মিন্টুর আবিষ্কার
শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড মোকাবিলা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদে নৌযান চলাচল, কোন ধরনের বিদেশী কেমিক্যাল ছাড়া দেশীয় কাঁচামালে ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহৃত মবিল তৈরিসহ আরও বেশ কয়েকটি নুতন নতুন প্রযুক্তি অবিষ্কার করেছেন পটুয়াখালীর যুবক বেল্লাল হোসেন মিন্টু। গত ২৬শে জানুয়ারি রাতে পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে তার উদ্ভাবিত এসব প্রযুক্তির প্রদর্শন করা হয়। উদ্ভাবিত এসব প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা করে এর সম্ভাব্যতা যাছাই ও বাস্তবে ব্যবহারের জন্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়।
বিশেষ উপায়ে হাইড্রোলিক শক্তি ব্যবহার করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলাচল করতে পারবে নৌযান। আর নৌযান কোন ডুবোচরে আটকে গেলে তার নিজ শক্তিতেই সেখান থেকে মুক্ত হয়ে আবারো সচল হতে পারবে, এছাড়া কোন কারণে এসব নৌযান দুর্ঘটনায় পড়লে নদীতে না ডুবে পানির উপরে নৌযানের অনেকটা অংশ ভেসে থাকবে। এর ফলে নৌযান চলাচলে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন বেল্লাল হোসেন মিন্টু। আর এসব প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৩০/৪০ লাখ টাকা খরচ করে একটি নৌযান তৈরি করা সম্ভব।
মিন্টু তার উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে আর একটি হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট থেকে শিল্পপ্রতিষ্টানকে রক্ষা করা এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা করা। অনেক সময়েই ইলেকট্রিক শট সার্কিট থেকে পোশাক শিল্পসহ বড় বড় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মিন্টুর উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করলে কারখানায় কর্মরত সবাই হবেন অগ্নিনির্বাপণ কর্মী। সবার হাতের কাছেই থাকবে বিশেষ একটি সুইচ এর মাধ্যমে তাৎক্ষণিক বন্ধ হবে ইলেকট্রিক লাইন, চালু হবে পানি সরবরাহের অটোপাম্প। কমবে জীবন ও সম্পদ হানির পরিমাণ।
এ ছাড়া মিন্টু কোন ধরনের বিদেশী কেমিক্যাল ছাড়াই দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি করেছেন ইঞ্জিন অয়েল। ইতিমধ্যে তার এই ইঞ্জিন অয়েল (মবিল) দিয়ে তিনি যানবাহল চালিয়ে সফলতার মুখ দেখেছেন। তবে মিন্টুর এসব প্রযুক্তি ব্যবহারে ও বাস্তবে প্রয়োগ করতে প্রয়োজন সরকারী অথবা সম্পদশালী উদ্যেক্তাদের সাহায্য ও সহযোগিতা। নতুন এ প্রযুক্তির উদ্ভাবক মিন্টু জানান, সরকারী ভাবে সহযোগিতা পেলে তার উদ্ভাবিত এসব প্রযুক্তির ব্যবহার করে বাস্তবে কাজে লাগালে দেশ ও দেশের মানুষের উপকার করা সম্ভব।











