শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু

airport_1-jugantor_6853নিউজ ডেস্ক : বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে ৯২ কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত। জনবল বাড়ানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সরিয়ে দেয়া হয়েছে। কাল (মঙ্গলবার) বিমানের পরিচালনা পর্ষদের সভায় কার্গো, কাস্টমার সার্ভিস (ট্রাফিক) ও বিএফসিসিতে জনবল নিয়োগের সিদ্ধান্ত হবে। ৩১ মার্চের মধ্যে কাজগুলো শুরু করার পরামর্শ দিয়েছিল।

যুক্তরাজ্যের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে আছেন!- পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিমান সচিব, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকে এই কমিটি গঠন করা হয়। এ বৈঠকে যুক্তরাজ্যের পরামর্শ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চিঠির জবাব চূড়ান্ত করার কাজ চলছে। এ চিঠিতে বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে সিভিল এভিয়েশন ও বিমানের সর্বশেষ অবস্থান তুলে ধরে হবে। এছাড়া বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের পরামর্শগুলোকে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং কয়েক ধাপে এগুলো বাস্তবায়ন করা হবে এসব বিষয় ওই চিঠিতে উল্লেখ করা হবে। এদিকে যুক্তরাজ্য থেকে আসা এসিসি-৩ দুই সদস্যের প্রতিনিধি দল রোববার থেকে ঢাকায় কাজ শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত তারা কাজ করবেন। ৩১ মার্চের পর কার্গো পরিবহন সংক্রান্ত যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তার প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে বাংলাদেশ বিমান বিশ্বব্যাপী কার্গো পরিবহন ও হ্যান্ডলিং করতে পারবে কিনা তাও নির্ভর করছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রোববার বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তায় যুক্তরাজ্য আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দিয়েছে। এসব পরিকল্পনা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছি। এতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের উপস্থিতিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করেছি। যুক্তরাজ্যের চাহিদা মোতাবেক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।’ তাদের বেঁধে দেয়া সময় ৩১ মার্চের মধ্যেই কাজ শুরু হয়েছে। ডেভিড ক্যামেরনের চিঠির জবাব তৈরির কাজ চলছে বলে তিনি জানান।

৩১ মার্চের মধ্যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু না হলে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ চিঠির জবাব দেবেন।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। মঙ্গলবার যুক্তরাজ্যও ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাজ্যের পরামর্শ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের উদ্বেগের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সরিয়ে দেয়া হয়েছে। ওই পদে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে। এছাড়া বেবিচকে আরও কিছু গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আনা হচ্ছে বলে তিনি জানান।

মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, স্বল্পমেয়াদে বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য বাংলাদেশের কাছে ৪টি শর্ত দিয়েছে। ইতিমধ্যে ৪টি শর্তই পূরণ করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মানের স্ক্যানার ও ক্লোজ সার্কিট ক্যামেরা ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের জন্য শিগগরিই টেন্ডার আহ্বান করা হবে।

এসিসি-৩ টিমের কার্যক্রম : এদিকে রোববার যুক্তরাজ্য থেকে আসা এসিসি-৩ অডিটর ডিনেস ও সুলেভান দিনভর বিমানের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সকাল ৯টায় তিনি সরাসরি বিমানের কার্গো কমপ্লেক্সে আসেন। এ সময় বিমানের কার্গো শাখার জেনারেল ম্যানেজার আলী আহসান বাবু, জেনারেল ম্যানেজার সিকিউরিটি মমিনুল ইসলাম, সিভিল এভিয়েশনের মেম্বার অপারেশন এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান, উইং কমান্ডার শহীদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার হোসেন, সিকিউরিটি বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

প্রথম দিনে দলটি কার্গো শাখা ও কার্গো শাখা সংক্রান্ত সিভিল এভিয়েশনের সব ধরনের কার্যক্রমের ম্যানুয়াল, বিধিমালা, গঠনতন্ত্রগুলো দেখে। এর মধ্যে অন্যতম ছিল কার্গো শাখার জনবল কাঠামো। অর্গানোগ্রাম অনুযায়ী জনবলের সংখ্যা, কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম, বায়োডাটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। এছাড়া কার্গো শাখায় কর্মরত নিরাপত্তা বিভাগের জনবল, তাদের প্রশিক্ষণ সংক্রান্ত কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, মনিটরদের কার্যক্রম, মনিটরিং সিস্টেম পরীক্ষা করে দেখে। একপর্যায়ে তারা কার্গো কমপ্লেক্সের প্রবেশ গেটে যায়। কিভাবে ওই গেট দিয়ে মানুষজন আসা-যাওয়া করছে, কিভাবে মালামাল স্ক্যানিং করা হচ্ছে। গাড়ি প্রবেশের সময় কিভাবে তল্লাশি করা হয় তা পর্যবেক্ষণ করে। ম্যানুয়াল অনুযায়ী প্রবেশ গেটে কত জনবল আছে, তাদের কার্যক্রম কি ছিল, সে অনুযায়ী করছে কিনা তা পর্যবেক্ষণ করে। দুপুরের পর তারা কার্গো পণ্য রাখার হাউসে (কার্গো ওয়্যার হাউস) যায়। সেখানে কিভাবে মালামাল রাখা হয়, কিভাবে ওই মালামাল স্ক্যানিং করা হয় তা পর্যবেক্ষণ করে।

সুলেভান কার্গো ওয়্যার হাউসের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড পরীক্ষা করে দেখেন। ওই আইডি কার্ড কার্ড মেশিন দিয়ে সঠিক আছে কিনা সেটাও পর্যবেক্ষণ করে দেখেছেন। আজ ও কাল এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর বিমানের এসিসি-৩ ও আরই-৩ সনদ নবায়ন হবে কিনা এনিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ অডিটর সুলেভানের রিপোর্টের পরই যুক্তরাজ্য বিমানের সরাসরি কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কি করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।