গাড়ির সংখ্যা নির্ধারণ হবে পরিবার প্রতি
নিজস্ব প্রতিবেদক : যানজট কমাতে পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের কথা ভাবছে সরকার। বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়ায় সংযোজন করা হচ্ছে। তবে একটি পরিবার কয়টি গাড়ি ব্যবহার করতে পারবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানান, আগামী ১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকল স্টেক হোল্ডারদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য সড়ক পরিবহন আইন’ ২০১৬ এর খসড়ায় অন্তভুক্ত করে প্রস্তাবসমূহ চূড়ান্ত করা হবে।
এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট কমাতে সরকার গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তা-ভাবনা করছে। পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় সংযোজন করা হবে। আইনটি হলে যানজট কমাতে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণে আসবে।
২০১১ সালে ‘সড়ক পরিবহন ও ট্রাফিক আইন’ নামে খসড়া আইনে ২২টি অধ্যায় ও ৩৭২টি ধারা ছিল। ২০১৩ সালে গঠিত কমিটি তা কমিয়ে ১৫ অধ্যায় ও ২৪২টি ধারায় চূড়ান্ত করে। সর্বশেষ খসড়ায় আইনটিকে ১৩টি অধ্যায় ও ৬৩ ধারায় নামিয়ে আনা হয়েছে।সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানান, ১৯৩৯ সালের ভারতীয় মোটরযান আইনে কিছুটা পরিবর্তন এনে প্রণয়ন করা হয়েছিল ‘দ্য মোটর ভেহিকলস অর্ডিন্যান্স ১৯৮৩’। এর অধীনেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ হয়ে আসছে। বর্তমানে এ খাতে অনেক পরিবর্তন এসেছে, যা বিদ্যমান আইনে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে নতুন পরিবহন আইন প্রণয়ন করা হচ্ছে। বর্তমানে অনেক পরিবার আছে, যারা দুইয়ের অধিক গাড়ির মালিক। আইনটি পাসের পর বিধিমালা করে পরিবারভিত্তিক গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে।
নতুন এই আইনে নানা বিধান সংযোজনের পাশাপাশি পরিবহন খাত নিয়ন্ত্রণে বিআরটিএ’র ক্ষমতা বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। চালকের পাশাপাশি কন্ডাক্টরদের লাইসেন্স নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।এ ছাড়া প্রতিটি গাড়ি ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কানে এয়ারপ্লাগ লাগিয়ে বা সেলফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালানোর নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়েছে। অন্যান্য অপরাধেও শাস্তির বিধান শিথিল করা হয়েছে।
প্রস্তাবিত আইনের আওতায় চালকদের লাইসেন্সের বিপরীতে পয়েন্টের ব্যবস্থা রাখা হবে। আইন ভঙ্গ করলে শাস্তির পাশাপাশি লাইসেন্সের কিছু পয়েন্ট কাটা হবে। এভাবে পুরো পয়েন্ট কাটা হয়ে গেলে চালকের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তখন তিনি কোনো ধরনের যানবাহন চালাতে পারবেন না।










