বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে স্থানীয়দের করা মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৪ জন পুলিশসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুত্বর। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার বেলা ৩টায় সংঘর্ষ বাধলেও এই উত্তেজনা বেলা সাড়ে ৬টা পর্যন্ত বিরাজ করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে আন্দোলনকারী গন্ডামারার সাবেক ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ বিএনপি নেতা লিয়াকত আলী দাবি করেন গ্রামের ৯ জন লোক পুলিশের গুলিতে মারা গেছেন। অবশ্য সন্ধ্যা পর্যন্ত কোনো লাশ পুলিশ উদ্ধার করতে পারেনি। স্থানীয় ইউপি সদস্যরাও পুলিশ কোনো লাশের তথ্য দিতে পারেনি বলে ঁজানিয়েছে পুলিশ। বাঁশখালী হাসপাতালে ১৪ জন পুলিশ, ১জন ব্যাটালিয়ন আনসার ও ৪ জন গ্রামবাসী চিকিৎসা নিয়েছেন। তম্মধ্যে ব্যাটালিয়ন আনসার আবদুল মোতালেব (২৬), গ্রামবাসী আব্দুল খালেক, আহমদ ছগির, জহির ও আহমদ ছগির নামের ৪ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জাকের আহমেদ রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন ওই হাসাপাতালের পুলিশ ফাঁড়ির এসআই এসআই জহিরুল ইসলাম।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধানকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘গণ্ডামারা গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ বেশ কয়েকজন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
গণ্ডামারা ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘পুলিশের গুলিতে অন্তত চারজন মারা গেছে বলে শুনেছি। আহত হয়েছে পুলিশসহ ৩০-৪০ গ্রামবাসী। আহতদের চট্টগ্রাম ও বাঁশখালী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।’
সংঘর্ষের ব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে এলাকার লোকজন সমাবেশ করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গ্রামবাসীও পাল্টা গুলি করেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে পুলিশের গুলিতে গ্রামবাসী নিহত হবার কথা জানাননি এসপি হাফিজ।
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ কামাল উদ্দিন জানান, রবিবার এস আলম বিদ্যুৎকেন্দ্রে মালামাল নেওয়ার সময় গ্রামবাসী গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ রাতে ছয়জনকে আটক করলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সোমবার বিকেল ৩টায় গণ্ডামারা মনাজি পুকুরপাড়ে স্থানীয় সাইক্লোন সেন্টার মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। কিন্তু সকালে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। বাঁশখালীবাসী প্রশাসনের নিষেধাজ্ঞা ভঙ্গ করে দুপুর থেকে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে ছয়জন নিহতের খবর শুনেছি।
এদিকে ঘটনা জানতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন দাশকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বাঁশাখালীর স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। দ্যা রিপোর্ট
https://youtu.be/Y3eE93VeGmI











