শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিতে সোচ্চার হবেন পাপন!

 

 

স্পোর্টস ডেস্ক : আরাফাত সানির খবরটা তাও একরকম মেনে নিয়েছিলো বাংলাদেশ। তাই বলে তাসকিন আহমেদ! সুদর্শন, মসৃন বোলিং অ্যাকশনের তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা করা হয়েছে- এটা শুনে পুরো বাংলাদেশ স্তম্ভিত, বিস্মিত এবং ক্ষুব্ধ ছিল।

papon_india_icc
আর সেই বিতর্ক নতুন মোড় নেয় যখন আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষাতেই পাওয়া যায় ত্রুটি। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিনের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করলেও কোন কাজের কাজ হয়নি। তার নিষেধাজ্ঞা বহালই থাকে।
আর সেই নিয়ে ক্ষোভটা এখনও আছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। এক সাক্ষাৎকারে পাপন বললেন, ‘ তাসকিনের নিষেধাজ্ঞার ধাক্কা তো ছিলোই। বিশ্বকাপে আমাদের প্রধান অস্ত্র ছিলো বোলিং। কারো সাথে কিন্তু আমরা আহামরি রান করতে পারি নাই। কোয়ালিফাই রাউন্ডে একটা ম্যাচ ছাড়া তেমন রান করতে পারিনি। ১৫০-১৬০ রান করেই আমরা জিতেছি। এটাই আমাদের অভ্যাস। সে দিক থেকে চিন্তা করলে আমাদের প্রধান অস্ত্র বোলিংয়ে সেখানে আমাদের ফর্মে থাকা খেলোয়াড় ছিলো তাসকিন।’
আইসিসির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পাপন বলেন, ‘ম্যাচের কোন বলে ওর সমস্যা ছিলো না। কিন্তু পরীক্ষায় সেটা (ম্যাচে না করা বল) করতে বলা হলো যা আমার কাছে খারাপ লেগেছে।

 

এটা বিষ্ময়কর। ম্যাচে একজন যে বল করলোই না, সেই কাল্পনিক ডেলিভারির জন্য সে সন্দেহে পড়লো এবং শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো! আমি তাদের বলেছি, এর আগে তো এমন কোন খেলোয়াড়ের শাস্তি হয়নি। আইসিসি পারলে আরেকজনের ক্ষেত্রে এরকম করে দেখাক যে কিনা ম্যাচে অবৈধ কোনো ডেলিভারি না করেই শাস্তি পাবে।’
আইসিসিতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কমিটির সাথে জড়িত আছেন নাজমুল হাসান পাপন। এখন কি তিনি আইসিসিতে এই ব্যাপারগুলো নিয়ে সোচ্চার হবেন? – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। একবার যখন আমি কথা বলেছি, এটা থামবে না। আইসিসিতে এ নিয়ে কথা হবে। আমার কথা একটাই—আমাদের সন্তোষজনক ব্যাখ্যা দাও। আমি চাই যে, আইসিসির প্রতিটা পদক্ষেপ স্বচ্ছ হবে, সবাই বুঝতে পারবে। সে জন্যই কাজ করে যাবো।’
জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপের প্রথম পর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা। পরে ১৫ মার্চ পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে তাসকিন চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।এরপর গত ১৯ মার্চ তাসকিনের বোলিং অ্যাকশনকে নিষিদ্ধ বলে ঘোষণা করে আইসিসি। আর এরপরই শুরু হয় তোলপাড়। সব রকম আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ হয় তাসকিনের বোলিং অ্যাকশন। আর এখন তিনি পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে অ্যাকশন শোধরানোর কাজে ব্যস্ত।