ইউনিয়ন পরিষদ নির্বাচন : উজ্জীবিত আওয়ামীলীগ, সময়ের অপেক্ষায় বিএনপি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : প্রথম বার দলীয় পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আখাউড়ায় ক্ষমতাসীন দল আওয়ামীগ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফরম গ্রহণ করেছে। উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও বিএনপি’র মধ্যে এখন পর্যন্ত কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তারা অনেকটাই ধীরে চলার নীতি অবলম্বন করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বিগত নির্বাচনে ৩টি তে বিএনপি, ১টি আওয়ামীলীগ ও ১টি জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এবার ৫টিতেই দলীয় প্রার্থীদের বিজয়ী করতে চায়। এজন্য তারা আগে ভাগেই মাঠে নেমেছে। নির্বাচন কমিশনের প্রথম দফা ঘোষিত তফসিলে আখাউড়া উপজেলায় ইউপি নির্বাচন না হলেও দ্বিতীয় দফাকে টার্গেট করে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী দেয়ার কাজ শুরু করেছে। ১২ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিক্রি ও জমা নেয়া। প্রতিটি ফরমের মূল্য ধরা হয় ১০ হাজার টাকা। চেয়ারম্যান পদে ৪৩জন আবেদন ফরম জমা দিয়েছেন। ফরম জমা দেওয়ার শেষ দিন ২০ ফেব্রুয়ারী ঢাক ঢুল বাজিয়ে নিজ নিজ সমর্থদের নিয়ে আবেদন ফরম জমা দেন প্রার্থীরা। ৩ থেকে সর্বোচ্চ ১২ জন একটি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন।
অপর দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার ব্যাপারে এখনও কার্যক্রম শুরু করেনি বিএনপি। ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীদের হিড়িক পরলেও ৫টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যাও খুবই কম। তবে এরজন্য ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মামলা-হামলা ও বিএনপির দক্ষ নেতৃত্বের অভাবকেই দায়ী করছেন তৃনমূলের নেতাকর্মীরা।
বিএনপির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, বিগত আখাউড়া পৌরসভা নির্বাচনের সময় বিএনপির অকেন নেতাকর্মীর বাড়িতে পুলিশ হানা দেয়। ৪ জন নেতাকে বিনা কারনে আটক জেলে পাঠায়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাদেমকে মারধর করে গুরুতর আহত করে পুলিশ। এসব কারনে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়া দলে সাহসী ও দক্ষ নেতৃত্বের অভাবে সাংগঠনিক দূর্বলতার কথাও জানান তারা।
বিএনপি নেতা ইয়ার হোসেন বলেন, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদলের সভাপতি ও পৌর ছাত্রদলের সভাপতিসহ বেশ কিছু নেতা ব্যবসায়িক ও পারিবারিক কাজে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় থাকেন। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে এলাকায় আসেন। এসব কারনে বিএনপির নেতাকর্মীরা নিরুৎসাহিত হচ্ছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন বলেন, অচিরেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যার্শীদের মাঝে আবেদন ফরম চাওয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল বলেন, প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।











