শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৭ মহাসচিবের ৩ জনই কৃষক দলের

 
নিজস্ব প্রতিবেদক : ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সংগঠনে সাতজন মহাসচিব হয়েছেন। গত ৩০ মার্চ বিএনপির সপ্তম মহাসচিব হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সাতজন মহাসচিবের তিনজনই দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে টানা ৫ বছর দায়িত্ব পালন শেষে পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম। গত ১৯ মার্চ অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১ দিন পর এ পদে নিয়োগ পান তিনি।

2016_02_11_13_14_20_vdf1aVBjqk3MVVm6e5gsVAGeYXan4D_original

 

বিএনপির ৩৭ বছরের ইতিহাসে আরো ৬ জন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এরপর পর্যায়ক্রমে দলটির মহাসচিব হন কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার, আবদুল মান্নান ভূঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেন।

এদের মধ্যে ডা. বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি বানানো হয়। কিছুদিন না যেতেই দলের হাইকমান্ডের সঙ্গে বিরোধ দেখা দেয় তার। যার রেশ ধরে এক বছরেরও কম সময়ে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেন বদরুদ্দোজা চৌধুরী। তার সেই বিদায় সুখকর ছিল না।

 

 

 

প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর বিএনপি থেকেও পদত্যাগ করেন বি. চৌধুরী। এরপর বেশ কিছুদিন তিনি নীরব থাকেন। পরবর্তীতে সমমনাদের নিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ। বর্তমানে এই দলটির সভাপতি তিনি।

বিএনপির সাতজন মহাসচিরেব মধ্যে পাঁচজন মহাসচিবই মারা গেছেন। এ ছাড়া দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এক-এগারোর সময় মান্নান ভূঁইয়া বিএনপি থেকে বহিষ্কৃত হন।

 

 

বিএনপির সাত মহাসচিবের মধ্যে তিনজনই কৃষক দলের নেতা। তারা হলেন : আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদের মধ্যে মান্নান ভূঁইয়া কৃষক দলের আহ্বায়ক এবং খন্দকার দেলোয়ার নির্বাহী সদস্য ছিলেন। মির্জা আলমগীর কৃষক দলের বর্তমান সভাপতি।

তবে সর্বশেষ জাতীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্রে ‘এক নেতার এক পদ’র বিধান যুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হওয়ায় কৃষক দলের সভাপতির দায়িত্ব থেকে অচিরেই স্বেচ্ছায় অব্যাহতি নিতে যাচ্ছেন মির্জা ফখরুল।

 

 

তিন কৃষক দল নেতার একজন আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন বিএনপির পঞ্চম মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে ১৯৮০ সালে মান্নান ভূঁইয়া বিএনপিতে যোগ দেন। জিয়া তাকে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মনোনীত করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ২৬ জুন তাকে মহাসচিবের দায়িত্ব দেন। টানা ১১ বছর মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন। এক-এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের অভ্যন্তরে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মহাসচিব পদ এবং দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০১০ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

 

 

কৃষক দলের আরেক নেতা খন্দকার দেলোয়ার হোসেন। এক-এগারোর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মান্নান ভূঁইয়াকে সরিয়ে দলের ষষ্ঠ মহাসচিব হিসেবে তাকে মনোনীত করেন খালেদা জিয়া। দলের চরম দুঃসময়ে তখন বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেন তিনি। ফলে অল্প সময়ের মধ্যেই বিএনপি প্রধানের আস্থাভাজন হয়ে ওঠেন খন্দকার দেলোয়ার। এর পুরস্কারস্বরূপ ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের পর তাকেই ফের মহাসচিবের দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন খন্দকার দেলোয়ার। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি।

 

 

খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর একই বছরের ২০ মার্চ তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় । সৌদি আরবে যাওয়ার আগে বিমানবন্দরে মির্জা ফখরুলকে এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে যান চেয়ারপারসন খালেদা জিয়া। তখন থেকেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ মহাসচিবের পদ পান ‘পরিচ্ছন্ন, ভদ্র, বিনয়ী ও দৃঢ় মনোবলসম্পন্ন’ রাজনীতিক হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বাংলামেইলকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হওয়ায় কৃষক দলসহ পুরো বিএনপিই খুশি। এর আগেও কৃষক দল থেকে বিএনপির দুইজন মহাসচিব ছিলেন। তবে আমরা সবচেয়ে বেশি খুশি হব যেদিন এই মহাসচিবের (ফখরুল) নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন আরো বেশি সফলতার দিকে এগিয়ে যাবে। তখন কৃষক দল আরো বেশি আনন্দিত হবে।

 

এছাড়া, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির দ্বিতীয় মহাসচিব। দলটির তৃতীয় মহাসচিব ছিলেন কে এম ওবায়দুর রহমান। ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।

 

ওবায়দুর রহমানের মৃত্যুর পর বিএনপির চতুর্থ মহাসচিব হন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। ১৯৯৬ সালের ২৫ জুন পর্যন্ত তিনি দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট মৃত্যুবরণ করেন কে এম ওবায়দুর রহমান।