বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপেও সহিংসতার আশঙ্কা নির্বাচন কমিশনের

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপেও ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। বিশেষ করে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে কমিশন চিন্তিত। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, সহিংসতার আশঙ্কা থাকলেও দ্বিতীয় ধাপের ভোটাভুটিতেও কমিশনের পক্ষ থেকে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা সম্ভব হবে না। তবে ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনীকে ভোট গ্রহণের পরে আরও দুইদিন মোতায়েন রাখা হবে। এ ছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলার জন্য কমিশন সচিবালয় থেকে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

download
২২ মার্চ প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের আগে ও পরে সারা দেশে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন। আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। প্রথম ধাপের ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা এখনো অব্যাহত আছে। এসব সহিংসতার বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের ঘটছে।

 
প্রথম ধাপের নির্বাচনে বেশির ভাগ ইউপিতে কেন্দ্র দখল, ব্যাপক কারচুপি ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ করেছে বিএনপি। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছে। জাতীয় পার্টিও একই অভিযোগ করেছে। ক্ষমতাসীন জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা শাখা গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাল ভোটের মহোৎসব করেছে। এখন তাদের বিজয়ী প্রার্থীরা পরাজিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন।
তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।

 
এবারের ভোটাভুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশের সঙ্গে আনসার মিলিয়ে মোট ২০ জনের বাহিনী মোতায়েন থাকবে। এদের মধ্যে সাতজন অস্ত্রধারী। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ও আনসারের সমন্বয়ে একটি করে ভ্রাম্যমাণ দল থাকবে। প্রতি তিনটি ইউনিয়নের জন্য একই বাহিনীর একটি করে অপেক্ষমাণ দল রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় র্যাব ও বিজিবির দুটি করে ভ্রাম্যমাণ দল ও একটি করে অপেক্ষমাণ দল রাখা হয়েছে।

 

ভোট গ্রহণের দুদিন আগে থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত (মোট চার দিন) নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনী থাকবে।নির্বাচন-পরবর্তী সহিংসতা: প্রথম ধাপে ভোট গ্রহণ চলাকালে এবং ভোট গ্রহণ শেষে সহিংসতায় পিরাজপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী ও নেত্রকোনায় এ পর্যন্ত মোট ১৪ জন নিহত হয়েছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটে। সর্বশেষ পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত শাহজাহান মৃধা (৪৩) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত কয়েক দিনে পঞ্চগড়, বরিশাল, মুন্সিগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ ও সিরাজগঞ্জসহ অন্যান্য জায়গায় নির্বাচন-পরবর্তী সহিংসতা এখনো চলছে।

 
প্রথম ধাপের নির্বাচনী সহিংসতার অভিজ্ঞতা থেকে কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা মনে করেন, ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনীকে ভোট গ্রহণের পরে দুদিন মোতায়েন রাখা হলে সহিংসতা কমে যাবে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, প্রথম ধাপের নির্বাচনে প্রাণহানির যেসব ঘটনা ঘটেছে, তা খুবই অনাকাঙ্ক্ষিত। এসব বিবেচনায় ধরে নেওয়া যায়, দ্বিতীয় ধাপেও একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। সে জন্য মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ানো উচিত। কিন্তু সেটা কতটা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এসব বিষয়ে করণীয় নির্ধারণে কমিশন আজ বৈঠক করবে।
দ্বিতীয় পর্যায়ের নির্বাচন: ৩১ মার্চ দ্বিতীয় পর্বে ৬৪৭টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন। এ ছাড়া ৬৩ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে পাঁচ শতাধিক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। যেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী আছেন, তার বেশির ভাগ জায়গাতে সংঘাত ও সহিংসতা চলছে।