আজ ভয়াল ২৫ মার্চ
নিউজ ডেস্ক : আজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে বাঙালিদের ওপর এই আক্রমণ চালানো হয় ।
মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সে রাতে সাত হাজার মানুষকে হত্যা করা হয়, গ্রেপ্তার করা হয় আরো তিন হাজার লোককে। ঢাকায় এই ঘটনা ছিল কেবল শুরু। পূর্ব পাকিস্তানজুড়ে পাকিস্তানি সৈন্যরা চালিয়ে যায় হত্যাযজ্ঞ। সেইসঙ্গে তারা জ্বালিয়ে দিতে শুরু করল ঘরবাড়ি, দোকানপাট। লুট আর ধ্বংস তাদের নেশায় পরিণত হলো যেন। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হল। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুন তাড়িত শ্মশান ভূমিতে।’
কোলকাতা থেকে ডোনাল্ড সিম্যান লন্ডনের ‘সানডে এক্সপ্রেসে’ লিখেন, ‘২৫ মার্চের মধ্যরাত থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে ২০ থেকে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।’ একাত্তরের ২৮ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আরো বলা হয়, পূর্ব পাকিস্তানের সর্বত্র এখন বিদ্রোহের আগুন জ্বলছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শেখ মুজিবের মুক্তি বাহিনীর সঙ্গে পাকিস্তানের নিয়মিত বাঙালি সৈন্য, ইস্ট পাকিস্তান রাইফেলস ও পুলিশ বাহিনীর সদস্যরা পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে।
একই তারিখে ব্রিটিশ সাংবাদিক সিডনি এইচ সহনবার্গ ‘সানডে টাইমস’ এ ‘বিগ গানস ব্লাস্ট আনআর্মড বেঙ্গলিজ’ শিরোনামে একটি প্রতিবেদনে লিখেন, পাকিস্তানি সামরিক বাহিনী গুলি ছুড়তে ছুড়তে পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছে। প্রদেশের ৭০ মিলিয়ন জনতার স্বায়ত্ত্বশাসন লাভের সংগ্রাম বন্ধ করার জন্য আর্টিলারি ও মেশিনগান নিয়ে অস্ত্রহীন জনতার ওপর হামলা শুরু করেছে। রিপোর্ট এর প্রায় শেষ অংশে বলা হয়, ট্রাকে করে সামরিক বাহিনীর পাহারায় এয়ার পোর্টের রাস্তা দিয়ে আসার সময় স্বাধীনতা সংগ্রামের কঠিন সমর্থক পথের ধারে বসবাসকারী গরিব বাঙালিদের কুঁড়েঘরগুলোতে সৈন্যদের আগুন জ্বালিয়ে দিতে দেখা গেছে। একজন পাকিস্তানি সৈন্য এয়ারপোর্টে এ সময় গর্ব করে বলেছেন, বহু মানুষ মারা গেছে এবং বাংলাদেশ শেষ হয়ে গেছে।
এর আগে ৩৫ জন বিদেশি সাংবাদিককে বহিষ্কার করা হয়। যার মধ্যে সিডনিও একজন।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাত্তরের মার্চে এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তানি সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল, তাতে বলা হয় : ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত এক লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।’
১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীসহ সব সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।
সেদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছিল। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টার যোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।
ঢাকার ইপিআর সদর দপ্তর পিলখানাতে অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।
এদিন মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত এলাকায় আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টার নিয়ে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।
পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান।
সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
দিবস উপলক্ষে কর্মসূচি
দিবসটি পালন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১ বাংলাদেশের মাটিতে পাকিস্তানি গণহত্যা শুরুর ভয়াল রাত এবং স্বাধীনতার পথে আলোকযাত্রার মুহূর্তকে বিস্তারিত অনুষ্ঠানমালায় স্মরণ করবে।
অনুষ্ঠানটি শুক্রবার রাত ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের ‘শিখা চিরন্তন’ সংলগ্ন বেদীতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শুরু হবে।
দেশাত্মবোধক নাচ, গান ও কবিতা আবৃতির এক ঘণ্টব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাত ১১টা ৪৯ মিনিট পর্যন্ত চলবে। রাত ১২টায় এক মিনিটের নীরবতা ও নিষ্প্রদীপ মহড়া অনুষ্ঠিত হবে। এরপর অন্ধকারের তমসা ভেদ করে স্বাধীনতার আলোর পথে যাত্রা।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাত সাড়ে ১১টায় ‘কালো রাত হোক আলোর পথযাত্রী’ মোমবাতি প্রজ্বালন সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ শিশু একাডেমি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালনের মধ্যদিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে।











