গেইলকে নামতেই হলো না শ্রীলঙ্কাকে হারাতে!
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ তাড়া করতে নামল, কিন্তু ওপেন করতে ক্রিস গেইল এলেন না! জনসন চার্লসের সঙ্গে এলেন আন্দ্রে ফ্লেচার। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম ততক্ষণে গর্জন তুলেছে, ‘উই ওয়ান্ট গেইল, উই ওয়ান্ট গেইল!’ দর্শকেরা অবশ্য তখনো জানেন না, ফিল্ডিংয়ের সময় চোট পাওয়াতেই গেইল ইনিংস উদ্বোধন করতে নামেননি।
ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নেমে যাওয়ার পর অবশ্য নামতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় যতক্ষণ বাইরে ছিলেন, দলের ব্যাটিংয়ের সময় ঠিক ওই সময়টা মাঠের বাইরে কাটাননি বলে নামতে দেওয়া হয়নি তাঁকে। পরে নামতে পারতেন। কিন্তু সেটিরও আর দরকার হলো না। শ্রীলঙ্কার করা ১২২ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ১০ বল হাতে রেখে ৭ উইকেটে!
৬৪ বলে অপরাজিত ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দ্রে ফ্লেচার। ৫ ছক্কা ও ৬ চারে সাজানো তাঁর ইনিংস, ছক্কাগুলো তো গেইলকেই মনে করিয়ে দিয়েছে।
ব্যাট হাতে নায়ক ফ্লেচার হলেও শুরুতে বল হাতে লঙ্কানদের বড় ধাক্কাটা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার স্যামুয়েল বদ্রি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৫০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী তিনি। ম্যাচের আগেও তাই বদ্রিকে নিয়েই কিছুটা দুশ্চিন্তায় ছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর কথাতেও সেই দুশ্চিন্তার আভাস ছিল, ‘ওকে (বদ্রি) খেলাটাই বড় চ্যালেঞ্জ হবে।’
চ্যালেঞ্জটা কী সেটা জানতেন। তবে বেঙ্গালুরুতে আজ সেই চ্যালেঞ্জে উতরাতে পারলেন না ম্যাথুসরা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বদ্রিই তো সবচেয়ে ভোগালেন লঙ্কানদের। টি-টোয়েন্টিতে বদ্রির এটি দ্বিতীয় সেরা সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কার স্কোরটাও তাই শেষ পর্যন্ত খুব একটা যুতসই হলো না।
ওদিকে ইতিহাসকেও নিজেদের পক্ষে পাচ্ছে না লঙ্কানরা। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচই হয়েছে। যেখানে আগে ব্যাট করে ১৩৩ রান করেও পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ভারত।
চতুর্থ ওভারেই ক্রেইগ ব্রাফেটের বলে এলবিডব্লু হয়ে তিলকারত্নে দিলশান ফিরে গেলেন। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জয়ের নায়ককে হারানোর ধাক্কা সামলে উঠার আগেই জনসন চার্লসের অসাধারণ ফিল্ডিংয়ে দিনেশ রামদিনও রান আউট। বদ্রি-ঝলকের শুরু হলো এরপর। প্রথম দুই ওভারে ৮ রান দিয়েছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলেই লাহিরু থিরিমান্নেকে আন্দ্রে ফ্লেচারের ক্যাচ বানালেন। ওই ওভারে রানও দিলেন মাত্র ২। চতুর্থ ওভারে এসে আবার প্রথম বলেই চামারা কাপুগেদারাকে তুলে নিলেন, চতুর্থ বলে মিলিন্ডা সিরিবর্ধনেকেও। শ্রীলঙ্কা ততক্ষণে ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আছে। এই ধসের পরেও যে লঙ্কানদের রানটা শেষ পর্যন্ত ১০০ পেরিয়েছে তার কৃতিত্ব ষষ্ঠ উইকেটে অধিনায়ক ম্যাথুস আর থিসারা পেরেরার মধ্যে ৪৫ বলে ৪৪ রানের জুটিটার।
৩২ বলে ২০ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ম্যাথুস ফিরে গেলেও অন্যপ্রান্তে পেরেরা মোটামুটি হাত খুলে খেলে গেছেন। ২০তম ওভারের পঞ্চম বলে এসে আউট হয়েছেন ২৯ বলে ৪০ রান করে।
উইকেট না পেলেও শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়েছেন অন্য ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার সুলিমান বেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন বা হাঁতি এই স্পিনার।











