি ভবন নির্মাণে পিছিয়ে আছে। অন্যদিকে কমলা, নবীপুর ও এশিয়া ট্যানারি প্লটে কোনো নির্মাণকাজ চোখে পড়ল না, কেবলই সবুজ ঘাস।
১৯৯.৪০ একর জায়গার ওপর চামড়া শিল্পনগরীতে মোট শিল্প প্লটের সংখ্যা ২০৫টি। এসব প্লটে ছোট-বড় মিলিয়ে ১৫৪টি ট্যানারিকে জমি দেওয়া হয়েছে। শিল্পনগরী প্রকল্পের গত বৃহস্পতিবারের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় তলা বা তার বেশি ছাদ ঢালাই করেছে মাত্র ১৬টি ট্যানারি। প্রথম তলার ছাদ ঢালাই করেছে ৪৩টি ট্যানারি, এর মধ্যে ১৩টি আংশিক। বাকি ৮৪টি ট্যানারির কেউ পাইলিং, কেউ কেউ ভবনের কলাম নির্মাণ, কেউবা মাটি কাটার কাজ করছে।

 
গত বৃহস্পতিবার পর্যন্ত ১৩৮ ট্যানারি স্থায়ী বিদ্যুতের জন্য আবেদন করেছে। ৮৭ ট্যানারি ডিমান্ড নোট পেয়েছে। তবে টাকা জমা দিয়েছে মাত্র ১৫ ট্যানারি। এ ছাড়া মাত্র ৩০টি ট্যানারি পানির লাইনের সংযোগের জন্য আবেদন করেছে। অন্যদিকে গ্যাসের সংযোগের জন্য তিতাসে আবেদন করেছে ৬২টি ট্যানারি।চাই ৫০ ট্যানারি: শিল্পনগরীর শেষ মাথায় ধলেশ্বরী নদীর পাশে ১৭ একর জায়গাজুড়ে সিইটিপি নির্মাণকাজ চলছে। একটি চীনা প্রতিষ্ঠানকে ২০১২ সালের মার্চে সিইটিপির কাজ শুরুর অনুমতি দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচবার সময় বাড়ানো হয়।
বিসিক জানায়, বর্জ্য পরিশোধনের জন্য সিইটিপির চারটি ইউনিটের মধ্যে দুটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। সিইটিপির জন্য প্রয়োজনীয় তিনটি ইফ্লুয়েন্ট পাম্প স্টেশনের (ইপিএস) মধ্যে একটি চালুর উপযোগী করা হয়েছে। বাকি একটির কাজ মাঝপথে, আর অন্যটি কেবল শুরু হয়েছে। পানি সরবরাহের জন্য পাম্পও পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে।

 
বিভিন্ন ট্যানারি নির্মাণকাজের অগ্রগতি দেখতে দেখতে দুপুরের দিকে সিইটিপির নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, দুই ইউনিটের কাজ শেষ। বাকি দুটির কাজ বেশ বাকি। তার গোলাকৃতি দুটি বিশালাকৃতি হাউসের নির্মাণ অর্ধেকও হয়নি।
আবদুল কাইউম জানালেন, সিইটিপির চারটির মধ্যে দুটি মডিউল চালাতে ১৩ হাজার ঘনমিটার বর্জ্য দরকার। সে জন্য ৫০টি বড় ট্যানারি চালু হতে হবে। সরকার গত ডিসেম্বরের মধ্যে ৫০টি ট্যানারি চালু করতে চেয়েছিল। কিন্তু তা হয়নি।
এদিকে ট্যানারিগুলোর সামনের সড়কে সিইটিপির সঙ্গে সংযোগ দেওয়ার জন্য বর্জ্যের লাইন বসানো হয়েছে। তবে ট্যানারি কর্তৃপক্ষ সেই লাইনের সঙ্গে কারখানার নিজস্ব লাইনের সংযোগ দেয়নি। এই কাজটি ট্যানারিগুলোকে করতে হবে বলে জানালেন প্রকল্প পরিচালক।