নিঃশর্ত মুক্তি দিতে হবে ফখরুলকে : মোশাররফ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব পদে সদ্য দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার পরবর্তী তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন।বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। “আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করবো” এই স্লোগানকে সামনে রেখে “স্বাধীনতার ৪৫ এ প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি।

সভায় মোশাররফ বলেন, ‘যে মুহূর্তে আমরা প্রাপ্তি ও প্রত্যাশার কথা বলছি, ঠিক সেই মুহূর্তে দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে ভারমুক্ত হয়ে মহাসচিব হিসেবে সদ্য দায়িত্ব নেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হলো।’মোশাররফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের সর্ববৃহৎ দলের মহাসচিবকে এভাবে কারাগারে রেখে সরকার কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের প্রাপ্তির খাতায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, বেড রুমে সাগর-রুনি হত্যা হয়েছে, কুমিল্লায় মেধাবী ছাত্রী তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আর সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘যে সরকার রাজকোষ রক্ষা করতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ব্যাংকের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছাড়া কোনোভাবেই কেউ রাজকোষ খালি করতে পারে না। এ ব্যাপারে আমরা আমাদের আইটি সেক্টরের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি।’
খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে এখন লুটেরাদের রাজত্ব চলছে। তারা (আ.লীগ) বিনা ভোটে এমপি থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে গদিতে বসতে চায়। বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হতে। এই সরকার সেই তকমাও জাতিকে দেখালো।’
২০ দলীয় জোটের শীর্ষনেতা, এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে ও এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ডা. ফরহাদুজ্জামান ফরহাদ, ডিএলএ’র মহাসচিব সাইফুদ্দিন মনি, এনডিপির প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার, এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, শামসুল আলম, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব বাবু স্বপন কুমার সাহা, জিনাফ’র সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু মাস্টার, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান মনির ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিপির আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল বাশার। এসময় এনডিপির নেত্রী এড. সায়মা খান, দেওয়ান দিলরুবা ও জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ দল বিএনপির নবনির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।











