ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস ৫ দিনেও চালু হয়নি
নিজস্ব প্রতিবেদক : ফেরিঘাটের পল্টুনের পাইলিং ভেঙে যাওয়ায় ভোলা- লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিস পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। গত রোববার বিকেল থেকে বন্ধ হয়ে গেছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, ময়মনসিংসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল।

পাঁচ দিন ধরে ফেরিঘাটের দুই পাড়ে মালবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে আছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। যানবাহনে থাকা কোটি কোটি টাকার কাঁচা মাল পচে যাচ্ছে। নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য।
বৃহস্পতিবার সকালে ভোলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ইলিশা ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার জংশন বাজারের ইলিশা মডেল কলেজের সামনে অন্তত ৫০টি মালবাহী ট্রাক আটকে পড়ে রয়েছে। রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে এসব মালবাহী ট্রাক। সেখানে কথা হয় বেশ কয়েকজন ট্রাক চালক ও হেলপারের সঙ্গে। তারা শোনালেন তাদের চরম দুর্ভোগের কথা।
যশোরের ট্রাক চালক জসিম জানান, তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থেকে প্রায় দশ লাখ টাকার শুটকি মাছ নিয়ে গত মঙ্গলবার ইলিশা ফেরিঘাটে এসেছেন। যাবেন চট্টগ্রামে। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় তিনি তার গন্তব্যস্থানে যেতে পারছেন না। কবে নাগাদ যেতে পারবেন তাও বলতে পারছেন না তিনি।
জসিম বলেন, ট্রাকের নীচে থাকা শুটকি মাছ পোকা ধরেছে। পোকা ধরা শুটকি নিয়ে গেলে ভাড়া ঠিক মত পাবেন কিনা তা নিয়েও শঙ্কিত এ ট্রাক চালক।প্রায় ১২ লাখ টাকার সরিষা বোঝাই ট্রাক নিয়ে গত শুক্রবার ভোলার লালমোহন থেকে ইলিশা ফেরিঘাটে এসেছেন নোয়াখালীর বেগমগঞ্জের ট্রাক চালক কালাম হোসেন। ফেরি চলাচল বন্ধ থাকায় তিনিও চিন্তিত রয়েছেন তার এ সরিষা নিয়ে। বৃষ্টি হলে সরিষা ভিজে নষ্ট হয়ে যাবে বলেও তিনি আশঙ্কা করছেন।
ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে দেখা গেছে বস্তাভর্তি আলুর স্তূপ। ওই আলুর মালিক ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঘারহাওলা গ্রামের কৃষক আদিল হোসেন জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন আলু হিমাগারে পাঠানোর ব্যবস্থা করেছেন। তাই বস্তাবর্তি আলু রাস্তায় রেখেছেন। ফেরি বন্ধ হওয়ায় এখন তার গলায় ফাঁস পড়েছে। ফেরি বন্ধের কারণে এ বছর তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ কৃষক।
এ ব্যাপারে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিসের ব্যবস্থাপক আবু আলম জানান, মেঘনার তীব্র স্রোতের কারণে ভোলা সদরের ইলিশা ফেরিঘাটের পল্টুনের প্রান্তভাগে পাইলিং ভেঙে গেছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পগেছে ফেরি চলাচল। হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এ রুটটি। তাই বিআইডব্লিউটিএ ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটটি রোববার বিকেল থেকে অচল ঘোষণা করেছেন। সোমবার সকাল থেকে এ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির ও ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা ভোলা ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেছেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকেই ইলিশা ফেরিঘাটের মেরামত কাজ শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৫-৬ দিনের মধ্যে কাজ শেষ হলেই দ্রুত ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হবে।তিনি বলেন, ভোলার মেঘনা ভাঙন রক্ষায় ৩শ’ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। এর মধ্যে ১০০ কোটি টাকার কাজ খুব দ্রুত শুরু করা হবে। মেঘনার তীব্র ভাঙনের মুখে এর আগে এ রুটটি অন্তত ৫ বার স্থানান্তর করা হয়েছিল।











