শেষ মিনিটের গোলে আর্সেনালের হাসি
১০ মাস পর মাঠে ফিরেছিলেন ড্যানি ওয়েলবেক। লিস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে থাকার প্রশ্নই আসে না তাঁর। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার নেমেছিলেন বদলি হয়ে। সেই তিনিই কিনা প্রত্যাবর্তনটা রাঙিয়ে নিলেন আর্সেনালের নায়ক হয়ে। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে তাঁর হেড পার্থক্য গড়ে দিয়েছে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটির। লিস্টারকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগের শিরোপা দৌড়েও ফিরেছে গানাররা দারুণভাবে। দুই দলের পয়েন্ট ব্যবধান যে এখন মোটে ২-এর। হারলেও লিস্টার শীর্ষে আছে ৫৩ পয়েন্ট নিয়ে।
লিস্টারের চেয়ে দুই পয়েন্ট পেছনে এখন টটেনহামও। আর্সেনালের সমান ৫১ পয়েন্ট হলেও গোল গড়ে দ্বিতীয় স্থানে তারা। গতকাল ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে স্পাররা। ইতিহাদ স্টেডিয়ামে ৫৩ মিনিটে হ্যারি কেনের পেনাল্টি থেকে লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল সফরকারীরাই। ৭৪ মিনিটে সিটিজেনদের হয়ে সমতা আনেন কেলেচ্চি ইহেনাচো। কিন্তু ৮৩ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের লক্ষ্যভেদে উৎসবে ভাসে টটেনহাম।
লিভারপুল গোল উৎসব করেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। স্বাগতিকদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছে অল রেডরা। নিউক্যাসলকে গোলের মালা পরিয়ে বিদায় করেছে চেলসি। পেদ্রোর জোড়া গোলের সঙ্গে ডিয়েগো কোস্তা, উইলিয়ান ও বারট্রান্ড রাওরির লক্ষ্যভেদে ব্লুরা জিতেছে ৫-১ গোলে। তবে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সান্ডারল্যান্ডের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফেরার চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা আরো ফিকে হয়ে গেছে তাদের।
উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা—কী ছিল না এমিরেটসের ম্যাচে। রূপকথার মৌসুম কাটানো লিস্টারের এগিয়ে যাওয়া, ৫৫ মিনিট থেকে ১০ জন নিয়ে বাকি সময় খেলা, এরপর আর্সেনালের সমতায় ফেরা এবং ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গানারদের নাটকীয় জয়। লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে আগের দুই ম্যাচে হারিয়ে আসা লিস্টারের শুরুটা ছিল দুর্দান্ত। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে এগিয়েও যায় জেমি ভার্ডির পেনাল্টি গোলে। কিন্তু বিরতি থেকে ঘুরে এসে বড় ধাক্কা খায় সফরকারীরা, ৫ মিনিটের ব্যবধানে দুইবার হলুদ কার্ড দেখে ড্যানি সিম্পসন মাঠ ছাড়লে বাকি সময়টা লিস্টারকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
তবু সুবিধা করতে পারছিল না আর্সেনাল। অতঃপর খুশির বারতা নিয়ে হাজির হন থিয়ো ওয়ালকট। ৭০ মিনিটে অলিভিয়ের জিরদের হেড থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্য ভেদ করেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৯০ মিনিটে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়, লিস্টার ইনজুরি টাইমের প্রথম ৪ মিনিটও ঠেকিয়ে রেখেছিলেন গানারদের। কিন্তু ফুটবলদেবতার চাওয়া যে ছিল অন্য রকম। তাই তো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোটা এমিরেটস জুড়ে উঠে আনন্দের গর্জন। মেসুত ওয়েজিলের ফ্রি কিক লাফিয়ে উঠে হেড করে ওয়েলবেক নাটকীয় এক জয় এনে দেন আর্সেনালকে। যিনি হাঁটুর চোট কাটিয়ে ১০ মাস পর প্রথমবার বসেছিলেন বেঞ্চে। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কী-ই বা হতে পারে। এএফপি











