যুক্তরাষ্ট্রে জটিল নির্বাচনী হিসাব কে পাচ্ছেন কোন দলের মনোনয়ন
যুক্তরাষ্ট্রে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এখনও দলীয় মনোনয়ন লাভের জন্য জোর তৎপরতায় ব্যস্ত দুই রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি। দুদলেরই মনোনয়ন লাভের জন্য লড়াইয়ে ব্যস্ত প্রার্থীরা। এর মধ্যে ডেমোক্র্যাট দলে শীর্ষ স্থানে উঠে এসেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারমন্ট রাজ্যের সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন রিপাবলিকান শীর্ষ বাছাই ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ। এ ছাড়া দুদলেই রয়েছেন আরও কিছু প্রার্থী। সবে শুরু হয়েছে মনোনয়ন লাভের প্রাইমারি এবং ককাস নির্বাচন। মাত্র দুটি রাজ্যে তা সম্পন্ন হয়েছে
। ১লা ফেব্রুয়ারিতে আইওয়া রাজ্যের ককাস নির্বাচন হয়। সেখানে হিলারি ক্লিনটন বিজয়ী হয়ে অর্জন করেছেন ৩২জন ডেলিগেটস। অন্যদিকে ৯ই ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয় প্রাইমারি নির্বাচন। এতে হিলারিকে পরাজিত করে ৩৬জন ডেলিগেটস অর্জন করেন বার্নি স্যান্ডার্স। এখনও বাকি রাজ্যগুলোর ককাস বা প্রাইমারি হবে। তাতে বাকি রয়েছে ৪৩২৪জন ডেলিগেটস। মনোনয়ন লড়াইয়ে জিততে হলে এর মধ্যে একজন প্রার্থীকে কমপক্ষে ২৩৮২ জন ডেলিগেটস পেতে হবে। এটা হলো ডেমোক্র্যাট দলের চিত্র। অন্যদিকে আইওয়া রাজ্যের ককাসে রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হন টেড ক্রুজের কাছে। এতে তিনি পান ১১ জন ডেলিগেটস। তবে তা আবার নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে পুষিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বিজয়ী হয়েছেন। ওই রাজ্যের ১৭ জন ডেলিগেটই তার দখলে। এখনও বাকি ককাস ও প্রাইমারি মিলে রিপাবলিকান দলের ডেলিগেটস রয়েছে ২৪২৬ জন। একজন প্রার্থীকে মনোনয়ন পেতে হলে কমপক্ষে ১২৩৭ জন ডেলিগেটস পেতে হবে। কেবল এ মাসেই এই ককাস বা প্রাইমারি নির্বাচন শুরু হয়েছে। এখনও এ নির্বাচনের অনেক বাকি। চলবে ১৪ই জুন পর্যন্ত। ফলে এখনও বলা সম্ভব নয় দলীয় মনোনয়ন লাভের দৌড়ে কোন দল থেকে কোন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। যারাই প্রাইমারিতে নির্বাচিত হবেন, তাদের নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে হবে। এখনও যেসব স্থানে পাইমারি বা ককাস বাকি আছে তার মধ্যে রয়েছে নেভাদা ককাস, সাউথ ক্যারোলাইনা প্রাইমারি, ওয়াশিংটন ককাস (রিপাবলিকানদের), নেভাদা ককাস (রিপাবলিকান), সাউথ ক্যারোলাইনা প্রাইমারি (ডেমোক্র্যাটদের), আলাবামা, আলাস্কা ককাস (রিপাবলিকান), আমেরিকান সামোয়া ককাস (ডেমোক্র্যাটদের), আরকানসাস, কলোরাডো ককাস, জর্জিয়া, ম্যাসাচুসেটস, মিনেসোটা ককাস, নর্থ ডাকোটা ককাস (রিপাবলিকান), ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়েওমিং ককাস (রিপাবলিকান), ক্যানসাস ককাস, কেনটাকি ককাস (রিপাবলিকান), লুইজিয়ানা, মেইন ককাস (রিপাবলিকান), নেব্রাস্কা ককাস (ডেমোক্র্যাট), মেইন ককাস (ডেমোক্র্যাট), পুয়ের্তো রিকো (রিপাবলিকান), হাওয়াই ককাস (রিপাবলিকান), আইডাহো (রিপাবলিকান), মিশিগান, মিসিসিপি, ডেমোক্র্যাটস এব্রড, গুয়াম (রিপাবলিকান কনভেনশন), নর্থ ম্যারিয়ানাস ককাস (ডেমোক্র্যাট), ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ককাস (রিপাবলিকান), ফ্লোরিডা, ইলিনয়েস, মিসৌরি, নর্থ ক্যারোলাইনা, নর্দার্ন মেরিয়ানা আইল্যান্ড ককাস (রিপাবলিকান), ওহাইও, ভার্জিনিয়া আইল্যান্ড ককাস (রিপাবলিকান), আমেরিকান সামোয়া (রিপাবলিকান কনভেনশন), আরিজোনা, আইডাহো ককাস (ডেমোক্র্যাট), ইউটাহ, আলাস্কা ককাস (ডেমোক্র্যাট), হাওয়াই ককাস (ডেমোক্র্যাট), ওয়াশিংটন ককাস (ডেমোক্র্যাট) উইসকনসিন, ওয়েওমিং ককাস (ডেমোক্র্যাট), নিউ ইয়র্ক, কানেকটিকাট, ডেলাওয়ার, মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া, রোড আইল্যান্ড, ইন্ডিয়ানা, গুয়াম (ডেমোক্র্যাট), নেব্রাস্কা (রিপাবলিকান), ওয়েস্ট ভার্জিনিয়া, কেনটাকি (ডেমোক্র্যাট), ওরিগন, ওয়াশিংটন (রিপাবলিকান), ভার্জিনিয়া আইল্যান্ডস ককাস (ডেমোক্র্যাট), পুয়ের্তো রিকো ককাস (ডেমোক্র্যাট), ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা ককাস (ডেমোক্র্যাট), সাউথ ডাকোটা ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া (ডেমোক্র্যাট)। এসব স্থানে ককাস ও প্রাইমারি মিলে প্রার্থীকে নির্বাচিত হতে হবে ডেলিগেটসের ভিত্তিতে। ওদিকে সবার নজর এখন ডেমোক্র্যাট শিবিরে। কে এই দল থেকে মনোনয়ন পাবেন হিলারি ক্লিনটন নাকি বার্নি স্যান্ডার্স। নাকি অন্য কেউ। এ দুজনের মধ্যে যাচাই করছেন বিশেষজ্ঞরা। তারা হিসাব কষছেন ২০০১ সালে প্রথমবার নির্বাচিত সরকারি পদে আসীন হন হিলারি ক্লিনটন। ২০০৯ সালে সেই পদ থেকে সরে যান। তিনি ৮ বছর ওই দায়িত্ব পালন করেন। অন্যদিকে বার্নি স্যান্ডারস ১৯৮১ সালে প্রথমবার নির্বাচিত সরকারি পদে আসীন হন। তারপর থেকে এখন অবধি সেই দায়িত্বে আছেন। মোট তার কার্যকাল ৩৪ বছর। গড়ে একজন প্রেসিডেন্ট পদের প্রার্থীর যে সময় অভিজ্ঞতা থাকে তার চেয়ে তিনি ১৯ বছরের বেশি সরকারি পদে দায়িত্ব পালনকারী। অর্থাৎ হিলারি ক্লিনটনের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতার ঝুলি তার সরকারি পদে। তবে জনমত জরিপ বেশি ভাগ ক্ষেত্রেই যাচ্ছে হিলারি ক্লিনটনের দিকে। অন্যদিকে রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোন সরকারি দায়িত্ব পালন করেন নি। তিনি বিলিয়নিয়ার ব্যবসায়ী। অকস্মাৎ রাজনীতিতে তার প্রবেশ। এরই মধ্যে তিনি নানা বিতর্ক উসকে দিয়েছেন। মুসলিমবিদ্বেষী হিসেবে সারাবিশ্বে প্রচার পেয়েছেন। তার দলীয় প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ২০১৩ সালে সরকারি নির্বাচিত দায়িত্বে আসেন। দুই বছর তিনি এ দায়িত্ব পালন করছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থীরা হলেন হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স, মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে, রোড আইল্যান্ডের সাবেক স্বতন্ত্র গভর্নর ও রিপাবলিকান সিনেটর লিঙ্কন চ্যাফি, ভার্জিনিয়ার সাবেক সিনেটর জিম ওয়েব, হার্ভাডের প্রফেসর লরেন্স লেসিগ। তবে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন লিঙ্কন চ্যাফি, লরেন্স লেসিগ, ওম্যালে ও জিম ওয়েব। অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থীরা হলেন ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জেব বুশ, বেন কার্সন, জন কাসিচসহ বেশ কিছু প্রার্থী।











