ক্ষোভে-দুখে আশুগঞ্জের বিদ্রোহীরা : দুইশো ভোট পাওয়ার যোগ্যতা নাই তার,এহন চেয়ারম্যান
আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া :‘দুইশো ভোট পাওয়ার যোগ্যতা নাই তার। এহন চেয়ারম্যান অইয়া গেছে। বিশ্বাস করেন-পুরা ইউনিয়নে শুধু আনারস ছিলো। এভাবে ছাপাইয়া–। ভাই ভেতরটারে মানাইতে পারিনা। আমার এলাকার লোক পাগলের মতো। তারা কি যে করে বুঝাইতে পারবোনা। ৪ জন মানুষ এই ফলাফলে অসুস্থ হয়ে পড়েছে। ষ্ট্রোক করেছে। ইউনিয়নের মানুষ আল্লাহর কাছে বলছে, যারা এই কাম করছে তাদের ওপর যেন গজব পড়ে’। দলের মনোনয়ন বিমুখে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতাকারী আশুগঞ্জের তারুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদল সাদির এভাবেই জানালেন তার প্রতিক্রিয়া। তারুয়া নিরব নিস্তব্দ। অনেকটাই শোকের পরিবেশ। বাদল সাদিরের পরাজয় মেনে নিতে পারছেননা তার সমর্থকরা। কান্নাকাটি করছেন বিলাপ করে।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বাদল সাদির ঐদিন কেন্দ্রে কেন্দ্রে যা ঘটেছে তার বর্ননা দেন। বলেন ৫ নম্বর ওয়ার্ডের তারুয়া কিন্ডার গার্টেন কেন্দ্রের সব ভোট ছাপানো হয়েছে। এখানে তিনি পেয়েছেন ১৭৮ ভোট আর ইদ্রিস হাসান ৩১২ ভোট। অথচ এখানে সব ভোই ছিলো আনারসের। ইদ্রিসের কোন ভোটই ছিলোনা। বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে এই কেন্দ্রের ভোট ছাপানো হয়েছে। আর এই ভোট ছাপার নেতৃত্ব দিয়েছে হলমার্কের তানভীরের ভাই আলম। কেন্দ্রে ভোট ছাপানোর এই অবস্থা দেখে মানুষ হায় হায় করেছে। ম্যাজিষ্ট্রেট এই কেন্দ্রের ভোট বাদ দিতে চেয়েছিলো। তখন তারা হাজী সফিউল্লাহর(উপজেলা আওয়ামীলীগের আহবায়ক) সাথে ফোনে যোগাযোগ করে। এরপরই ফোন আসে,প্রশাসনের লোকজন কনভিন্স হয়ে যায়। তার অভিযোগ এই কেন্দ্রের ভোট ছাপানো হয়েছে হিসেব ছাড়া। মেম্বার আর চেয়ারম্যানের ভোটের কোন মিল ছিলোনা। এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোটের গোজামিল হিসেব দাড় করানো হয়।এই কেন্দ্রের অনেক ব্যালেটে সীল ও স্বাক্ষরও ছিলোনা বলে তিনি অভিযোগ করেন। বলেন ৬ নম্বর ওয়ার্ডের তারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সব ভোটও তারা ছাপাইছে। আমারে দিয়েছে মাত্র ১ ভোট। ৭ নম্বর ওয়ার্ডের তারুয়া শালুকপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি পেয়েছিলাম ৪১২ ভোট। ইদ্রিস পেয়েছিলো ১৩৫ ভোট। পরে রেজাল্ট সীটে ৪১২ ভোট দেখিয়েছে ইদ্রিসকে। এই কেন্দ্রটি দখল করে ভোট ছাপাইছে ইদ্রিসের লোকজন। আমার এজেন্টদের বের করে দেয়া হয়। ৮ নম্বর ওয়ার্ডের তারুয়া মুহিউছুন্নাহ মাদ্রাসা কেন্দ্রের ভোটও ছাপিয়েছে তারা। এখানে আমি পাইছি ১৭২ ভোট আর ইদ্রিস পেয়েছে ৩০৩ ভোট। অথচ আনারস ছাড়া কোন ভোট ছিলোনা এই কেন্দ্রে। আমার অবস্থা ভালো টের পেয়ে বাইরে থেকে সন্ত্রাসী এনে ভোট ছাপা শুরু করে। ৯ নম্বর ওয়ার্ডের আজমল হকের বাড়ির পাশের কেন্দ্রে ১০৫২ ভোটের সবই ছিলো আমার। সেকারনে এই কেন্দ্রের ভোটও ছেপে নিয়ে যায় তারা। ম্যাজিষ্ট্রেট এসে স্বাক্ষর ও গোলসীল বিহীন ৭’শ ভোট বাতিল করে এই কেন্দ্রের । এরপর কাষ্ট দেখানো হয় ৫৬ ভোট। এরমধ্যে আমি পাইছি ২৮ ভোট আর ইদ্রিস ২৬ ভোট। তিনি আরো জানান যেখানে সুষ্টু ভোট হয়েছে সেখানেই আমি পাশ করেছি। ১ নম্বর ওয়ার্ডের হাজী নূরুল ইসলামের বাড়ির কেন্দ্রে ভোট ছাপানোর পরও আমি পেয়েছি ৪’শ ভোট। আর নৌকার প্রার্থী পেয়েছে ১৯৬ ভোট। ২ নম্বর ওয়ার্ডের কাইয়ুম সাদিরের বাড়ির কেন্দ্রে আমি ৩৬৮ ভোট আর ইদ্রিস পেয়েছে ৬০ ভোট। ৩ নম্বর ওয়ার্ডের হাজী সুরুজ মিয়ার বাড়ির কেন্দ্রে ১৩২ ভোট আনারস আর নৌকা ৬০ ভোট। তারুয়া ৪ নম্বর ওয়ার্ডের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমি ২০৩ ভোট পেয়ে পাশ করেছিলাম। কিন্তু ফলাফল পাল্টে ইদ্রিসকে পাশ দেখানো হয়। এখানে ইদ্রিসের ভোট প্রাপ্তি দেখানো হয় ২১২। আওয়ামীলীগের ইদ্রিস হাসান ২৪৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন । আর বাদল সাদির পেয়েছেন ১১২৯ ভোট। আশুগঞ্জের ৭ টি ইউনিয়নে ৬ টির মধ্যেই ছিলো আওয়ামীলীগের বিদ্র্হোী প্রার্থী। এরমধ্যে সদরের চরচারতলা ও লালপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহীরা। বাকী ৪ টিতেও বিদ্রোহী প্রার্থীদের জয়ের সম্ভাবনা ছিলো। আশুগঞ্জ আওয়ামীলীগ আহবায়ক ছফিউল্লাহ মিয়া ও দ্বিতীয় যুগ্ম আহবায়ক হানিফ মুন্সি কেন্দ্রিক আশুগঞ্জ আওয়ামীলীগ বিভক্ত। নির্বাচনে ছফিউল্লাহ বেছে বেছে তার নিজের লোকদের মনোনয়ন দিয়ে দেন। নিজের লোক বাছতে গিয়ে তারুয়ার বর্তমান চেয়ারম্যানকে মনোনয়ন বিমুখ করেন। এরপরই সব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়। দল মনোনীত প্রার্থীদের চেয়ে বিদ্রোহী প্রার্থীরা ছিলেন অনেক শক্তিশালী। এক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর অবস্থান হয়েছে তৃতীয়। অভিযোগ রয়েছে বিভিন্ন ইউনিয়নে দলের প্রার্থীর অবস্থা বিবেচনা করে তাদের জেতাতে ভোট কাটার পথ বেছে নেন বেকায়দায় পড়ে যাওয়া উপজেলা আওয়ামীলীগ নেতারা। আর এতে সহায়তা করে প্রশাসন-পুলিশ। অবশ্য মোটা অংকের টাকা দিয়ে প্রশাসনের সঙ্গে রফাদফা করা হয়। একটি ইউনিয়নের এক প্রতিদ্বন্ধি প্রার্থী জানিয়েছেন- তিনি দু-দফায় ১০ লাখ টাকা দিয়েছেন জেলা ও উপজেলার দায়িত্বশীল কর্মকর্তাদের। দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকার ৩ টি,বাহাদুরপুরের ১ টি এবং দূর্গাপুর ও বগুইর কেন্দ্রের ভোট ছাপানোর অভিযোগ করেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন । তিনি জানান ২,৪,৫,৭,৮ ও ৯ নম্বর কেন্দ্রের ভোট ছাপানো হয়েছে। এখানে আওয়ামীলীগ প্রার্থী জিয়াউল করিম সাজু ৬৬৪৩ ভোট পেয়ে জয়ী হন। আওয়ামীলীগের বিদ্রোহী চশমা প্রতীকের মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৩৫৬৯ ভোট। আওয়ামীলীগের আরেকজন বিদ্রোহী আনারস প্রতীকের জাকির হোসেন বাদল পেয়েছেন ২৫৯৫ ভোট। লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া কেন্দ্রের মোট ভোট ১৭০০। এরমধ্যে ১৪’শ ভোটই কেটে নেন আওয়ামীলীগ প্রার্থী। এই অভিযোগ করে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ খায়ের বলেন আমাকে ঐ কেন্দ্রে দেয়া হয়েছে ২’শ ভোট। এই ইউনিয়নে ৫৮০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ খায়ের। আর নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ মিয়া পান ৪২৫০ ভোট। আড়াইসধা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে ভোট ছাপার মহোৎসব শুরু হয়। ফিরোজ মিয়া মহাবিদ্যালয়,ইকরা একাডেমী,মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাজার চরলালপুর কেন্দ্রে ভোট ছাপা ও প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট গ্রহনের অভিযোগে নির্বাচন বর্জন করেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান মোবারক। তিনি জানান-সকাল ৮ টা ২৫ মিনিট পর্যন্ত ফিরোজ মিয়া মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট সুষ্টু হয়। এই সময়ের মধ্যে তার প্রতীকে পড়ে ১২৫টি ভোট । এরপর সীল মেরে সব ভোট নিয়ে নেয়া হয়। ইকরা একাডেমী কেন্দ্রের ১৮’শ ভোটের মধ্যে মোবারক পেয়েছেন ১৪ ভোট। তিনি বলেন এই ১৪ ভোট দেয়ার সাহসও কারো নাই। তারা নিজেরাই এই ১৪ টি ভোট দিয়েছে । কারন সকালে আমার এক মুরব্বী সমর্থক এই কেন্দ্রটিতে ভোট দিতে গেলে তার কাছ থেকে ব্যালেট কেড়ে নিয়ে ছিড়ে ফেলে দেয়। তাকে কেন্দ্র থেকে বের করে দেয়। এই কেন্দ্রে তারা ওপেন ভোট নিয়েছে। আড়াইসিধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: মমিন তার নিজের ভোট দিতে পারেননাই। তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। তার ভাইকে মারধোর করা হয়েছে। এসব কেন্দ্রের কোন কোনটিতে ব্যালেটে গোল সীল ছিলোনা,স্বাক্ষর ছিলোনা বলে অভিযোগ করেন মোবারক। এই ব্যালেট দিয়েই বাকস ভরা হয়েছে।এসব কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটাররা ব্যালেট পাননি। তাদেরকে চেয়ারম্যান প্রার্থীর ব্যলেট দেয়া হয়নি। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে সন্ত্রাসী এনে প্রশাসনের সহায়তায় ভোট ছাপিয়েছে এ কেন্দ্রগুলোতে। মোবারক বলেন শতকারা ৮০ ভাগ সমর্থক ছিলো আমার। এই পরিস্থিতিতে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়,আমি তাদেরকে কন্ট্রোল করতে পারছিলামনা। পরিস্থিতি সংঘাত-সহিংসতার দিকে যাচ্ছিল। একটা খুন-মার্ডার হয়ে যেতে পারতো। তাই নির্বাচন বর্জন করে আমি অন্ত:ত সংঘাতটা এড়াতে পেরেছি। পরে ফলাফলের আর কোন খোজখবর নেইনি। আমি মানুষের অন্তরের চেয়ারম্যান। তারা আমাকেই চেয়ারম্যান বানাতে চেয়েছিলো। কিন্তু সে এটি কেড়ে নিয়েছে। আমি আল্লাহর কাছে এর বিচার চাই। আল্লাহ-ই এর বিচার করবেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ সেলিম মিয়া ৮৪৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ কামরুল হাসান মোবারক পেয়েছেন আনারস প্রতীকে ২৬৭৬ ভোট।
শরীফপুর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী সাইফ উদ্দিন। তার প্রাপ্ত ভোট ৪৭১০। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী নাজমুল হক(সুমন চৌধুরী) পেয়েছেন ২৫৭৭ ভোট। সুমন জানান-৮ নং ওয়ার্ডের দক্ষিন তারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শতকারা ৯৫ ভাগ ভোট ছিলো আমার। সকাল ১০ টা পর্যন্ত ভোট সুষ্টু ছিলো এই কেন্দ্রে। এরপর দু-দফা ভোট ছাপানো হয়। ভোট ছাপানোর সময় আওয়ামীলীগ প্রার্থীর চাচাতো ভাই দুলাল মিয়া,বিল্লাল মিয়া,আবুল খায়ের ও জুয়েল নামের ৪ জনকে আটক করে পুলিশ। ২ ঘন্টার ভোটে আমি পাই ৪৩৮ ভোট। আর নৌকার প্রার্থী পেয়েছে ৪৬৮ ভোট। সুমন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। ৯ নং ওয়ার্ডের দক্ষিনপাড়া বড়বাড়ি কেন্দ্র এবং ১ নং ওয়ার্ডের টুঙ্গিপাড়া কেন্দ্রে বহিরাগতরা ভোট ছাপিয়েছে বলে তার অভিযোগ। এই দুই কেন্দ্রের তার ভোটার সমর্থক ছিলো শতকারা ৯৫ ভাগ। এছাড়া ৩,৪ ও ৭ নম্বর ওয়ার্ডে তার সমর্থকদের ভোট দিতে দেয়া হয়নি বলে জানান সুমন। তাদের হাত থেকে ব্যালেট কেড়ে নিয়ে নৌকায় সীল মারা হয়েছে। এভাবে তার ইউনিয়নে মোট ২ হাজার ভোট কাটা হয়েছে। সদরের চরচারতলা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জিয়া উদ্দিন খন্দকার (আনারস- ৪১৪২)। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি‘র মোঃ ফাইজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৫৩৫ ভোট। আর তৃতীয় অবস্থানে আওয়ামীলীগ প্রার্থী আয়ুব খান। তিনি পেয়েছেন ২৭৬৫ ভোট। এই ইউনিয়নের সারকারখানা কেন্দ্রে শেষ সময়ে ভোট ছাপাতে গিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীদের গনধোলাইয়ের শিকার হন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিন সিকদার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফসহ আরো কয়েকজন। পুলিশ তাদের পক্ষ নিলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।











