বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার বইমেলায় মানুষের ঢল

Boimela-1-md20150220203142মেলার প্রবেশ করতেই দীর্ঘ সারি। কয়েকটি সারিতে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন মেলায় আগত পাঠক-দর্শনার্থীরা। মেলার ফটক থেকে শুরু করে এই সারি ছাড়িয়ে গিয়েছিল টিএসসি এলাকা। মেলার ১২তম দিন শুক্রবার বিকেলের চিত্র এটি। এদিন যেন মেলায় ঢল নেমেছিল মানুষের। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখল ছিল মেলাপ্রাঙ্গণ। শুক্রবার সকালে ছিল শিশুপ্রহর। শিশুদের সাচ্ছ্বন্দ্যে বই কিনতেই শিশুপ্রহরের আয়োজন করা হয়। অভিভাবকদের সঙ্গে শিশুরা এসেছিল মেলায়। বই নেড়েচেড়ে প্রিয় বইটিই কিনেছে তারা। আর দুপুরের পর ঢল নামে সব বয়সী মানুষের। সবার আগ্রহ ছিল প্রিয় লেখকের প্রিয় বইটি কেনার। শুধু কী বই কেনা, প্রিয় লেখকের অটোগ্রাফ ও ছবি তুলতেও দেখা গেছে। এই তালিকায় ছোট-বড় সবাই ছিল। আজ মেলায় মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, আনিসুল হকসহ অনেক লেখককেই ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। ভক্তরা অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলায় কেউ কারো চেয়ে কম যাচ্ছিলেন না। মেলায় এসেছিলেন লেখক শাকুর মজিদ। ফেসবুকে তিনি নিচের ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, গত ৩০ বছর ধরে লোকটা (ইমদাদুল হক মিলন) বইমেলায় একই রকম ব্যস্ত থাকেন।

মিরপুর থেকে মেলায় ছেলেকে নিয়ে এসেছেন সুমাইয়া খাতুন। বেসরকারি একটি স্কুলের এই শিক্ষিকা বলেন, ‘অন্যদিন তো সময পাই না। তাই আজ মেলায় এসেছি। ছেলের জন্য কয়েকটি বই কেনা হয়েছে’। স্কুলপড়ুয়া ছেলে অনীক মুহম্মদ জাফর ইকবালের ভক্ত। প্রিয় লেখকের বই কিনতে ভুল হয়নি বলে জানায় অনীক। মেলায় আজ প্রকাশকদের মুখেও হাসি ছিল। বেচাকেনা হয়েছে প্রচুর। বেশ কয়েকটি স্টলের প্রতিনিধিরা জানিয়েছেন, বই বিক্রি হচ্ছে অনেক। সাহস পাবলিকেশন্সের কর্ণধার নাজমুল হুদা রতন জানান, মেলায় প্রচুর পাঠকরা এসেছেন। তারা বেছে বেছে বই কিনছেন। আগামী দুইদিন (ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবসে) আরও বেশি বেচাকেনা হবে বলে প্রত্যাশা করছেন তিনি। তবে মেলাপ্রাঙ্গণজুড়ে ধূলার রাজত্ব দেখা গেছে। এবছর মেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আজ শুক্রবার শীত বিদায় নিচ্ছে। আগামীকাল শনিবার ফাগুনের প্রথম দিন। প্রকৃতি সাজবে নতুন করে। আর মেলাপ্রাঙ্গণও জমে উঠবে নতুন প্রাণে। মূলমঞ্চে নজরুলচর্চা বিষয়ক আলোচনা মেলার মূলমঞ্চে বিকেল চারটায়

‘বাংলাদেশে নজরুলচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলম, কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন প্রখ্যাত নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রাবন্ধিক রফিকউল্লাহ খান বলেন, বাংলাদেশে নজরুলচর্চার অতীত ও বর্তমানের মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে দু’টি প্রতিষ্ঠান- বাংলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট। বিগত তিন দশকে বাংলাদেশে নজরুল-বিষয়ে প্রচুর গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু গুণগত মানে কয়টি গ্রন্থ কালের বিচারে উত্তীর্ণ হবে, সেটা সময় বলে দেবে। এই বাজারি সভ্যতায় নজরুলচর্চা যেন নজরুল ব্যবসায় পরিণত না হয়, সংশ্লিষ্টদের সে বিষয়ে সতর্ক হতে হবে। কারণ, নজরুল আমাদের জাতীয় কবি, চেতনার আলোকবর্তিকা।

আলোচকবৃন্দ বলেন, প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার সমান্তরালে মানুষের ভালোবাসায় নজরুল সবসময় চর্চিত হচ্ছেন ব্যাপকভাবে। বাংলা একাডেমি যেমন নজরুল রচনার প্রামাণ্য সংস্করণ প্রকাশ করেছে তেমনি নজরুল ইন্সটিটিউট নজরুলের গানের শুদ্ধ সুর ও বাণী সংরক্ষণের মধ্য দিয়ে নজরুল চর্চার ভিতকে মজবুত করেছে।  সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে নজরুলচর্চা নতুন মাত্রা লাভ করেছে। বিশেষ করে নজরুলের অমর রচনাকর্ম ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি এমনকি স্প্যানিশ-পর্তুগিজ ভাষায়ও অনূদিত হচ্ছে, যার মধ্য দিয়ে বাংলার নজরুল পৌছে যাবেন সারা বিশ্বে।

  সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীহার দে আকাশের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের আলো সংগীত একাডেমি’-এর শিল্পীবৃন্দ। এছাড়াও সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী খালিদ হোসেন, লিলি ইসলাম, নাশিদ কামাল, সালাউদ্দীন আহমদ, লীনা তাপসী এবং আবদুল ওয়াদুদ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন, দীপক কুমার দাস (তবলা), হাসান আলী (বাঁশি), আবু কামাল (বেহালা), ফিরোজ খান (সেতার) এবং মো. আজিজুর রহমান (কী-বোর্ড)।   শুক্রবার নতুন বই ২৮০টি শুক্রবার মেলায় এসেছে ২৮০টি নতুন বই। এর মধ্যে গল্প ৪৫, উপন্যাস ৪৩, প্রবন্ধ ১৭, কবিতা ৮৩, গবেষণা ৩, ছড়া ১১, শিশু সাহিত্য ৪, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ১১, বিজ্ঞান ৩, ভ্রমণ ৪, ইতিহাস ২, রাজনীতি ১, চিকিৎসা স্বাস্থ্য ৪, কমপিউটার ৩, রম্যা/ধাঁধা ২, ধর্মীয় ২, অনুবাদ ৫, সায়েন্স ফিকশন ১৩ ও অন্যান্য ২০টি।

আগামীকাল শিশু-কিশোরদের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৩ ফেব্রুয়ারি শনিবার মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত আটটা পর্যন্ত। সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, নাট্যজন মাসুম রেজা এবং শাহিদা খাতুন।  শনিবারের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বিকেল চারটায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করবেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ সেলিম এবং দিব্যদ্যুতি সরকার। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎকুমার সাহা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।