প্রশাসনের শীর্ষ পদে অভিযুক্ত হয়েও !
নিজস্ব প্রতিবেদক : অনিয়ম ও অদক্ষতার জন্য অভিযুক্ত হয়েও প্রশাসনের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব।এরা হলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় ও ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের সদস্য জিল্লার রহমান।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক আদেশে এই দুজনসহ ছয়জন পদস্থ কর্মকর্তাকে নিয়োগ ও বদলি করা হয়। এ ক্ষেত্রে কিছু প্রশ্ন ও বিতর্ক সম্পর্কে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, কর্মকর্তাদের যোগ্যতা, দক্ষতা বিবেচনা করে এসব নিয়োগ-বদলি হয়েছে।সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অদক্ষতার জন্য অভিযুক্ত হন প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়।
বিভিন্ন গণমাধ্যমে তাঁর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্তও শুরু করে মন্ত্রণালয়। এসব তদন্তের কোনো সুরাহাও হয়নি। অথচ ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পেরই নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে তাঁকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
তিনি মন্ত্রণালয়ের একাধিক সভায় প্রশান্ত কুমারকে ভর্ৎসনা করেন। খন্দকার মোশাররফের মন্ত্রণালয়ের একটি বিভাগের সচিবের দায়িত্ব পেলেন ওই কর্মকর্তা।প্রকল্প পরিচালক প্রশান্ত কুমারের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেননি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার। মন্ত্রণালয়ের সচিব হিসেবে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় কাদের সরকারের বিরুদ্ধে সমালোচনা ছিল।
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গেও কাদেরের বনিবনা হচ্ছিল না বলে মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে কাদের সরকারের পদেই প্রশান্ত কুমারকে নিয়োগ দেওয়া হয়েছে। আর কাদের সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ বছরের ডিসেম্বরেই তিনি অবসর-উত্তর ছুটিতে যাবেন।
গতকালের আরেক আদেশে ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের সদস্য করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক তিন প্রশাসকের সময় প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।মন্ত্রণালয় এই তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে ওই কমিটি। এঁদের একজন হলেন জিল্লার রহমান। অর্থের সংস্থান ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণ, দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে লেখা চিঠিতে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগগুলো যথার্থ ছিল না।গতকাল বিমানসচিব খোরশেদ আলম চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ত্রুটির কারণ দেখিয়ে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে নানামুখী আলোচনার মধ্যে বিমানসচিবকে সরিয়ে দেওয়া হলো। তিনি এ বছরেই অবসর-উত্তর ছুটিতে যাবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য এস এম গোলাম ফারুককে। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সরিয়ে দেওয়া হয়। গত রোববার চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে বেবিচকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।
এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের সচিব মঈনুদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহকে সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সচিব করা হয়। গত প্রায় এক সপ্তাহ ওই মন্ত্রণালয়ের সচিবের পদটি শূন্য ছিল।











