নিষেধাজ্ঞার মধ্যেও উপকূলে কাঁকড়া শিকারের মহোৎসব
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন উপকূলে প্রজনন মৌসুমেও ডিমওয়ালা কাঁকড়া শিকারের মহোৎসব চলছে। অবাধে মা কাঁকড়া আহরণের পরও এ ব্যাপারে প্রশাসনের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই।
কাঁকড়ার প্রজনন মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস। প্রজনন মৌসুমে ম্যানগ্রোভ বনাঞ্চলের লোনা পানিতে এরা ডিম ছাড়ে। আর মাঘ মাসের প্রথম অমাবস্যায় সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে স্ত্রী কাঁকড়া।
সূত্র জানায়, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসজুড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, চীনসহ বিভিন্ন দেশে নানা উৎসব অনুষ্ঠিত হয়। এসব উৎসবের খাদ্যতালিকায় ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা সবচেয়ে বেশি। এ সময় দামও থাকে সর্বোচ্চ। তাই বেশি দামের আশায় ডিমওয়ালা কাঁকড়া শিকারে চলে মহোৎসব।
কাঁকড়া ব্যবসায়ীরা জানান, চিংড়ির চেয়ে কাঁকড়ার চাষ সহজ এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ও চাহিদাও বেশি। চিংড়ি চাষে নানা ধরনের রোগবালাই লেগেই থাকে। অন্যদিকে কাঁকড়ার তেমন রোগবালাই নেই বললেই চলে। এ ছাড়া চিংড়ির চেয়ে কাঁকড়া চাষে ব্যয়ও কম। প্রাকৃতিকভাবে পিল কাঁকড়া দুই-তিন মাসের মধ্যে ১৮০ গ্রাম ওজনের হয়, যার স্থানীয় বাজারমূল্য কেজিপ্রতি পাঁচশ থেকে ছয়শ টাকা।
সুন্দরবনে কাঁকড়া আহরণকারী জেলে আজিজুর রহমান, স্বপন মণ্ডল ও মহসীন আলম স্বীকার করেন, বর্তমানে সরকারিভাবে কাঁকড়া শিকার নিষিদ্ধ থাকার কারণে তাঁরা মাছের পাস নিয়ে বনে ঢুকে কাঁকড়া শিকার করছেন।
স্থানীয় আড়তদাররা জানান, এখন ডিমওয়ালা কাঁকড়া পাওয়া যায় বলে ঢাকার আড়তে এসবের বেশ চাহিদা রয়েছে এবং দামের দিক দিয়েও ভালো। অন্য সময় ডিমওয়ালা কাঁকড়া পাওয়া যায় না বলে তেমন চাহিদা থাকে না। মংলাসহ আশপাশের এলাকার অর্ধশতাধিক আড়তদার প্রতিদিন কয়েকশ মণ ডিমওয়ালা কাঁকড়া ঢাকায় পাঠান বলে জানান।
মংলা মাছ বাজারে গিয়ে দেখা গেছে, সেখানে ঝুড়িতে করে বিপুল পরিমাণ কাঁকড়া বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা জানান, সুন্দরবনের অভ্যন্তরের মাছ ধরা জেলেদের কাছ থেকে তাঁরা এ কাঁকড়া কিনে এনে বিক্রি করছেন। তাঁরা আরো জানান, বন বিভাগের অসাধু কর্মীদের উৎকোচ দিয়ে জেলেরা মাছের পাশাপাশি কাঁকড়া আহরণ করছেন।
এ ব্যাপারে মংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, উপকূলীয় ম্যানগ্রোভ অঞ্চল কাঁকড়ার প্রজনন ক্ষেত্র হলেও শুধু সুন্দরবন এলাকায় প্রজননকালীন শিকার নিষিদ্ধে আইন রয়েছে। এ ছাড়া কাঁকড়া শিকার বন্ধে তেমন নির্দেশনা না থাকায় মৎস্য বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে কাঁকড়া আহরণের পাস ও পারমিট বন্ধ রয়েছে। তবে চোরাপথে কাঁকড়া আহরণের প্রবণতা বন্ধে বন বিভাগের টহল ও নজরদারিও বাড়নো হয়েছে। শুধু সুন্দরবনের নদ-নদীতে প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকলেও লোকালয়ের জলাভূমিতে এ আইন কার্যকর না থাকায় তাতে সফলতা আসছে না।
পরিবেশবাদী সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে চিংড়ির চেয়ে কাঁকড়ার দাম ও চাহিদা বেশি। এ কারণে প্রজনন মৌসুম ও পরবর্তী সময়ে কাঁকড়ার শিকার বন্ধ এবং এ মূল্যবান মৎস্যসম্পদ রক্ষায় অভয়াশ্রম ও আইনি পদক্ষেপসহ গবেষণা কেন্দ্র স্থাপন জরুরি হয়ে পড়েছে।











