বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সরকার আছে কিনা, প্রশ্ন দেখা দিয়েছে : মির্জা ফখরুল

fakhrulনিজস্ব প্রতিবেদক : ‘প্রথম ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও ১২ জন নিহত হওয়ার পরেও প্রশাসন নীরবতা পালন করায় দেশে সরকার আছে কিনা-এমন প্রশ্ন দেখা দিয়েছে’বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ‘২৩ মার্চ পতাকা দিবস’ উপলক্ষে যুবজাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যেখানেই নির্বাচন হয়েছে, সেখানেই সহিংসতা, নির্যাতন, হত্যা ও নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তুমুল সহিংসতা হয়েছে। এ সহিংসতায় ১২ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন। এসব জায়গায় প্রশাসন ছিল নীরব।

ইউপি নির্বাচনের আগে পৌরসভা, উপজেলা, সিটি করপোরশন নির্বাচনেও একই কায়দায় সরকার দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন,নির্বাচনী এসব সহিংসতায় প্রশাসনের নীরব ভূমিকায় অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসে, দেশে সরকার আছে কিনা ? রাস্তায় পুলিশ ও ভোটের মাঠে প্রশাসন কার পক্ষ নিয়েছে? এসব দেখলে কি মনে হয় সরকার আছে?

তিনি অভিযোগ করেন, সরকার দেশের কাঠামোগুলোকে একে একে ধ্বংস করে দিয়েছে। দেশে এখন রাজনৈতিক কাঠামো ব্যবস্থা নেই বললেই চলে। তাই রাজনৈতিক কাঠামো ব্যবস্থার পরিবর্তন সময়ের দাবি। অনেক ক্ষেত্রে মনে হয়, দেশে বর্গি এসেছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন দিগন্তের সূচনায় ভিশন-২০৩০ ঘোষণা করেছেন’জানিয়ে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সংগ্রাম করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আয়োজক সংগঠনের সভাপতি ফায়জুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।