শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে বিশেষ সুবিধা পাচ্ছে ভারত

yWWWপরিকল্পিত শিল্পায়নের জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সরকারি ও বেসরকারি ছাড়াও সম্পূর্ণ বিদেশী উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি দেয়া হচ্ছে। এরই মধ্যে অনুমতি পেয়েছে চীন, জাপান ও ভারত। তবে চীন ও জাপানকে শুধু জমি দেয়া হচ্ছে। দেশ দুটি নিজ উদ্যোগ ও অর্থায়নে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ করছে। এক্ষেত্রে বিশেষ সুযোগ পাচ্ছে ভারত। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ভারতের পক্ষে কাজটি করে দিচ্ছে।

জানা গেছে, চীনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ও জাপানকে গাজীপুরের শ্রীপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে সরকার। আর ভারতকে মংলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে।
ভারতের অর্থনৈতিক অঞ্চল দুটি উন্নয়নের জন্য দেশটির রাষ্ট্রীয় ঋণে (এলওসি) একটি প্রকল্প নেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮০ লাখ ডলার বা ৭০৪ কোটি টাকা। আর ভারতের ঋণেই দেশটির জন্য অর্থনৈতিক অঞ্চল দুটি উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়ন করছে বেজা। শিগগিরই এজন্য ডেভেলপার নিয়োগ প্রক্রিয়াও শুরু করবে সংস্থাটি।

চীনের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে। এটি উন্নয়নে দেশটির সরকারের পক্ষে কাজ করছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এজন্য ৭৭৪ একর জমি দেয়া হচ্ছে। চীনের সঙ্গে মূল চুক্তি শিগগিরই সই করা হবে। এর মধ্যে সরকারি জমি ২৯০ একর বন্দোবস্ত দেয়া হয়েছে। বাকি জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। চীনের অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের ৩০ শতাংশ মালিকানা থাকবে।

জাপান অর্থনৈতিক অঞ্চলের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ করেছে। এমওইউ সই না হলেও প্রক্রিয়া এগিয়ে চলেছে। দেশটির জন্য ৬০০ একরের কিছু বেশি জমি বরাদ্দ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। জাপানের অর্থনৈতিক অঞ্চলেও বাংলাদেশের ৩০ শতাংশ মালিকানা থাকবে।

এদিকে মংলায় ২০৫ একর জমি বরাদ্দ চেয়েছে ভারত। তবে এ মুহূর্তে বেজার কাছে ১১০ একর জমি রয়েছে। বাকি জমি অধিগ্রহণ করা হচ্ছে। আর ভেড়ামারায় প্রায় ৩৭১ একর জমি চেয়েছে ভারত। এখানে বেজার কাছে প্রায় ৪১৬ একর জমি রয়েছে।
সূত্র জানায়, গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দ্বিতীয় এলওসির চুক্তি করে বাংলাদেশ। ২০০ কোটি ডলারের ওই ঋণে ১৩টি প্রকল্প বাস্তবায়নের জন্য সে সময় সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। তবে হঠাৎ করে দ্বিতীয় এলওসিতে নতুন আরেকটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এটি হলো ভারতের জন্য অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন।

প্রকল্পটি চূড়ান্ত করার কাজ করছে বেজা। এরই মধ্যে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন। ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলটি উন্নয়ন শেষে দ্রুত হস্তান্তরে কাজ করে যাচ্ছে বেজা।
তবে ভারতের জন্য বরাদ্দকৃত অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের কতটুকু শেয়ার থাকবে বা আদৌ থাকবে কিনা, তা এখনো নির্দিষ্ট নয়। এমওইউতে বলা হয়েছে, সমতা ও পারস্পরিক সুবিধা এবং দুই পক্ষের আলোচনার ভিত্তিতে অঞ্চলগুলোয় ব্যবসা স্থাপিত হবে। আর অঞ্চলটি পরিচালনার ক্ষেত্রে মার্কেট প্রিন্সিপাল অনুসরণ করা হবে। এছাড়া অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন কাজে দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, চীন ও জাপানের অর্থনৈতিক অঞ্চলগুলো সংশ্লিষ্ট দেশের মনোনীত ডেভেলপাররাই উন্নয়ন করবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার শুধু জমি দেবে। আর জমির আশপাশে রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেয়া হবে। পাশাপাশি বাইরের অবকাঠামোগুলো উন্নয়ন করে দেবে বেজা। অর্থনৈতিক অঞ্চলের ভেতরের অবকাঠামো তারাই উন্নয়ন করবে।
ভারতে বিশেষ সুবিধা দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতের দেয়া ঋণ থেকে তাদের কাছে মংলা ও ভেড়ামারার জন্য ৭০০ কোটি টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সম্মতিও দিয়েছে। এ অর্থে অঞ্চলের ভেতর-বাইরে দুটোরই উন্নয়ন করা হবে। কারণ এতে বাংলাদেশের মালিকানা থাকবে। তবে কিছুই এখনো চূড়ান্ত নয়। বিষয়গুলো দরকষাকষি পর্যায়ে রয়েছে।
২০১০ সালে প্রণীত বাংলাদেশ অর্থনেতিক অঞ্চল আইনে বেজার দায়িত্ব ও কার‌্যাবলি নির্দিষ্ট করে দেয়া আছে। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ অবকাঠামোসহ স্থানীয় সম্পদের প্রাপ্যতা, সড়ক ও যোগাযোগ সুবিধা, ভ্রমণ ও ব্যাংকিং সুবিধা এবং দক্ষ জনবলের প্রাপ্যতার ভিত্তিতে গুচ্ছনীতির আলোকে ভূমির অধিকতর দক্ষ ব্যবহার নিশ্চিত করবে। এজন্য শিল্প এলাকার বা অন্য খাতের এলাকার জন্য ভূমি নির্বাচন ও চিহ্নিতকরণ করবে। নিজস্ব উদ্যোগে বা সরকারি ও বেসরকারি অংশীদারিত্বমূলক উদ্যোগে চিহ্নিত, অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণ করা ও সরকারের পক্ষ থেকে অধিগ্রহণকৃত ভূমির দখল গ্রহণ করবে কর্তৃপক্ষ। অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিজস্ব ও অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারের কার্যক্রম পরিবীক্ষণের মাধ্যমে কতৃর্পক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন নিশ্চিতকরণের কাজ করবে কর্তৃপক্ষ। অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষিত এলাকাগুলোকে শিল্পনগরী, কৃষিভিত্তিক শিল্পাঞ্চল, বাণিজ্যিক এলাকা, পর্যটন এলাকা হিসেবে উন্নয়নক্রমে ব্যাংকিং খাতের বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করে প্রশিক্ষিত শ্রমিক ও দক্ষ সেবা প্রদান সহজলভ্য করবে কর্তৃপক্ষ।
আইনে আরো বলা রয়েছে, অধিগ্রহণকৃত ভূমি ও তার বিভিন্ন প্রকার অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য প্রতিযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার নিয়োগ করবে কর্তৃপক্ষ। নিজস্ব উদ্যোগ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার জন্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদনের জন্য গভর্নিং বোর্ড সমীপে উপস্থাপন করবে কর্তৃপক্ষ। এছাড়া নিজস্ব উদ্যোগ বাস্তবায়ন ও ব্যবস্থাপনার জন্য চিহ্নিত ও অর্থনৈতিক অঞ্চলে শিল্প ইউনিট, ব্যবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনপ্রার্থী বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক ভিত্তিতে ভূমি, ভবন বা স্থান বরাদ্দ, ইজারা বা ভাড়া প্রদান করতে পারবে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বেজার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বেজা হলো অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ। তারা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। সেসঙ্গে যাদের অর্থনৈতিক অঞ্চলের নিবন্ধন দেয়া হয়েছে, তাদের উন্নয়ন কার্যক্রম তদারকি করবে। এর বাইরে অর্থনৈতিক অঞ্চলের বাইরের অংশের সড়ক যোগাযোগ নিশ্চিত করা, সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎসহ অন্যান্য সেবার অবকাঠামোগত উন্নয়ন করা হবে বেজার কাজ। আর অর্থনৈতিক অঞ্চলের ভেতরে অবকাঠামো উন্নয়নের বিষয়ে নকশা অনুমোদন করা, তদারকি ও এর অনুমোদন দেয়া। ভেতরে কোনো উন্নয়ন বেজা করার কথা না। এজন্যই সরকারি-সরকারি, সরকারি-বেসরকারি বা বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশ বা ব্যবসায়ীদের অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বা বরাদ্দ দেয়া হচ্ছে। যাতে তারা নিজেরাই এ অঞ্চলগুলোর ভেতরের অংশ উন্নয়ন করে নেয়।-