বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপ কাঁপালেন যারা

107410_132স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে গত প্রায় এক মাস ধরে চলা বিশ্ব টি-টোয়েন্টির পালা সাঙ্গ হলো রোববার মাঝরাতে।
চিরকালই দেখা গেছে, বিশ্বকাপের মতো এই ধরনের বড় মাপের টুর্নামেন্ট থেকেই ক্রিকেট দুনিয়ার নতুন তারকারা জন্ম নেন। আর এবারের টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম নয়।
ইশ সোধি, জেসন রয়, যশপ্রীত বুমরা, আন্দ্রে ফ্লেচার, মিচেল স্যান্টনারের মতো বহু ক্রিকেটার এই বিশ্বকাপেই প্রথম নজর কেড়েছেন।
আবার মুস্তাফিজুর রহমানের মতো বিস্ময়কর প্রতিভা প্রমাণ দিয়েছেন বড় আসরেও তিনি সফল হওয়ার ক্ষমতা রাখেন।
তাহরে কারা এবারের বিশ্ব টো-টোয়েন্টির নতুন আবিষ্কার?
বিশ্বকাপের আসরে এ নিয়েই নানা জনের সঙ্গে কথা বলেছিলাম।
ক্রিকেটে একটা কথা খুব চালু আছে – তুমি কত বড় প্রতিভা, তার আসল পরিচয় নেটে নয় – বরং বিগ ম্যাচে।
আর যেহেতু বিশ্বকাপের চেয়ে বড় ম্যাচ ক্রিকেট দুনিয়ায় আর কিছু হয় না, তাই এই আসরে যারা নজর কাড়তে পারছেন আগামী বেশ কিছু কাল তাদের নিয়ে চর্চাও প্রায় অবধারিত।
এবারের বিশ্ব টি-টোয়েন্টিতে নতুন তারকা কারা?
ক্রিকেট লেজেন্ড কাপিল দেব বলছিলেন এবারের টুর্নামেন্ট থেকে তিনি যেমন দুজনকে বেছে নেবেন – ভারতের যশপ্রীত বুমরা আর নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
কাপিলের কথায়, ‘বুমরা যেমন ভারতের হয়ে উঠে এসেছে, তেমনি পাকিস্তান দলেও বেশ কিছু প্রতিভা আমার চোখে পড়েছে। বুমরা যেভাবে একটানা ইয়র্কার দিয়ে যেতে পারে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেটা ভীষণ কার্যকরী। তারপর মিচেল স্যান্টনারের কথাই ধরুন – কেউ কিন্তু ভাবেনি নিউজিল্যান্ডের স্পিনার এখানে এত সফল হতে পারবে।’
বেঙ্গালুরুতে উইজডেন পত্রিকার দফতরে গিয়ে আবার অন্য কিছু নাম শোনা গেল। হিমানিশ ভট্টাচার্য যেমন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের কথা বলছিলেন – যিনি আহত হয়ে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গেলেও গেলেও প্রায় একার হাতে দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতিয়েছিলেন।
তার কথায়, ‘ক্রিস গেইল পর্যন্ত বলেছে ফ্লেচারের মধ্যে ও নিজের ছায়া দেখতে পায়। তা ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে বহু ইনিংসে ফ্লেচার দেখিয়ে দিয়েছে ও কত তাড়াতাড়ি রান তুলতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যতের কথা বরলে ফ্লেচার অবশ্যই একটা বড় নাম হতে যাচ্ছে!’
সেমিফাইনাল ম্যাচে ক্রিস গেইলের উইকেট নেয়ার পর যশপ্রীত বুমরার উচ্ছ্বাস, যদিও ওই ম্যাচটি হেরে যায় ভারত।
উইজডেনের ক্রিকেট লেখিকা ঐশ্বরিয়া আবার নাম করছেন সতেরো বছরের এক তরুণ আফগান স্পিনারের – যার নাম রাশিদ খান।
তার কথায়, ‘রাশিদ খান শুধু এই টুর্নামেন্টেই নয়, এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খুব ভাল করেছিল। যখনই উইকেট ফেলার দরকার হয়, আফগানিস্তান অধিনায়ক চোখ বন্ধ করে রাশিদের ওপর ভরসা করেন। উইকেট তোলেন, বিপক্ষের রানের গতি আটকে দেন – তার ইকোনমি রেটও কিন্তু সাঙ্ঘাতিক ভাল।’
কিন্তু গোটা টুর্নামেন্টে মাত্র তিনটে ম্যাচ খেলে যিনি হইচই ফেলে দিয়েছেন তিনি অবশ্যই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের শুরুতে মুস্তাফিজ মোটেও ফিট ছিলেন না – কিন্তু ম্যাচে ফেরার পরই তিনি বুঝিয়ে দিয়েছেন তার রহস্য ভেদ করার এখনও অনেক বাকি, বলছিলেন প্রবীণ ক্রিকেট ভাষ্যকার এম এম কায়সার।
তার কথায়, ‘বাংলাদেশের বাইরে, বিদেশের মাটিতে এটাই কিন্তু ছিল মুস্তাফিজের প্রথম খেলা – এবং তাও আবার বিশ্বকাপ। ফলে তার প্রমাণ করার ছিল অনেক কিছুই। আর মাত্র তিনটে ম্যাচে দশ উইকেট নিয়ে ও ওর জাত বুঝিয়ে দিয়েছে, বিশ্বের সব ক্রিকেট বিশ্লেষকরা মুস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা করছেন।’
‘ব্রেট লি-র মতো ক্রিকেটার যখন বলেন মুস্তাফিজ এখন বিরেশ্বর সেরা পেস বোলার, তখন বাংলাদেশী হিসেবে আমাদের গর্ব হয় বই কী! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টুর্নামেন্টে যেভাবে মিচেল মার্শকে বোকা বানিয়ে ও আউট করেছিল, সেই ডেলিভারি তো ভোলা যাবে না’, বলছিলেন মি কায়সার।
বাংলাদেশের বাইরে, বিদেশের মাটিতে বিশ্ব টি-টোয়েন্টিতে এটাই ছিল মুস্তাফিজের প্রথম খেলা, তিনটি ম্যাচে দশ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে সেমিফাইনালে হেরে গেলেও নিউজিল্যান্ডই একমাত্র দল, যারা সুপার টেনে সবগুলো ম্যাচ জিতেছিল – আর সেই জয়ে বড় ভূমিকা ছিল তাদের দুই স্পিনার স্যান্টনার আর ইশ সোধির। স্যান্টনারের কথা কপিল আগেই বলেছেন, ক্রিকেট সাংবাদিক রাজীব ঘোষের পছন্দ আবার সোধি।
রাজীবের কথায়, ‘সোধি বোধহয় আরও বেশি নিখুঁত, আরও পারফেক্ট। একজন স্পিনারের যে ধরনের ভেরিয়েশন দরকার, যে গুণগুলো দরকার তার সবই আছে ইশ সোধির মধ্যে। বিশ্বকাপেও দেখা গেল ও প্রতি ম্যাচে আরও বেশি উন্নতি করছে। আমি যদি দলে মাত্র একজন স্পিনারই নিতে পারি, সে ক্ষেত্রেও কিন্তু স্যান্টনারের চেয়ে যে কোনও দিন আমি সোধিকে এগিয়ে রাখব।’
কিন্তু এই নিউজিল্যান্ডকে যিনি প্রায় একার হাতে দুরমুশ করে ইংল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন, সেই ওপেনার জেসন রয়কেও কিন্তু ক্রিকেট দুনিয়া এখন সমীহের চোখে দেখছে। ফাইনালে প্রথম বলে বোল্ড হয়েছেন, এর আগে দক্ষিণ আফ্রিকা সফরও তেমন ভাল যায়নি – কিন্তু ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান তাকে নিয়ে উচ্ছ্বসিত।
এবারের বিশ্ব টি-টোয়েন্টিতে নতুন তারকা কারা?
সতেরো বছরের তরুণ আফগান স্পিনার রাশিদ খানও নজর কেড়েছেন অনেকের।
মর্গ্যান বলছেন, ‘জেসন একজন দারুণ পজিটিভ ক্রিকেটার, ইংল্যান্ড ড্রেসিংরুমে আসার পর থেকেই ও নিজেকে আরও পরিণত করে তুলেছে। আর যে ব্র্যান্ডের ক্রিকেটটা এখন ও খেলছে, তা ওর স্টাইলের সঙ্গে খুব মানানসই। সবচেয়ে ভাল ব্যাপার হল, ও যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখনও কিন্তু কখনও নিজের কথা ভেবে খেলেনি – বরং সব সময় টিমের কথা ভেবে খেলেছে, ম্যাচ জেতানোর কথা ভেবেছে। বিশ্বকাপে আমরা তারই সুফল পেয়েছি।’
ফলে এবারের ওয়ার্ল্ড টিটোয়েন্টি এমনই কিছু নতুন প্রতিভার জন্ম দিল বা একটু পুরনো তারকাদের নতুন করে চেনাল, যাদের ওপর থেকে আগামী দিনে নজর সরানো কঠিন হবে! মুস্তাফিজ কিংবা ইশ সোধি, জেসন রয় কিংবা আন্দ্রে ফ্লেচার – নামগুলো আপনাকে মনে রাখতেই হবে। সূত্র : বিবিসি