ইউপি নির্বাচনে ভোট বর্জনের হিড়িক
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের হিড়িক চলছে। আজ সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ইউপির চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিতে শুরু করেন। কেন্দ্র দখলের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তসলিম তালুকদার ও ধুলিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুল জব্বার ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান মোবারক ভোট বর্জনের ঘোষনা দেন।। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের সূর্যমণি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসীমউদ্দিন ফরাজী ভোট বর্জন করেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী শেখ সাদী হাওলাদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আলম ভোট বর্জন করেন। ব্যালট পেপারে সিল মারা ও কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়ার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. ইকবাল নির্বাচন বর্জন করেন। কারচুপির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে একটি কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এফ এম ইউসুফ ভোট বর্জন করেন। এছাড়া পিরোজপুরে একজন, কক্সবাজারে কুতুবদিয়ায় একজন, ভোট বর্জণ করেন।
ওদিকে আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে রামগতি উপজেলার চরপোড়াগাছা ও চরবাদাম এবং কমলনগরের চরফলকন, হাজিরহাট, পাটওয়ারীহাট ও তোরাবগঞ্জসহ ৬টি ইউনিয়নে বিএনপির ৫ চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্রসহ ৮ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। কেন্দ্র দখল, প্রকাশ্যে জালভোট, প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, ভাংচুর ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এছাড়া আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আজ মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ নির্বাচন বর্জনের ঘোষনা দেন বিএনপি, স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা হলেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মোসলেহ উদ্দিন, চরফলকন ইউনিয়নের আবদুল অদুদ হাওলাদার, হাজিরহাট ইউনিয়নে ফরহাদ হোসেন, পাটওয়ারীহাট ইউনিয়নে জামাল উদ্দিন তালুকদার,রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের এহতেশামুল হক,চরপোড়াগাছা স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সমর্থিত) মো. মহিউদ্দিন। এছাড়া চরপোড়াগাছা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল পাশা ও হাজিরহাট ইউনিয়নে আকতার হোসেন মিলন।











