বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের আগে ঋতুস্রাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে

12688115_1508754896087214_5478980222445002491_nস্বাস্থ্য ডেস্ক : সঠিক সময়ের আগেই বড় হয়ে উঠলে সুবিধার চেয়ে অসুবিধা ডেকে আনতে পারে। এমনকি সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যৎ জীবনে। প্রচলিত ধারণা অনুযায়ী ঋতুস্রাব হওয়ার পর মেয়েরা বড় হয়ে যায়। শুরু হয় তাদের নতুন মেয়েবেলা। কিন্তু ১৩ বছরের আগে ‘বড়’ হয়ে উঠা সৃষ্টি করতে পারে আগাম সমস্যার।

ভারতের নেতাজী সুভাষ চন্দ্র বসু ক্যানসার রিসার্চ ইনন্সটিটউশনের (এনসিআরআই) একটি গবেষণা এমনটাই জানাচ্ছে। গবেষণা বলছে, যাদের ঋতুস্রাব ১৩ বছরের আগে হয় ভবিষ্যতে তাদের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু ১৩ বছর বয়সকে উপযুক্ত মাপকাঠি হিসেবে চিকিৎসা বিজ্ঞানে ধরা হয়। সেই বয়সের আগে ঋতুস্রাব হওয়ার অর্থ হরমোনের অসমতা বলে জানিয়েছেন গবেষকরা।

তাদের মতে, স্তন ক্যানসারের অন্যতম কারণই হল হরমোনের অসমতা। গবেষণায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। পূর্ব ভারতের মহিলাদের স্তন ক্যানসার হওয়ার পিছনে অন্যতম কারণ সন্তান হওয়ার পর টানা ছয়মাস বুকের দুধ না দেওয়া।

গবেষণা দলের প্রধান আশীষ মুখোপাধ্যায় বলেন, “যারা সন্তান জন্মের পরে টানা ছয়মাস বুকের দুধ খাওয়ান না তাদের স্তন ক্যানসারের সম্ভাবনা দেড় গুণ বেশি থাকে অন্যদের তুলনায়।”

ক্যানসার সম্পর্কে পশ্চিমের পূর্বের ধারণাকে ভ্রান্ত বলেই মনে করছেন এনসিআরআই’র গবেষণা পত্রটি। স্তন ক্যানসার আটকানোর উপায় হিসেবে পশ্চিমের বেশিরভাগ গবেষণা উঠে এসেছে- ৩০ বছরের আগে মহিলাদের বিয়ে করার এবং মা হওয়ার পরামর্শ। তবে, এই রিপোর্ট বলছে ভারতীয় মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

রিপোর্ট বলছে, ভারতে সমস্ত ধরণের ক্যানসারের মধ্যে সব থেকে বেশি মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হন। পূর্ব ভারতের ৪২৬ জন রোগীর উপর এই গবেষণা চালানো হয়। এতে বলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তারাই স্তন ক্যানসারে আক্রান্ত হন যাদের হরমোনের অসমতা বেশি দেখা যায়। যাদের জীবনের প্রথম ভাগে ঋতুস্রাব তাড়াতাড়ি হয়েছে কিংবা যে টানা ছয় মাস সন্তানকে বুকের দুধ খাওয়াননি, তারা যদি ৩০ বছরের পর থেকে বাড়তি সচেতনতা অবলম্বন করেন তাহলে সহজেই ক্যানসারের নিরাময় সম্ভব।