৮৬ পাউন্ডের কেক,৮৬-তে এরশাদ
নিজস্ব প্রতিবেদক : শনিবার রাত ১২টা ১ মিনিটে ৮৬ বছরে পা রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের ৮৬তম জন্মদিন পালিত হবে জাকজমকভাবেই। এ উপলক্ষে ইতিমধ্যে ৮৬ পাউন্ডের কেকের অর্ডার দেওয়া হয়েছে। দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এ আয়োজনের উদ্যোক্তা।

রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বেশ ঘটা করেই পার্টির চেয়ারম্যানের জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছেন এ বি এম রুহুল আমীন হাওলাদার। মহাসচিবের পক্ষ থেকে ওইদিন সন্ধ্যায় ওয়েস্টিনে ডিনারের আয়োজন করা হয়েছে। পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে এইচ এম এরশাদ জন্মদিনের কেক কাটবেন।
জানা গেছে, জন্মদিন উপলক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ রাত ১২টা ১ মিনিটে ৪০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের অনুষ্ঠান করবেন। তার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করছে জাতীয় যুব সংহতি।
তা ছাড়া পার্টির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ২০ পাউন্ডের কেক কাটবেন এরশাদ। মহানগর দক্ষিণের সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সেক্রেটারি জহিরুল আলম রুবেলের নেতৃত্বে মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা প্রাক্তন রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
রাজধানী গুলশানের ইমানুয়েলস কনভেশন সেন্টারে সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহম্মদ বাবুলের নেতৃত্বে মহানগর উত্তরের নেতা-কর্মীরা এরশাদকে শুভেচ্ছা জানাবেন। কেক কাটার মধ্য দিয়ে এরশাদ মহানগর উত্তরের অনুষ্ঠান শুরু করবেন। এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম ও অনন্যা হোসেন মৌসুমীর নেতৃত্বে জাতীয় মহিলা পার্টিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনও কেক কেটে এরশাদের জন্মদিন পালন করবে।
এইচ এম এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭৫ সালের ২৪ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। পরবর্তী সময় তিনি সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হন। পরে গঠন করেন জাতীয় পার্টি।











