বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির অভিযোগ আমলে না নিয়ে গেজেট প্রকাশ

bnp-vs-ecনিউজ ডেস্ক : প্রথম ধাপের ইউপি নির্বাচনের গেজেট আজ সোমবার থেকে প্রকাশ করা শুরু কারেছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আমলে নিচ্ছেনা ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রথম ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে গত এক সপ্তাহে প্রায় চার’শ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। অথচ ওইসব অভিযোগ ফাইলবন্দি অবস্থায় পড়ে আছে। কোনো কোনো প্রার্থী নিজেই কমিশনারদের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়ে প্রতিকার চাচ্ছেন। কিন্তু ইসির পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই করার নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোটের ফল ঘোষণার পর নির্বাচনের বিষয়ে কমিশনের আইনগত তেমন কিছু করার থাকে না। সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন। এক্ষেত্রে আদালত যে রায় দেবেন, কমিশন তা মেনে নেবে।’ তবে কমিশন চাইলে যেকোনো অভিযোগ খতিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে আইনগত খুব বেশি কিছু করার সুযোগ নেই বলে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় কতিপয় ক্ষেত্রে কমিশনকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। বিধিমালার ৯০ ধারায় বলা হয়েছে, আইন ও বিধান অনুযায়ী ভোটকেন্দ্রের নির্বাচন নিরপেক্ষ, ন্যায়সংগত ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাবলি জারি, ক্ষমতা প্রয়োগ এবং প্রাসঙ্গিক অন্যান্য আদেশ প্রদান করতে পারবেন।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বিডি টুয়েন্টি ফোর লাইভকে বলেন, ইসি ইচ্ছে করলেই প্রার্থিদের অবিযোগ আমলে নিতে পারে কারণ ইউপি নির্বাচনে অনিয়মের চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন বিধিমালা অনুযায়ী কমিশন বিশেষ ক্ষমতাবলে এগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। এতে কমিশনের স্বচ্ছতা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। ইসি এখনই কঠোর সিদ্ধান্ত নিলে পরবর্তী ধাপের নির্বাচনে সবাই সতর্ক হবে। এখন অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করা যেতে পারে।
এদিকে ইসিতে জমা পড়া অভিযোগগুলোর মধ্যে দেখা যায়, অভিযোগকারীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীও রয়েছেন। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ১২নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের কমিশনে করা অভিযোগে বলেন, ‘ভোটের আগের রাতে প্রতিপক্ষ প্রার্থী ও পুলিশ প্রশাসনের সদস্যরা আমার কর্মীদের ভোট দিতে না যাওয়ার হুমকি দেন। গত ২২ মার্চ ভোটগ্রহণ শুরুর পর নৌকা মার্কার ব্যাজ পড়া নেতাকর্মীদের পিটিয়ে কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য করে। আর এক্ষেত্রে পুলিশ সহায়তা করে।’
অপর আরেক প্রার্থী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়া বাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শওকত আলী রেজাল্ট শিট পরিবর্তনের অভিযোগ তুলে বলেন, ‘আমি বিজয়ী হয়েছি। ওইদিন রাত ১০টার দিকে গণমাধ্যমের খবরেও তা প্রচারিত হয়। কিন্তু পরবর্তীতে আরেক প্রার্থীর ব্যালেট পেপারের সঙ্গে আমার ব্যালট পেপার ঢুকিয়ে দিয়ে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়। বিষয়টি তদন্ত করলেই এর সত্যতা বেরিয়ে আসবে।’ এ অভিযোগে গেজেট প্রকাশ স্থগিত ও অনিয়ম তদন্তের দাবি জানান তিনি।
বরিশালের আগৈলঝারা উপজেলার রত্নাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম তার অভিযোগপত্রে বলেছেন, ‘গত ২২ মার্চ ভোটের দিন এই ইউনিয়নের বেশকিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। কোথাও কোথাও সকাল ১০টার মধ্যে ভোটও শেষ হয়ে যায়। প্রশাসনও অসহযোগিতামূলক আচরণ করেছে।’ এই অবস্থায় নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।
একই জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ভোট বাতিল ও অনিয়মের তদন্ত করার দাবি জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসান।
একইভাবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে এক কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়ার অভিযোগ এনে ওই কেন্দ্রের ফল বাতিলের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রণব ঘোষ বাবলু। একই জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়াডের্র মেম্বার পদে পুনরায় ভোটের দাবি জানান প্রার্থী মনিরুল ইসলাম। প্রসঙ্গত, আজথেকে থেকে প্রথম ধাপের ৬৬৫ টি ইউপির গেজেট প্রকাশ করতে যাচ্ছে ইসি।