প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে: খালেদা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ষষ্ঠ জাতীয় সম্মেলনে ‘ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনার খসড়া তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই পরিকল্পনায় তিনি প্রধানমন্ত্রী পদে ক্ষমতার ভারসাম্য আনা ও দুই কক্ষবিশিষ্ট সংসদ করবেন বলে উল্লেখ করেছেন।আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কাউন্সিলের সভাপতি হিসেবে খালেদা জিয়া এ বক্তব্য দেন। তিনি বলেন, তাঁদের এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। মাথাপিছু আয় হবে ৫ হাজার ডলার। প্রবৃদ্ধি হবে দুই অঙ্কে।
নেতৃত্বে নয়, রাজনীতিতে পরিবর্তন আসবে?খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে। এই অবস্থার অবসানকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে।’
সংসদ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংসদের উচ্চকক্ষে জায়গা দেওয়া হবে। সব স্তরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে।বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন খালেদা জিয়া। ছয় বছর পর এই সম্মেলন হচ্ছে।খালেদা জিয়া বলেন, বিএনপির ভিশন ২০৩০ এর কর্মপরিকল্পনা এখন খসড়া পর্যায়ে। চূড়ান্ত হলে এর বিস্তৃত রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে। এর আলোকে ভবিষ্যতে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে তিনি জানান।
প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির বিপরীতে বিএনপি নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, এ জন্য নতুন ধরনের সমঝোতা চুক্তিতে উপনীত হতে বিএনপি উদ্যোগ নেবে।
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়াকাউন্সিলে বক্তব্যের শুরুতে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানসহ সব নেতাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’—স্লোগান নিয়ে এবারের সম্মেলন হচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলররা ও সোহরাওয়ার্দী উদ্যানে ডেলিগেটরা বসেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢোকার সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। নেতা-কর্মীদের ভিড়ে ওই এলাকার রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।











