শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রধর্ম নিয়ে শুনানি পেছালো, দেশ অচলের হুমকি ওলামা লীগের

olama-league সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে হাইকোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি রোববার ধার্য থাকলেও তা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে। এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘শুনানির জন্য রোববার দিন ধার্য ছিল, কিন্তু হাইকোর্টের কার্যতালিকায় দেখলাম একদিন পিছিয়ে ২৮ মার্চ শুনানির দিন রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবি জানিয়ে আসছেন ইসলামিক দলসহ বিভিন্ন সংগঠন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে তারা। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়া হলে সারাদেশে বড় ধরনের আন্দোলন গড়ে তোলে দেশ অচল করে দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি দল।
এর আগে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা।
এতে নেতারা বলেন, ইসলাম ধর্ম সংবিধান থেকে বাদ দেয়া হলে পরিণতি ভয়াবহ হবে। পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে ফেনী শহরে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েককটি ইসলামী সংগঠন। একই দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ইসলামী দল।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়া হলে সারাদেশে বড় ধরনের আন্দোলন গড়ে তোলে দেশ অচল করে দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি দল।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন আওয়ামী ওলামা লীগের সভাপতি আখতার হুসাইন বোখারী। রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখাসহ সাত দফা দাবিও জানান তিনি।
আখতার হুসাইন বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এ দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠী মুসলমান। সংখ্যাগরিষ্ট মুসলমানের ধর্ম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম হবে সেটা নতুন করে বলার অপেক্ষাই রাখে না। কারণ পৃথিবীর ৬০টিরও বেশি দেশে সংখ্যাগরিষ্টদের ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না রাখা হলে দেশের বিমান, রেলপথ, সড়কপথ, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করে আইন পাস করেছে। কিন্তু ১৯৭০, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পবিত্র কোরআন শরীফ ও সুন্নাহ বিরোধী আইন সংসদে পাস করা হবে না। কিন্তু সেসব প্রতিশ্রুতি সরকার এখনো বাস্তবায়ন করেনি।’
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এ দেশের মুসলমানদের অংশগ্রহণ বেশি ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোনো অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা নিয়ে এদেশ স্বাধীন হয়নি।
মাববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠানের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।