বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ৫০ গ্রামজুড়ে মেলার উৎসব

233214mahsবাঘাইড় ৬০, কাতল ২৫ কেজি

৬০ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ এনেছেন ব্যবসায়ী হযরত মিয়া। দাম চাইছেন ১৫০০ টাকা কেজি। সেই হিসাবে দাম হয় ৯০ হাজার টাকা। ক্রেতা এই মাছটির দাম বলেছেন ৭২ হাজার টাকা। কিন্তু তাতে মন গলছে না হযরত মিয়ার। তিনি ৮৫ হাজার টাকার নিচে ওই মাছ বিক্রি করবেন না বলে সাফ জানালেন।

পাশেই দেখা মিলল কাতল মাছের। এটিও দৈত্য আকৃতির। ২৫ কেজি ওজনের। দাম ৩০ হাজার টাকা। বিক্রেতা ইউনুস জানান, বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এক ক্রেতা তাঁর এই মাছটি ২২ হাজার টাকা হাঁকিয়েছেন। তিনি বিক্রি করেননি। ২৫ হাজার টাকা হলে ভেবে দেখবেন।mahs-3jpg

এ রকম বড় বড় মাছের হাঁকডাক এখন বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্ন্যাসী পূজা উপলক্ষে ২০০ বছরের বেশি সময় ধরে চলছে এই মেলা। মেলাকে ঘিরে আশপাশের অর্ধশত গ্রামে উৎসবের আমেজ চলছে। মাঘের শেষ বুধবার শুরু হয় এ মেলা। বৃহস্পতিবার বসে বউমেলা। ওই দিন মূলত মেলা চত্বরে আশপাশের গ্রামের মেয়ে ও বউদের আনাগোনা থাকে।

মেলা উপলক্ষে গোলাবাড়ী বাজারের ব্যবসায়ী মোখলেছ মিয়া বলেন, ‘মেলার মধ্যে জামাই-বেটিক বাড়িত না আনলে মেলাই হবিনে। ঈদের দাওয়াত জামাইয়ের বাড়িত না দিলেও কোনো ক্ষতি নাই, কিন্তুক মেলার মধ্যে দাওয়াত না দিলে আত্মীয়তাই শ্যাষ।’

এ মেলা সব ধর্মের মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। মেলা ঘিরে মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনে ভরপুর হয়ে ওঠে আশপাশের গ্রামগুলো। সবার কাছে এ মেলা ‘পোড়াদহের মেলা’ নামে পরিচিত। বাংলা বছরের মাঘ মাসের শেষ বুধবার দুই দিনের এ মেলা বসলেও এর জের থাকে তিন দিন ধরে। বিশেষ করে বৃহস্পতিবার বসে নারীদের মেলা। কেউ কেউ এটাকে বউমেলা বলে ডাকে।

বুধবার সকালে মেলায় দেখা গেছে, সারি সারি শামিয়ানা টানিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। আছে মিষ্টি, কাঠ ও মাছের দোকান। হাঁড়ি-পাতিল, খেলনা, নাগরদোলা, ঘূর্ণিসহ অন্যান্য দোকানও রয়েছে। রয়েছে তিনটি বিচিত্রা অনুষ্ঠানের প্যান্ডেল। মেলায় আসা দর্শনার্থীদের সাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান রাখার জন্য তিন দিকের রাস্তার প্রায় আধাকিলোমিটার দূরে মাঠের মধ্যে রশি টানিয়ে তৈরি করা হয়েছে গ্যারেজ।

শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে গ্রাম পুলিশ (চৌকিদার) ও স্বেচ্ছাসেবক সদস্য। মেলায় উঠেছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। পছন্দের মাছটি কেনার জন্য ভিড় জমিয়েছে অনেকে। বড় মাছের মধ্যে রয়েছে বাঘাইড়, আইড়, বোয়াল, চিতল, রুই, পাঙ্গাশ, কাতল, মৃগেল, মাঝারি কার্প, তেলাপিয়া, সিলভার কার্প ও সুরমা। এবার ৬০ কেজি ওজনের ছয় ফুট লম্বা বাঘাইড় মাছটি মেলার প্রধান আকর্ষণ। উঠেছে ২৫ কেজি ওজনের একটি কাতল। সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল কাশেম এনেছেন যমুনার একটি বোয়াল। ১২ কেজির এই বোয়াল মাছটিও তিনি ১৫০০ টাকা কেজি হিসেবে দাম চাচ্ছেন।

বগুড়া শহরের ব্যবসায়ী আমিনুল ও রফিকুল ইসলাম মেলায় এসেছেন মাছ কিনতে। জানালেন, গত বছরের চেয়ে এবার মাছের দাম কেজিপ্রতি দুই-তিন শ টাকা বেশি। মড়িয়া গ্রামের স্বপন মজুমদার জানান, ধনী-গরিব সবাই মাছ ও মিষ্টি কেনেন। বাড়ির গৃহিণীরা মেলার আগের দিন প্রায় ১০ সের ধানের মুড়ি ভাজেন। এটাই এ এলাকার রেওয়াজ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে এ মেলা একটি সেতুবন্ধন। রেওয়াজ অনুসারে বুধবার মেলা থেকে জামাইরা বড় মাছ, বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে শ্বশুরবাড়িতে যান। শ্বশুর-শাশুড়িরাও জামাইকে দেন সেলামি হিসেবে খাট, আলমারিসহ বিভিন্ন গৃহসামগ্রী।

এবার সাইফুল ইসলাম মণ্ডল নামের একজন ইজারাদার মেলাটি পরিচালনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়েছেন। তবে মেলার আগের রাতে ২০টি যাত্রা, জুয়া ও বিচিত্রার প্যান্ডেল পুলিশ ভেঙে দিয়েছে। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ জানান, মেলায় আইনশৃঙ্খলা ও শান্তি রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।