বাংলাদেশ খুবই বিপজ্জনক দল
স্পোর্টস ডেস্ক : বেঙ্গালুরুতে আজ ভারতের বিপক্ষে বাংলাদেশকে বড় পরীক্ষাই দিতে হবে। আমার খুব খারাপ লাগছে যে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ওরা দুজন বোলারকে হারিয়েছে। এটা যেকোনো দলের পরিকল্পনা এলোমেলো করে দিতে পারে। বাংলাদেশকেও এই ব্যাপারটা ভালো ধাক্কাই দিয়েছে। তবে এরপরও ওদের যেকোনো দলকে চমকে দেওয়ার ক্ষমতা আছে।
আমি বাংলাদেশের উন্নতিটা খুব ভালোভাবে লক্ষ করছি। আমার মনে হয়েছে, পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা আরও ভালো করবে। এই মুহূর্তে ওদের শুধু এটারই অভাব। আরেকটু অভিজ্ঞ হলে, আমি নিশ্চিত, বাংলাদেশ বড় দলগুলোর উচ্চতায় যাবে। তবে একই সঙ্গে এটাও বলে রাখছি, এই টুর্নামেন্টেও আমি ওদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম। ওরা অন্য দলগুলোকে সমস্যায় ফেলছে, কিন্তু সেটার সুযোগ নিতে পারছে না। তবে সব মিলিয়ে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। ভারতের কোনো সুযোগ নেই ওদের হালকাভাবে নেওয়ার।

ভারতের আগের ম্যাচে বিরাট কোহলির ইনিংসটা এখনো আমার চোখে লেগে আছে। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ জেতানো ইনিংসই বলে দিচ্ছে, কেন সে এই সময়ের ক্রিকেটের বরপুত্র। এখন সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছে, সেখানে পৌঁছানো যে কারও জন্যই কঠিন। ক্রিজে তার পদক্ষেপ, তার স্টান্স, ডেলিভারির পর বলের দিকে তার চোখ, সবকিছুই যেন অতুলনীয়। ও ব্যাট করার সময় আসন ছেড়ে এক মুহূর্তের জন্য ওঠাও মুশকিল। মনে হচ্ছিল, ভিভ রিচার্ডস যেন ফিরে এসেছেন অন্য যুগে।
কোহলিকে যতই দেখছি, ততই আমার মনে হচ্ছে, সে আসলে রিচার্ডস, টেন্ডুলকার, লারা, পন্টিংদের চেয়েও এক ধাপ এগিয়ে। হয়তো এই ব্যাপারে তর্ক হতে পারে, তবে ওর প্রতিদ্বন্দ্বিতা জো রুট, কেন উইলিয়ামসনদের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে। সমসাময়িকদের মধ্যে ও-ই এখন সেরা। আমার মনে হয়, সে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাবে।
বিরাট যেভাবে চাপটা সামলায়, সেটাই দারুণ ব্যাপার। স্নায়ুচাপের কোনো চিহ্নও তার মধ্যে নেই। আসলে ড্রেসিংরুম থেকে যে আত্মবিশ্বাসটা নিয়ে নামে, মাঠে সেটাই প্রতিফলিত হয়। একই সঙ্গে দারুণ আঁটসাঁট, আবার ভীষণ ভয়ংকরও হয়ে উঠতে পারে। প্রথম বলেই তাড়াহুড়ো করে খেলতেও ওকে কখনো দেখিনি। ম্যাচের পরিস্থিতিটা সে খুব ভালোভাবে বুঝতে পারে।
ওর কভার ড্রাইভ দেখুন। এখন ওর টাইমিং দেখেই বোঝা যায় সে ফর্মের তুঙ্গে রয়েছে। স্লো বোলারদের সঙ্গে শচীনের ফলো থ্রুটা হতো বেশি। আর দ্রুতগতির বোলারদের সঙ্গে সেটা হয়ে যেত সংক্ষিপ্ত। বিরাট আবার একটু অন্য রকম। ওর মাথা সোজা থাকে, আসল কাজটা করে হাত। কনুই থাকে বোলারদের দিকে ফেরানো। মিড উইকেট দিয়ে ওর ফ্লিকটাও শ্বাসরোধ করার মতো। ভিভিএস লক্ষ্মণ ছাড়া এ রকম ফ্লিক আমি কাউকে করতে দেখিনি।
কোহলির সবচেয়ে দুর্দান্ত ব্যাপার হচ্ছে ক্রিজে ওর উপস্থিতি। এখানে ওর ভঙ্গিটা রাজসিক। ফলে খুব দ্রুত চাপটা বোলারদের দিকে চলে যায়। ও সহজে ডট বল দিতে চায় না, মেডেন দূরে থাক। আমি নিশ্চিত, এই বিশ্বকাপ শেষে সবচেয়ে কম ডট বল খেলা ব্যাটসম্যান সে-ই হবে।











