বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান লালন পালনে যা লক্ষ রাখবেন

muslim-family-FILEminimizer-400x265ছেলে সন্তানদের লালন পালন করা বাবা-মার একান্ত কর্তব্য। তাদের পরিচর্যা করা, আদর্শবান করা ও দ্বীনি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বাবা মার ভূমিকাই অন্যতম। সন্তান নেক হলে দুনিয়াতে যেমন সুফল রয়েছে আখেরাতেও রয়েছে এর বিশেষ প্রতিদান। রাসুলুল্লাহ সা. বলেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া আর সব আমল বন্ধ হয়ে যায় : এক. ছদকায়ে জারিয়া। দুই. দ্বীনি শিক্ষা, যার দ্বারা সে উপকৃত হয়েছে। তিন. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (মুসলিম : ১৬৩১)

সন্তান লালন পালনের কিছু নিয়ম

বাচ্চাকে ভয় দেখানো যাবে না, কেননা এতে বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুধ পান কিংবা খাদ্যদ্রব্য খাওয়ানো, এতে বাচ্চা সুস্থ-সবল হয়। দুধ পান করানোর সময় কাপড়চোপড় সংযত রাখা। কোনোভাবেই বেপর্দা না হওয়া। ছেলে বাচ্চাদের চুল বেশি বড় না রাখা। বাচ্চারা যখন কথা বলতে শিখবে, তখনই তাদের কালেমা শিক্ষা দেওয়া। মেয়ের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অলংকারাদি না পরানো। বাচ্চাদের হাত দিয়ে গরিব-অসহায়দের খাদ্য, বস্ত্র, টাকা-পয়সা ইত্যাদি দান করানো, যাতে ছোটবেলা থেকেই তাদের দানশীলতার অভ্যাস গড়ে ওঠে। এমনকি বাচ্চার অন্য ভাই-বোনদের মধ্যেও খাদ্য ইত্যাদি বিতরণের ক্ষেত্রে বাচ্চাকে দিয়ে বিতরণ করাবে, এতে সে উদারতা শিখতে পারবে। ছেলে সন্তানদের সাদা কাপড়ের প্রতি আকৃষ্ট করা উচিত। রঙিন ও অমার্জিত পোশাক থেকে বিমুখতা সৃষ্টি করা কাম্য। বাচ্চাদের বেশি দামি পোশাকে অভ্যস্ত না করা, যাতে সে অহংকারের ছোবল থেকে রক্ষা পায়। তাদের সব ইচ্ছা পূরণ না করা। তা না হলে তাকে পরবর্তী জীবনে অনেক মানসিক কষ্ট ভোগ করতে হয়। তাদের সামনে উচ্চস্বরে ও চিৎকার করে কথা না বলা। বিশেষভাবে মেয়ে বাচ্চাদের এ ব্যাপারে বেশি সচেতন করা প্রয়োজন। সন্তানকে পড়ালেখাবিমুখ ও পোশাক-পরিচ্ছেদে লৌকিকতাপ্রেমী শিশুদের থেকে দূরে রাখা। সন্তানের মধ্যে কিছু বাজে অভ্যাস সম্পর্কে ঘৃণা সৃষ্টি করা। যেমন ক্রোধ, মিথ্যা, লোভ-লালসা, হিংসা, চুরি, তিরস্কার, পরশ্রীকাতরতা, অহেতুক কথা বলা, কথায় কথায় হাসা, ধোঁকা দেওয়া, ভালো-মন্দ কথার বিবেচনা না করা।

রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করানো এবং খুব ভোরে নিদ্রা থেকে জাগার অভ্যাস করানো উচিত। যখন সন্তানের বয়স সাত বছর হবে, তখন তাকে নামাজে অভ্যস্ত করে তুলতে হবে। যখন সন্তান ১০ বছরে পদার্পণ করবে, তখন তাকে নামাজে অবহেলার জন্য শাস্তি দিতে হবে। সন্তান পাঠশালায় যাওয়ার উপযুক্ত হলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে যথাসম্ভব দ্বীনদার শিক্ষক নির্বাচন করা মুসলমানদের কর্তব্য। পাঠশালা কিংবা মকতবে যাওয়ার ব্যাপারে কখনো শিথিলতা প্রদর্শন না করা। মাঝেমধ্যে তাকে নবী-সাহাবা ও মহামনীষী তথা বুজুর্গানে দ্বীনদের উপদেশমূলক ঘটনা শোনানো। দৈনিক কমপক্ষে একবার পরিবারের সবাইকে কোনো না কোনো আমলের ফজিলত শোনানো উচিত, যাতে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

তাদের অশ্লীল বই-পুস্তক থেকে বিরত রাখতে হবে। এর বিপরীতে শুধু দ্বীনি ও জ্ঞান-বিজ্ঞান সংবলিত বই পড়তে উৎসাহী করতে হবে। পাঠশালা থেকে ফেরার পর তাকে কিছুক্ষণ খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তবে খেলাটি গুনাহমুক্ত কি না সে ব্যাপারে মা-বাবাকে অবশ্যই সচেতন থাকতে হবে। সন্তানকে অহেতুক বেশি কাজপ্রিয় করা যাবে না। বাচ্চাদের খেলনা হিসেবে কোনো ধরনের মূর্তি কিংবা জীবজন্তুর ছবি ইত্যাদি দেওয়া যাবে না। মোবাইল ফোন কিংবা ট্যাব থেকে তাদের দূরে রাখাই ভালো। কারণ তাদের কচি মস্তিষ্ক রেডিয়েশনের প্রভাব সহনীয় নয়। সন্তানকে এমন কিছু জরুরি নৈপুণ্য ও কৌশল শিক্ষা দেওয়া উচিত, যা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এবং বিপদের সময় সে কাজে লাগাতে পারে। সন্তানকে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত করা উচিত, যাতে সে পরনির্ভরশীল হয়ে বেড়ে না ওঠে। সন্তানের কাছ থেকে কোনো উত্তম কাজ বা কথা প্রকাশ পেলে তাকে বাহবা দিয়ে উৎসাহী করা। সম্ভব হলে কিছু পুরস্কার দেওয়া। সন্তানকে মাঝে মধ্যে কিছু পরিশ্রমের কাজ দেওয়া উচিত, এতে সে সুস্থ থাকবে, সাহসী হবে ও অলসতা দূর হয়ে যাবে। সন্তানকে বিনয়ী হয়ে পথ চলার শিক্ষা দেওয়া চাই। অতিদ্রুত ও ঊর্ধ্বমুখী চলাফেরা থেকে বারণ করা উচিত।

মাঝেমধ্যে সন্তানকে কিছু টাকা দেবে, যেন সে নিজের ইচ্ছায় ব্যয় করতে পারে। তবে কোনো জিনিস যেন মা-বাবার অগোচরে ক্রয় না করে। প্রত্যেক কাজের মধ্যে সুন্নতে নববীর অনুশীলন করানো দরকার। কখনো কখনো সন্তানের জন্য শাসনের লাঠিও ব্যবহার করতে হবে।
সন্তানকে রাতের বেলা ঘরের বাইরে থাকতে দেওয়া যাবে না। ছেলেমেয়েদের একই বিছানায় ঘুমাতে অভ্যস্ত না করা চাই। ছেলে যখন প্রাপ্তবয়স্ক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে, তখন তাকে মা-বোন থেকে সম্পূর্ণ আলাদা বিছানায় ঘুমাতে দেবে।