,

এশিয়ায় বাংলাদেশের পোশাকের কদর কম শুল্কমুক্ত সুবিধা প্রণোদনা লিড টাইমের সুবিধা কাজে আসছে না

dressরফতানি-বাণিজ্যে পশ্চিমা বাজার নির্ভরতার ঝুঁকি এড়াতে পূর্বমুখী নীতি নিয়েছে সরকার। এশিয়ার বড় অর্থনীতির দেশে রফতানি বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজার শ্রেণীতে এসব দেশে রফতানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে। শুল্কমুক্ত সুবিধা আদায় করা সম্ভব হয়েছে চীন, জাপান, ভারতসহ এশিয়ার আরও কয়েকটি দেশে। মুক্তবাণিজ্য চুক্তি করার প্রক্রিয়া চলছে আরও কয়েকটি দেশের সঙ্গে। কোন বাজারে কী সম্ভাবনা রয়েছে কিংবা বাজার সম্প্রসারণে বাধা কোথায় এ সব বিষয়ে ব্যবসায়ীদের মতামত নিয়ে গবেষণা করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কাছাকাছি দূরত্বের কারণে রফতানি বাণিজ্যে লিড টাইমের সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। এত সব উদ্যোগ এবং সুবিধা সত্ত্বেও এশিয়ার বাজারে পোশাক রফতানি এখনও আশাব্যঞ্জক নয়।

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এশিয়ার উল্লেখযোগ্য প্রায় সব দেশেই আগের একই সময়ের তুলনায় রফতানি আয় অর্থাৎ প্রবৃদ্ধি কমেছে। এরমধ্যে এশিয়ার চীনে রফতানি প্রবৃদ্ধি আগের একই সময়ের ২৪ শতাংশ থেকে শূন্য দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে। আলোচ্য সময়ে রফতানি হয়েছে ১৩ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় মাত্র ৫ লাখ ডলার বেশি।

অথচ চীনের বাজার নিয়ে সরকার এবং উদ্যোক্তাদের মধ্যে অনেক আশার কথা শোনা গেছে। যুক্তি হিসেবে বলা হয়েছে, চীনের অভ্যন্তরীণ পোশাক বাজার ৩ হাজার কোটি ডলারের ওপরে। প্রধান রফতানিকারক দেশ হলেও চীন বছরে ৩৫৭ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করে থাকে। গত চার বছর ধরে চীনে চার হাজার ৭৮৮ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আবার দুই দেশই বাণিজ্য সহায়ক চুক্তি এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) সদস্য।

চীনে বাজার বাড়াতে কী করা যায় এ বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেছে ইপিবি। উদ্যোক্তাদের মতে, চীনে স্যুট, ব্লেজার, ফুলওভারের চাহিদা বেশি। বাংলাদেশ এখনও এসব পণ্যে পুরো মনোযোগ দিতে পারেনি। এ কারণে বড় বাজার এবং শুল্কমুক্ত সুবিধা সত্ত্বে সেখানে রফতানি প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না।

এশিয়ার অন্য দেশের পরিস্থিতিও প্রায় অভিন্ন। আলোচ্য সময়ে ভারতে রফতানি ১০ দশমিক ১৪ শতাংশ থেকে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে। তুরস্কে কমেছে আগের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪৭ শতাংশ। অবশ্য জাপানে রফতানি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫৬ থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ। এসব বাজারকে সম্ভাবনাময় নতুন বাজার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ইপিবির উপপরিচালক অনুপ কুমার সাহা  বলেন, বিভিন্ন সুবিধা সত্ত্বেও এশিয়ার বাজারে রফতানি না বাড়ার কারণের মধ্যে একটি বড় কারণ এশিয়ার অনেক দেশই পোশাক উৎপাদন করে।

বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার মতো দেশগুলো নিজেরাই বিশ্ববাজারে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী। এ কারণে এশিয়ায় বাজার বাড়ছে খুব ধীরগতিতে। তাই এ অঞ্চল নিয়ে বড় আশা না করাই ভালো। এ ছাড়া অনেকে দেশে প্রধান পণ্য তৈরি পোশাকের একচেটিয়া দাপট নেই। বরং, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্যের মধ্যে কুঁচে, কাঁকড়ার রফতানি তুলনামূলক ভালো। তিনি জানান, চীনে বাজার বাড়াতে ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া মতামতের ওপর কাজ করছে ইপিবি।

এশিয়ার বাজার নিয়ে ইপিবির বক্তব্যের সঙ্গে একমত উদ্যোক্তারাও। জানতে চাইলে বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, নতুন কারণ হিসেবে তারা পেমেন্ট পেতে হয়রানির কথা বলেছেন। ভারত-পাকিস্তানে পোশাক রফতানি করে অনেক উদ্যোক্তা একাধিকবার বাজে অভিজ্ঞতার মুখে পড়েছেন। উদাহরণ হিসেব লিলিপুটের কথা উল্লেখ করেন তিনি। ২০১১ সালে ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠান লিলিপুট কিডসওয়্যার বাংলাদেশের ২২ প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ ডলারের পোশাক নেয়। এখনও ক্রয়মূল্য পরিশোধ করেনি।

তিনি বলেন, এ কারণে এ দুই দেশে রফতানিতে অনেকের আগ্রহ কম। তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধা এবং লিড টাইম সুবিধা সত্ত্বেও এশিয়ার বাজার এখনও সেভাবে বাড়েনি সেটা ঠিক। তবে চীন, জাপানে বাংলাদেশের পোশাকের অনেক বড় সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা