বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জার্সি গায়ে জড়াল ‘প্লাস্টিক মেসি’

f87f82c31ad85b06310c393664598be6-Plastic-Messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। বার্সেলোনার খেলা নিয়ে মেসি ব্যস্ত, পাঁচ বছরের মুর্তাজা আহমাদির সেই স্বপ্নটা তাই পূরণ হয়নি। তবে আর্জেন্টাইন অধিনায়কের ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে আফগান খুদে এই ভক্তের কাছে। মেসির একটা নয়, দু-দুটি জার্সি পেয়েছে মুর্তাজা—একটি আর্জেন্টিনার, অন্যটি বার্সেলোনার। সঙ্গে ‘বোনাস’ হিসেবে ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের অটোগ্রাফ আর ভালোবাসা মাখা একটা বার্তা। ছিল একটা ফুটবলও।

এক মাস আগে টুইটারে একটি ছবি দিয়েই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে নাড়া দিয়ে গিয়েছিল আফগানিস্তানের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মুর্তাজা। একটা নীল-সাদা ডোরাকাটা পলিথিনের ব্যাগ গায়ে জড়ানো, তার ওপর কালি দিয়ে লেখা ‘মেসি’। আর নিচে জার্সির নম্বরটাও দেওয়া—১০।

আর্জেন্টিনার জার্সির আদলে পলিথিন কেটে বানানো এই প্লাস্টিক জার্সির ছবি দিয়েই ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছিল সে সময় নাম অজানা ছোট্ট শিশুটি। ছবিটি যেন কথা বলছিল, কীভাবে অভাবের মধ্যেও সবচেয়ে সুন্দর খেলাটি একটি শিশুর শৈশবকে রাঙিয়ে দিচ্ছে। হোক না অভাব, হোক না যুদ্ধের প্রভাব, তবু তো ফুটবল শিশুটির প্রায় সব আনন্দ কেড়ে নেওয়া শৈশবে অল্প হলেও আনন্দ জোগাচ্ছে।

ছবিটি নাড়া দিয়ে গিয়েছিল মেসিকেও। বার্সেলোনা ফরোয়ার্ড নিজেও চাইছিলেন, ছোট্ট শিশুটির কাছে নিজের ভালোবাসা পৌঁছে দিতে। তাঁর নিজের দাতব্য সংগঠন ‘লিও মেসি ফাউন্ডেশনে’র মাধ্যমে শিশুটির খোঁজ নেন। শিশুটিকে বার্সেলোনায় নিয়ে আসার চেষ্টাও করেন। সেটি সম্ভব হয়নি। তবে ভালোবাসা উড়ে যেতে তো আর ভিসা-পাসপোর্ট-বিমান ভাড়া লাগে না। মেসির ভালোবাসা উড়ে গেল ঠিকই। আর সকল প্রচেষ্টা পূর্ণতা পেল মেসির জার্সি গায়ে মুর্তাজার হাসিমুখে উড়ন্ত পোজের ছবিটিতে।

আফগান শিশুটির হাতে জার্সি ও ফুটবল তুলে দিয়ে ইউনিসেফ আফগানিস্তান টুইট করেছে, ‘মুর্তাজার চাওয়া পূর্ণতা পেল। নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি ও ফুটবল দিয়ে লিও মেসি ওর স্বপ্ন সত্যি করতে সাহায্য করেছেন।’

মুর্তাজা নিজে কতটা খুশি সেটি তো আর বুঝে নিতে কষ্ট হয় না। শৈশবের সারল্য ভরা কণ্ঠে জানাল, ‘আমি মেসিকে ভালোবাসি। আর আমার শার্ট বলছে, মেসিও আমাকে ভালোবাসে।’ মার্কা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান