শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে নিয়ে বিশেষ পরিকল্পনা বাংলাদেশ কোচের

mirazস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে থাকা স্বাগতিক বাংলাদেশ দল টানা তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। তাই নেপালকে নিয়ে খুবই সতর্ক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুল।

তার ওপর এই আসরে স্বাগতিকরা প্রথম তিনটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম ও কক্সবারের ভেন্যুতে। এবার চিরচেনা ভেন্যুতে খেলবে জুনিয়র টাইগাররা। তবে পরপর ম্যাচ জেতায় দলের কোনো সমস্যা চোখে পড়ছে না স্বাগতিক কোচের। তবুও নেপালের বিপক্ষে বিশেষ পরিকল্পনা করে মাঠে নামতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।

চলমান যুব বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প চট্টগ্রামে করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকদিন এখানে অনুশীলন ক্যাম্প করায় এই আসরে ভালো করার জন্য জনিয়ার টাইগারদের জন্য অনেক সহায়ক হয়েছে। এবার মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা ফিরছেন চিরচেনা ভেন্যু মিরপুরে। শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষবারের মতো নিজেদের ব্যাটে-বলে ঝালিয়ে নেন। পরে অনুশীলন চলার ফাঁকে বিসিবির একাডেমি ভবন মাঠে সংবাদ মাধ্যমের মখোমুখি হন কোচ মিজানুর রহমান বাবুল।

ছোটদের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিতে ওঠার হাতছানি। তার ওপর বাংলাদেশের সামনে সহজ প্রতিপক্ষ নেপাল। এ বিষয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ বলেন, ‘নোপালকে নিয়ে অবশ্যই আমাদের বিশেষ পরিকল্পনা আছে। ভারতের বিপক্ষে নেপালের শেষ ম্যাচটিতে আমরা একঘণ্টা খেলা দেখার সুযোগ পাই। এরপর আমাদের অনুশীলন সূচি ছিলো। তাই ওই ম্যাচটি আর দেখা হয়নি। তবে ম্যাচের পুরো ভিডিও আমাদের কাছে আছে। আজকে আমরা পুরো ম্যাচটি দেখবো। দেখে যতটুকু ওদের সম্পর্কে ধারণা নেওয়া যায় নেব। সেভাবেই আমরা ওদের বিপক্ষে সতর্ক থাকবো।’

দল যখন জয় পায় তখন কোনো দলের সমস্যা সেভাবে কোচের চোখে ধরা পড়ে না। তেমনি স্বাগতিক বাংলাদেশ দল জয়ের মধ্যে থাকায় জুনিয়র টাইগারদের কোচের চোখে কোনো সমস্যা ধরে দেয়নি। বাবুল দলের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘জিততে থাকলে যে সমস্যা বোঝা যাবে না। বিষয়টি এমন নয়। ওপেনিং ব্যাটসম্যানদের দিক দিয়ে আমরা কিছুটা সমস্যায় পড়েছি। এটা নিয়ে আমরা কাজও করছি। ইনশাল্লাহ আশা করি সামনের ম্যাচে এটা কাটিয়ে ওঠতে করতে পারব। ওপেনাররা পুনরায় তাদের ‍পুরনো ছন্দে ফিরে আসবে। তাতে করে আমরা দলের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

‘ডি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সেরা আটে খেলা নিশ্চিত করেছে নেপাল। তাই ক্রিকেট বিশ্বের সেরা দল নিউজিল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলও নেপালকে সমীহের চোখে দেখছে। বাংলাদেশ কোচ বলেন, ‘আসলে ওইভাবে কোনো কিছু নিয়ে আমরা চিন্তিত না। তাদের কি আছে না আছে, ওসব আমরা ভাবছি না। আমরা আমাদের পরিকল্পনাগুলো নিয়ে ভাবছি, কিভাবে সেগুলো মাঠে বাস্তবায়ন করা যায়। ওরা ছোট টিম কিংবা বড় টিম এইরকম কোনো চিন্তা আমরা করতে চাচ্ছি না। ছেলেরা খুব ভালো অবস্থায় আছে সেমিফাইনালের আগে।’

যুব বিশ্বকাপে ২০০২ সালে প্লেট পর্বে নেপালের বিপক্ষে বাংলাদেশ দল হেরেছিলো। তবে এটাকে আর সামনে আনতে চাচ্ছেন না জুনিয়র টাইগারদের কোচ। তিনি বলেন, ‘অনেকে আসলে জানেই না নেপালের সঙ্গে আগে হেরেছিল। ওই জিনিষগুলো আমরা ওদের সামনে উত্থাপন করতে চাই না। এটা ছোটদের টুর্নামেন্ট। এখানে ওই বিষয়গুলো মূখ্য না। যে দল এখানে ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’