টালিগঞ্জ কাঁপাবেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক : টালিগঞ্জ কাঁপাবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ ওপার বাংলায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘হিরো ৪২০’। এ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সৈকত নাসির ও সুজিত মন্ডল। ভারতের পাশাপাশি আগামী ১৯ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ’স্বরস্বতী পুজো উপলক্ষে আজ কলকতায় ছবিটি মুক্তি পাচ্ছে। অন্যদিকে ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে ১৯ ফেব্রয়ারি ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। এতে দুই দেশের মানুষই ছবিটি দেখার সুযোগ পাবেন। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’
তিনি আরো বলেন, “এর আগে আমার অভিনীত ‘আশিকী’ ছবিটি দুই বাংলায় মুক্তি পেয়েছে। এবার মুক্তি পাচ্ছে ‘হিরো ৪২০’। এ দুটি ছবির গল্পে ভিন্নতা রয়েছে। ‘আশিকী’ ছবিটি ছিলো লন্ডনকে কেন্দ্র করে। এটি উচ্চবিত্ত পরিবারের একটি কাহিনী নিয়ে আবর্তিত হয়েছিল। কিন্তু ‘হিরো ৪২০’ ছবিটি সম্পূর্ণ উল্টো। এতে আমি একজন গরীব ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করছি। এর গল্পে আমি এক দুষ্টু প্রকৃতির ছেলের প্রেমে পড়ে যাই। এরপর ঘটতে থাকে মজার মজার নানা ঘটনা। এ ছবিটি থেকে দর্শকরা প্রত্যাশিত বিনোদন পাবেন। আমি সবসময় নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করতে চেষ্টা করি। আমার বিশ্বাস, ‘হিরো ৪২০’ ছবিতেও তা করতে পেরেছি। ছবিটি ওপার বাংলায় ইতোমধ্যেই আলোচনায় চলে এসেছে। আশা করি, ছবিটি দেখে টালিগঞ্জের দর্শকরা মুগ্ধ হবেন।’
‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিড়িয়া ও কলকাতার এসকে মুভিজ। ফারিয়া ও ওম ছাড়া এতে আরো অভিনয় করেছেন- রিয়া সেন, আহমেদ শরিফ, শিমুল খান, তানভির তনু, রেবেকা, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘হিরো ৪২০ ছবিটি মুক্তির পরে দুটি যৌথ প্রযোজনার ছবির কাজ শুরু করবো। এজন্য নিজেকে প্রস্তুত করছি। এ দুটি ছবির শুটিং শেষ করে বলিউডের একটি ছবির কাজ শুরু করবো।’
অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘মানুষ করতে করতে শিখে। আমিও এর বাইরে নই। আমিও অভিনয় করতে করতে শিখছি। দুটি ছবির কাজের পরে আমি বুঝতে পারছি, আমার কোথায় কোথায় সমস্যা রয়েছে। সামনের কাজগুলোতে এ সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো।’
নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছরে মুক্তি পায়। যৌথ প্রযোজনার এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার অঙ্কুশ হাজরা। ছবিটি পরিচালনা করেন বাংলাদেশের আব্দুল আজিজ এবং ভারতের অশোক পাতি। প্রযোজনা করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজ।
চলচ্চিত্র ছাড়াও ফারিয়া এ পর্যন্ত ২০টির মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে- টাইগার এনার্জি ড্রিংকস, ম্যাঙ্গোলি, ফেয়ার অ্যান্ড লাভলী, সেন্টার ফ্রেশ, বাংলালিংক, তিব্বত, মি. কুকি ইত্যাদি। এর বাইরে আরটিভির ‘লেট নাইট কফি’ শোতে দীর্ঘদিন উপস্থাপনা করেন। নুসরাত ফারিয়া বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশুনা করছেন।











