বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্যাতিতরা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসছে

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে নির্যাতিতরাই দলের গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি একথা জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারাবন্দী দিবস উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

 

গয়েশ্বর বলেন, ‘নেতৃত্ব নির্বাচনে অতীতে ভুল করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এখনো করবেন না।
তিনি বলেন, ‘বিএনপির বিগত দিনের কর্মসূচিতে যারা সরকারের নির্যাতন স্বীকার করেও কর্মসূচি বাস্তবায়নে মুখ্য ভুমিকা পালন করেছেন, তারাই এ কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে আসবেন।’নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা নিষ্ক্রিয় ও পলাতক ছিল, সেসব চাটুকারেরা নিজেদের অবস্থান ধরে রাখতে বেশি সক্রিয়। এরা কখনো দলের বন্ধু হতে পারে না। এরা দলের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। এদের বিরুদ্ধে ‘হাই-অ্যান্টিবায়োটিক’ দিতে হবে।

51580_124_96048_116370

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘কাউন্সিল নেতা বানানোর জায়গা নয়, বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতির আকাঙ্খাকে বাস্তবায়ন করার মঞ্চ। বিএনপির আসন্ন কাউন্সিলের মধ্যদিয়ে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’আন্দোলন-সংগ্রামে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলেও কাউন্সিলকে সামনে রেখে ব্যর্থরা এখন চেহারা দেখাতে ধরনা দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।

‘নেত্রীর সামনে এখন যারা প্রতিদিন চেহারা দেখাচ্ছেন, ধরনা দিচ্ছেন বিগত আন্দোলন-সংগ্রামে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। যারা দলের জন্য নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করেন, তারা নেতাদের সামনে গিয়ে চেহারা দেখানো ও ধরণা দেখানোর সময় পান না,’ বলেন তিনি।

তারেক রহমানকে দলের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। তারেক রহমানের বাংলাদেশে আসার পরিবেশ নেই। তারপর তারেক রহমানকে দলের পক্ষ থেকে তাকে একটি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হোক। যেটি তিনি পালন করবেন। তাতে দলের নেতা-কর্মীরা আরো উৎসাহিত হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দফতর সহ-সম্পাদক আব্দুল লতিফ জনি, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।