মুক্ত উলফানেতা লক্ষ্মী প্রসাদ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ
ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) উলফা নেতা লক্ষ্মী প্রসাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তার কারণেই ভারতে ফিরতে পেরেছেন তিনি।
আসামের গুয়াহাটিতে তার সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি সাংবাদিক শুনে আপ্লুত হয়ে পড়েন লক্ষ্মী প্রসাদ। এ প্রতিনিধির কাছে তিনি দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের জেল কর্তপক্ষ ও জেলে বন্দী থাকাকালীন সহযোগিতার জন্য অসংখ্য বন্দীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। লক্ষ্মী প্রসাদ বলেন, সশস্ত্র আন্দোলনের প্রতি আওয়ামী লীগের কিছু নেতার সহানুভূতি রয়েছে। কিন্তু দিল্লির প্রতি সমর্থন থাকায় তাদের সমর্থন ও সহযোগিতার বিষয়টি কার্যকর হয়নি।
গত ২৬ জানুয়ারি আসামের গুয়াহাটিতে আমাদের অর্থনীতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দিত্ব জীবন শেষে ভারতে ফেরা উলফার এই নেতা। গত ১১ নভেম্বর উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার সঙ্গে তিনি ও উলফার আরেক নেতা বাবুল শর্মাকে ভারতের কাছে হস্তান্তর করে সরকার।
গ্রেফতারের আগে বাংলাদেশে থাকাকালীন সময়ের কথা বলতে গিয়ে লক্ষ্মী প্রসাদ গোস্বামী বলেন, ১৯৯৭ সালে অনুপ চেটিয়ার সঙ্গে গ্রেফতারের আগে দুই বছর ঢাকা, পাবত্য খাগড়াছড়ি ও সিলেটের বিভিন্ন স্থানে ছিলাম। বেশির ভাগ সময়ে ঢাকা থাকতাম। সংগঠনের কাজে বাইরে যেতাম। ঢাকায় উলফার অস্থায়ী তিনটি কার্যালয় ছিল আমি সেখানে অফিসিয়াল কাজ করতাম। উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়–য়া, সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ও চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এসব অফিস পরিচলনা করতেন। আমি এসব অফিসের কাগজপত্র ও ইন্টারনেট এবং ফোনের বিষয়টি দেখতাম। ঢাকার কল্যাণপুর, মোহাম্মাদপুর, মিরপুর-১০, কলাবাগান ও পান্থপথে উলফার এসব অফিসগুলো ছিল। আমি বেশি সময় অনুপ চেটিয়া স্যারের মোহাম্মাদপুরের অফিসে কাজ করতাম। সেখান থেকেই স্যারের সঙ্গে ৯৭ সালে গ্রেফতার হই।
বন্দিত্ব অবস্থার স্মৃতিচারণ করতে গিয়ে উলফার এই নেতা বলেন, জেলের মধ্যে থাকাকালীন কখনো মনে হয়নি আমি বিদেশের জেলে আছি। মনে হয়েছে আমি আসামের জেলেই আছি। কারণ জেলের মধ্যে এতো বেশি আতিথেয়তা পেয়েছি তা কখনও ভোলা যাবে না। জেল কর্তৃপক্ষ ও বন্দীরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন মনেই হয়নি বিদেশে আছি।
আমাদের অর্থনীতিকে লক্ষ্মী প্রসাদ বলেন, জেলে থাকার সময় বাংলাদেশের অনেক রাজনীতিকের সঙ্গে দেখা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতারা যেমন ছিল তেমনি বিএনপি ও জামায়াতের নেতারাও ছিল। তারাও আমাদের অনেক সহযোগিতা করেছে। এদের মধ্যে আওয়ামী লীগের হাজি সেলিম ও বাহাউদ্দিন নাসিমের কথা ভোলা যাবে না কখনও। ঢাকা জেলে যখন ছিলাম আওয়ামী লীগ নেতা হাজি সেলিম তার বাসা থেকে খাবার-ফলমূল পাঠাতেন। বাহাউদ্দিন নাসিমসহ অন্যান্য নেতারা আমাদের অনেক সময় টাকা-পয়সা দিয়েও সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, জেলে ও বাইরে অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গেই আমাদের সুসম্পর্ক ছিল। তারা আমাদের আন্দোলনের প্রতিও সহানুভূতিশীল ছিলেন। অনেক নেতা আমাদের সহযোগিতাও করেছেন। কিন্তু আওয়ামী লীগের দিল্লির প্রতি ‘সমর্থন নীতির’ কারণে তারা আমাদের সঙ্গের সম্পর্কের বিয়য়টি আড়াল করতেন।
পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা আমাদের স্বাধীনতা আন্দোলনকে আবার ভুলও বলেছেন। তারা বলেছেন, আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু আপনাদের (উলফা) স্বাধীনতার ঘোষণা দেওয়াটা ঠিক হয়নি। ভারতের মতো এতো বড় শক্তির সঙ্গে আন্দোলন করে টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উল্লেখ করেন উলফা নেতা লক্ষ্মী প্রসাদ গোস্বামী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে মানা উত্তর-পূর্ব ভারতের ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন উলফার লক্ষ্মী প্রসাদ গোস্বামী। তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনে আমার পরিবার ওতপ্রোতভাবে জড়িত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের প্রেরণাই আমি আমার সংগঠনের করা আসামের স্বাধীনতা আন্দোলনে জড়িত হই।
লক্ষ্মী প্রসাদ ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়ার সঙ্গে গ্রেফতার হন। ২০০৭ সালের ২৭ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হওয়ার পর তিনি দেশের বিভিন্ন কারাগারে নিরাপত্তা হেফাজতে ছিলেন। সর্বশেষ তিনি ময়মনসিংহ কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আসেন। সেখান থেকে গত ১১ নভেম্বর তাকে ও বাবুল শর্মাকে অনুপ চেটিয়ার সঙ্গে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি। এরপর ২০০৯ সালের শেষ দিকে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকে বাংলাদেশ থেকে ধরে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১০ সাল থেকে দিল্লিতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উলফার শান্তি আলোচনা চলছে।











