বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিকা ভাইরাস এশিয়ায় দ্রুত বিস্তারের ভয়

download (24)ঘনবসতি আর মশার দ্রুত বংশ বিস্তারের পাশাপাশি দ্রুত রোগ সংক্রমণের যে ইতিহাস এশিয়ার রয়েছে, তাতে এ অঞ্চলে জিকা ভাইরাসজনিত বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরেক পক্ষ অবশ্য বলছেন, এত আতঙ্কের কিছু নেই। দক্ষিণ আমেরিকায় দ্রুত জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গত সোমবার বৈঠক শেষে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। পর দিন মঙ্গলবার থাইল্যান্ডে জিকা ভাইরাসে আক্রান্ত এক তরুণের হাসপাতালে চিকিৎসা গ্রহণের খবর পাওয়া যায়। ২০১২ সালে থাইল্যান্ডে প্রথম জিকা ভাইরাস সংক্রমণ চিহ্নিত করার পর প্রতিবছর গড়ে পাঁচজনের সংক্রমণের খবর পাওয়া যায়। এশীয় ভূখণ্ডে শুধু থাইল্যান্ডে নয়, ২০১০ সালে কম্বোডিয়ায় এবং ২০১২ সালে ফিলিপাইনে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এ রকম আরো অনেক তথ্য এশিয়ায় মশাবাহিত এই ভাইরাসের দ্রুত বিস্তৃতির আশঙ্কা জোরদার করছে। এ ছাড়া চীন ও হংকংয়ে সার্স এবং মধ্যপ্রাচ্যে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাও এ আশঙ্কা তৈরি করছে।  ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ অ্যান্টনি কোস্টেলোর অভিমত, যেহেতু এরই মধ্যে ২৫টি দেশে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে, সুতরাং এই সংকট কেবল দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে বলে মনে করার কোনো কারণ নেই। দক্ষিণ এশিয়ার সংকট তুলে ধরতে গিয়ে ভারতের উদাহরণ টেনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওম শ্রীবাস্তব জানান, মুম্বাইয়ের অর্ধেক জনগোষ্ঠী বস্তিতে বাস করে। বছরে চার মাস প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে বন্যা হয়। ফলে মশার দ্রুত বংশ বিস্তারে পরিবেশ তৈরি হয় এবং তা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের রোগ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এশিয়াজুড়ে একই পরিস্থিতির কারণে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করাটা এখানে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শ্রীবাস্তব। হংকং ইউনিভার্সিটির ভাইরাস বিশেষজ্ঞ মালিক পেইরিস একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। ডেঙ্গু ও জিকা ভাইরাস উভয়ই এডিস মশাবাহিত হওয়ায় সাধারণ মানুষ ডেঙ্গুর সঙ্গে জিকা ভাইরাসকে গুলিয়ে ফেলতে পারে বলেই এটাকে বিপজ্জনক মনে করছেন পেইরিস। তাঁর আশঙ্কা, জিকা মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত মানুষ হয়তো এ রোগ সম্পর্কে ঠিকঠাক বুঝতেই শিখবে না। তার পরও এশিয়ার বিভিন্ন দেশে জিকা সংক্রমণকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আতঙ্কের কিছু নেই।’ এশীয় দেশগুলো অবশ্য সতর্কভাবেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি।