পাকিস্তানের ম্যাচেই খেলছেন মুস্তাফিজ!
স্পোর্টস ডেস্ক : টি ২০ বিশ্বকাপে সুপার টেনে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টায়, কলকাতার ইডেন গার্ডেনে হবে এই ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে বা-হাঁতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এমনই আভাস দিয়েছেন।
তিনি বলেন, ‘দলের সঙ্গে থাকলেও এখন পর্যন্ত খেলা হয়নি মুস্তাফিজের। ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলছে। বর্তমানে অবস্থা অনেক ভালো। আশা করছি, পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল বুধবার সে খেলতে পারবে।’
সুজন বলেন, ‘মঙ্গলবার নেট প্র্যাকটিস করবে বাংলাদেশ ক্রিকেট দল। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে মুস্তাফিজুরের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
অবশ্য অধিনায়ক মাশরাফি মুর্তজা মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন। তিনি বলেছেন, ‘মুস্তাফিজ অল্প অল্প বোলিং শুরু করেছে, এটা ঠিক। তবে পাকিস্তানের বিপক্ষেই সে খেলবে কি না এখনও নিশ্চিত নই।’
মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ কবে মাঠে ফিরতে পারবে, সেটা পুরোপুরি নির্ভর করছে তার ব্যথার ওপর। কোচ-ফিজিওর সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মুস্তাফিজ নিজেই নেবে।’
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তার মানের বোলারকে দলে কে না পেতে চায়? সে-ই আমাদের সেরা বোলার। সুপার টেনের প্রত্যেক ম্যাচে আমি অবশ্যই তাকে খেলাতে চাই। তবে পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত আমি তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারি না।’
জানা গেছে, ব্যথা সহনীয় পর্যায়ে থাকলে ব্যথানাশক ইনজেকশন নিয়ে হলেও কাটার মাস্টার মুস্তাফিজ মাঠে নামতে পারেন। পাকিস্তানকে সর্বশেষ এশিয়া কাপে হারিয়েছে বাংলাদেশ। এজন্য তাদের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ সুপার টেন শুরু শুরু করতে চায়।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দল কলকাতায় এসেছে। তবে দলের সঙ্গে আরেক পেসার তাসকিন আহমেদ আসেননি। তিনি চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গেছেন।
এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন জানান, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যেতে হয়েছে তাসকিনকে। এ কারণে দলের সঙ্গে কলকাতায় আসতে পারেননি তিনি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাসকিন চেন্নাই থেকে বিমানে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন।
তবে বাংলাদেশের জন্য সুখবর হল এরই মধ্যেই বাঁ-হতি স্পিনার আরাফাত সানি চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশ দলের সঙ্গে কলকাতায় এসেছেন।
এ বিষয়ে সুজন বলেন, সানির পর তাসকিনের বোলিং অ্যাকশনের প্রতিবেদনও ইতিবাচক হবে।
অন্যদিকে, বুধবার বাংলাদেশের সঙ্গে ম্যাচে এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছেন পাকিস্তানের পেস বোলার মহম্মদ সামি। প্রাকটিসের সময় চোট পান তিনি।











