মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : মোট ১৭ মামলা
ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে করা মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মামলাটিসহ আজ মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১৫ জেলায় মোট ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় মানহানির অভিযোগ এবং একটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
আজ বরিশাল ও কুমিল্লায় দুটি করে মামলা হয়েছে। অন্য মামলাগুলো হয়েছে পাবনা, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, লালমনিরহাট, শেরপুর, ঝালকাঠি, বাগেরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মেহেরপুরে।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল সোমবার ১৭ জেলায় বিচারিক হাকিম আদালতে ১৭টি মামলা হয়। এর আগে গত রোববার বিভিন্ন স্থানে ১৩টি এবং তারও আগে পাঁচটি মামলা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫২টি মামলা হলো।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে করা বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক তাঁর পত্রিকায় মিথ্যা, বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এক দিন পর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ‘ডেইলি স্টার’ বন্ধ করা এবং মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।
মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা ও আইনজীবীরা। এসব মামলার কোনোটা মানহানির অভিযোগে, কোনোটা রাষ্ট্রদ্রোহের অভিযোগে, আবার কোথাও কোথাও মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: এক-এগারোর সময় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আজ আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মহসীন মিঞা। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে তিনি এই আবেদন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা: আমলি আদালত-১-এ মাহ্ফুজ আনামের বিরুদ্ধে পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বাদী হয়ে মানহানির মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সাতক্ষীরা: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালতে মামলাটি করেন আইনজীবী শাহেদুজ্জামান শাহেদ। তিনি জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক। অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ জিয়াউর রহমান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বিষয়টি আদেশের জন্য রেখেছেন।
কিশোরগঞ্জ: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগে আজ জেলার আমলি আদালত-১-এ মামলাটি করেন হেলালুজ্জামান হেলাল। তিনি জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। মামলায় ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বাদীর আইনজীবী হুমায়ুন কবির বলেন, মামলাটি আমলে নিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর। আগামী ৯ মার্চ তিনি সংশ্লিষ্ট সংবাদের অনুলিপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মানিকগঞ্জ: জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বাদী হয়ে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। মামলা পরিচালনাকারী আইনজীবী আবদুল হক জানান, বিচারক মো. আবদুল হাই মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন। আগামী ২০ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
নরসিংদী: জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ভূইয়া আজ বিকেল সাড়ে তিনটার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী কাজী মো. আফসার উদ্দিন বলেন, ‘আদালত আমাদের মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। আসামিকে আগামী ২৭ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন।’
লালমনিরহাট: জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আজ দুপুরে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডলের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন আহমেদ বলেন, আদালত মামলাটির শুনানি শেষে সরকারের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ জুন এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
শেরপুর: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান জেলা মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমানের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সরকারের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ঝালকাঠি: আইনজীবী বনি আমিন বাকলাই জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জায়েদ আহমদের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এই মামলাটি করেন। মামলায় পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। বিকেলে আদালত মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে ২৩ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বরিশাল: জেলা যুবলীগের সদস্য কাইয়ুম খান কায়সার ও রফিকুল ইসলাম আজ মহানগর হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে পৃথক মামলা করেন। মামলা দুটিতে ২০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
সরকারি কৌঁসুলি (পিপি) গিয়াস উদ্দিন কাবুল জানান, আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলা দুটির শুনানি শেষে আগামী ২০ ও ২৯ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাগেরহাট: জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ বলেন, আদালত শুনানি শেষে সদর থানার ওসিকে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
কুমিল্লা: দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম আজ মুখ্য বিচারিক হাকিম সুভ্রা চক্রবর্তীর আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মানহানির অভিযোগ আনা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৭ মার্চ জেলা তথ্য কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব আজ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগমের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এই মামলাতেও মানহানির অভিযোগ আনা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আদালত জেলা তথ্য কর্মকর্তাকে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সুনামগঞ্জ: জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ আজ বিচারিক হাকিম মোহাম্মদ শহিদুল আমিনের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হবিগঞ্জ: জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন আজ জেলার বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এক কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, আদালত শুনানি শেষে ১৮ এপ্রিলের মধ্যে তদন্ত করে হবিগঞ্জ থানাকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মেহেরপুর: জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল জেলার মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলমের আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
prothom-alo.com











