টস জিতে ফিল্ডিংয়ে ক্যারিবীয়রা (সরাসরি)
ইংল্যান্ডের পর টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইডেন গার্ডেন্সের টিকিট হাতে পায় ইংলিশরা। কিউইদের করা আট উইকেকে ১৫৩ রানের জবাবে সাত উইকেট হাতে রেখে ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মরগানবাহিনী।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের দেখায় ভারত-ও. ইন্ডিজ দু’দলই দু’টি করে ম্যাচ জিতেছে। তবে বিশ্বমঞ্চে তিনবারের মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়দের একটি জয়ের বিপরীতে দু’বার জয়োল্লাসে মাতে টিম ইন্ডিয়া। বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের গত অাসরে সবশেষ সাক্ষাৎটিতে সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছিলেন ধোনি-কোহলিরা।
টুর্নামেন্টের শুরু থেকে এক ম্যাচেও একাদশে পরিবর্তন আনেনি ভারত। কিন্তু, ইনজুরির কারণে যু্বরাজ সিংয়ের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। তাই বিকল্প ভাবতে হচ্ছে নির্বাচকদের। মানিশ পান্ডে বা পাওয়ান নেগির মধ্যে যেকোনো একজনের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। অাজিঙ্কা রাহানেও শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেন। তবে সবাইকে ছাড়িয়ে এগিয়ে থাকছেন পান্ডে।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মানিশ পান্ডে/অাজিঙ্কা রাহানে/পাওয়ান নেগি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।
ক্যারিবীয় একাদশেও পরিবর্তন এসেছে। আন্দ্রে ফ্লেচারকে ছাড়াই তাদের মাঠে নামতে হচ্ছে, যিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পাওয়া লেন্ডল সিমন্স ভারতের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগে ইনজুরির কারণে দল থেকে সিমন্সের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে তিনিই আবার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন। ফ্লেচারকে ধন্যবাদ দিতেই পারেন সিমন্স!
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি।
https://www.youtube.com/watch?v=svdB7oXRYTU











