সরকার নির্বাচন করছে হিংসাশ্রয়ী নীতিতে
নিজস্ব প্রতিবেদক : হিংসাশ্রয়ী নীতি নিয়ে সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলটি বলেছে, নির্বাচনে কী বীভৎসতা, কী পৈশাচিকতা, কী পাশবিকতা, কী ভয়ংকর হিংস্র আক্রমণ! আসলে সরকার হিংসাশ্রয়ী নীতি নিয়ে ইউপি নির্বাচন করছে। আর প্রত্যেকটিতে সিলমহর মারছে নির্বাচন কমিশন। তারা নির্লজ্জভাবে সরকারের এজেন্ডা-মহাপরিকল্পনা-অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করছে।

প্রথম ধাপের ইউপি নির্বাচনের শেষ পর্যায়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।নির্বাচনে যাওয়ার কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, ‘এখনো কিছু মানুষ ও নাগরিক সমাজের কিছু লোক বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না গিয়ে ভুল করেছে। অনেকে আবার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে থাকলে এর একটি আলাদা গুরুত্ব আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই নির্বাচনগুলো করে এসেছি। অথচ নির্বাচনের ভয়াবহ পরিণতি কী, তা আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। আন্দোলনে যখন আমরা মিছিল করি, কথা বলি- তখন আমাদের বিরুদ্ধে গুলি ছোড়া হয়, মিথ্যা মামলা দেয়া হয়। যখন পাশবিক নির্যাতন হয়, তখন কি দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায় দেখে না? এর মধ্য দিয়ে নেতাকর্মী ও মানুষের মধ্যে আরও দ্রোহ ও ক্ষোভের সৃষ্টি হয়। এটিও আন্দোলনেরই অংশ।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা অহিংস অবস্থানে থেকে নির্বাচন করতে চাইছি, ওরা (সরকারি দল ও তাদের ক্যাডার বাহিনী) করতে দিচ্ছে না। ওরা হামলা-আক্রমণ করছে। ওরা মনোনয়নপত্র কেড়ে নিচ্ছে, জমা দেয়ার পরও তা প্রত্যাহারে বাধ্য করছে। প্রতিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারের স্বরূপ-বৈশিষ্ট্য-দানবীয় চরিত্র কী, তা বেরিয়ে আসছে। ইউপি নির্বাচনের মধ্য দিয়ে এটি আরও বেশি উন্মোচিত হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন ও ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।











