শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার মুখোমুখি মাহি, শাকিবের আতংক ডিপজল

2016_04_07_17_27_21_jCL8Fi0M1Hqa9UQaiu41P4iyoQr0aO_originalবিনোদন প্রতিবেদক : শুক্রবার মানেই নতুন ছবি। সেই ধারাবাহিকতায় এ প্রেক্ষাগৃহে আসছে দু’টি ছবি। একটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’, যা প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। অন্যটি ‘অনেক দামে কেনা’- এ ছবিটি ৯০ প্রেক্ষাগৃহে প্রদর্শীত হবে।

প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুখোমুখি হতে চলেছেন অভিনেত্রী জয়া আহসান ও চিত্রনায়িকা মাহি। বয়স ও অভিজ্ঞতায় জয়া এগিয়ে থাকলেও, মাহির রয়েছে বিশাল ভক্ত শ্রেণী। সে কারণেই প্রেক্ষাগৃহ দখলের দিক থেকে ইতিমধ্যেই তিনি এগিয়ে গিয়েছেন। ভেবে বসবেন না, জয়ার দিন শেষ। দুই বাংলায় সমান তালে কাজ করছেন তিনি। সকালে কলকাতা, তো বিকেলে ঢাকা। এভাবেই উড়ছেন জয়া। তাছাড়া ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করার কারণে তারও রয়েছে আলাদা দর্শক ও ভক্ত শ্রেণী। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।

অন্যদিকে মাহি ২০১২ সালে ক্যারিয়ার শুরু করে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। যদিও বাণিজ্যিক ঘরানার ছবির সংখ্যাই বেশি। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বণে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন মাহি। তাই কেউ কারো চেয়ে কম যাবেন বলে মনে করেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’। প্রথম ছবির সফলতার মুখ দেখায়, দ্বিতীয়টিও সফল হবে বলেই আশা জয়ার। ছবিতে তাকে একজন মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যার সর্ম্পক গড়ে উঠবে দুই ক্রিকেটারের সঙ্গে। অন্যদিকে ‘অনেক দামে কেনা’ ছবিতে মাহি অভিনয় করেছেন একজন ফুল বিক্রেতার চরিত্রে। যে কিনা অন্ধ। তাকে কেন্দ্র করেই ডিপজল-বাপ্পির দ্বন্দ্ব।

একটা সময় ছিলো যখন বাংলা চলচ্চিত্রের কথা উঠলেই শাকিব খান ও ডিপজলের নাম একসঙ্গে উচ্চারিত হতো। যদিও দুজনের মধ্যে বিশাল ব্যবধান। একজন চলচ্চিত্রের শীর্ষ নায়ক, আরেকজন খল অভিনেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত। ক্যারিয়ারের শুরু থেকেই সমান তালে কাজ করে যাচ্ছেন শাকিব। দিন দিন সফলতার পাল্লা ভারি হচ্ছে। অন্যদিকে নানা কারণে আলোচিত ও সমালোচিত ডিপজল মাঝে কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তাতে কী, বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে শাকিব যেমন শীর্ষ নায়ক, তেমনেই ডিপজল পছন্দের অভিনেতা। কেউ কারো চেয়ে কম নয়।

সব মিলে দু’পক্ষেই জমে উঠেছে হল দখল আর প্রচার-প্রচারণা। দীর্ঘদিন পর বড়পর্দায় এমন টানটান উত্তেজনা দু’টি ছবিকে ঘিরে। দর্শক বিনোদনে এমন লড়াই দেশিয় চলচ্চিত্রে বহুদিন দেখা যায়নি।

উল্লেখ্য, সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’ ছবির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশিদ খান। এতে শাকিব-জয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইমন। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অনেক দামে কেনা’য় মাহির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। আর ডিপজলের দেখা মিলবে একজন বড় ভাইয়ের ভূমিকায়।