বাংলাদেশে ‘আইএস’র কোনো অস্তিত্ব নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ‘আইএস’র কোনো অস্তিত্ব নেই। স্থানীয়ভাবে উদ্ভূত কতিপয় সংগঠন ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকলেও এদেশে ‘আইএস’র কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ সরকার কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। যে কোনো জঙ্গিবাদকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় আমরা বদ্ধপরিকর।বুধবার বিকেলে জাতীয় সংসদে নবম অধিবেশনে নাটোর-২ এর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলাসহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার সকল প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।’‘এছাড়া জাতীয় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে আমাদের সরকার’, বললেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সকল প্রকার নাশকতা, ধ্বাংসাত্মক কার্যকলাপ ও সহিংসতা প্রতিরোধ করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে সম্পৃক্ত করে সারাদেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।’ডিপ্লোমেটিক এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ চলমান টহল আরো নিবিড় ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
বাংলামেইল২৪ডটকম











