এশিয়া কাপ ফাইনাল ১৫ ওভারে (সরাসরি)
ক্রিকইনফো জানিয়েছে, এশিয়া কাপ ফাইনাল খেলা রাত সাড়ে নয়টা শুরু হচ্ছে আর এ খেলা হবে সীমিত ১৫ ওভার করে মোট ৩০ ওভার।
এর আগে কালবৈশাখী ও প্রবল বর্ষণের পর নির্ধারিত সময়ে এশিয়া কাপ ফাইনাল শুরু হতে না পারলেও প্রাণান্ত চেষ্টা চলছে যাতে মাঠে বল গড়ায়। সন্ধ্যার দিকে কালবৈশাখীর দমকা হাওয়া ও বর্ষণে মাঠ ভিজে যায়। দর্শকরা ততক্ষণে কাকভেজা হয়ে ওঠেন। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে শের-ই-বাংলা স্টেডিয়াম। তবুও কর্তৃপক্ষএশিয়া কাপের ফাইনাল ম্যাচ যাতে ঘন্টা দেড়েকের মধ্যে শুরু হয় সে জন্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কপাল খারাপ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে । পিচ এখনো ঢাকা রয়েছে। আর পানি শোষণ যন্ত্র ঘুরপাক খাচ্ছে আউটফিল্ডে। বিদ্যুত বিভাগ সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগ করতে।
বৃষ্টি থেমে গেলে ওভার কাট পদ্ধতিতে খেলা শুরু হবার সম্ভাবনা রয়েছে। অন্তত ৫ ওভার খেলা হলেও এশিয়া কাপ ফাইনালে ভারত বাংলাদেশের লড়াই দেখতে পারবে দর্শক। কুড়ি ওভারের খেলা দেখে দর্শকদের তখন দুধের স্বাদ মেটাতে হবে ঘোলে।
বৃষ্টিতে ভিজে গেলেও দর্শক ঘরমুখী হচ্ছেন না। আশায় প্রহর গুনছেন এই বুঝি খেলা শুরু হবে। আর আয়োজকরা গলদঘর্ম হচ্ছেন ফাইনাল খেলা শুরু করার জন্যে।
রোববার সন্ধ্যার পর পরই মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রচ- ঝড়-বৃষ্টির কবলে পড়ে। মাঠের বিভিন্ন অংশ পানি জমে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশ-ভারত ফাইনাল নিয়ে রাত জাগা ক্রিকেটপ্রেমীদের এখন সবচেয়ে বড় শত্রু হয়ে থাকতে পারে ঝড়বৃষ্টি। কিন্তু প্রকৃতির কাছে মানুষ অসহায় চিরটাকাল। সন্ধ্যা থেকেই কালো মেঘ ছিল স্টেডিয়ামের আকাশে। গুঁড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচ- ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে তখন পিচের উপর আবরণ রাখাই দায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো।
প্রচ- ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাডলাইটের আলোও পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
সন্ধ্যা সাতটায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। আদৌ তা হবে কি না এখনো বলা মুস্কিল। তবে খেলা শুরু করার জন্যে আয়োজকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মাঠকর্মীরা পানি সরানোর জন্য এরই মধ্যে কাজে নেমে পড়েছেন। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো বলে দেরিতে হলেও খেলা শুরুর আশা আছে।
এদিকে ফাইনালের কোনো ‘রিজার্ভ ডে’ নেই। তাই শেষ পর্যন্ত খেলা না হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বাংলাদেশ জিতলেই তৈরি হবে ইতিহাস। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ। তবে তার চেয়েও বড় হল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য রসদ পেয়ে যাবে মাশরাফি বিন মুর্তজার দল। এমন আশা কি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে হতাশায় পরিণত হবে।











