শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ ১৪ হাজার জন কোটিপতির মাঝে আয়কর দেন ৬১৭৫ জন

image_1444_221155দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন। অথচ ২০১৫-১৬ অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল করেছেন মাত্র ৬ হাজার ১৭৫ জন।

এনবি আরের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, ব্যক্তি পর্যায়ের করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ২০১৫ সালের ৩০ নভেম্বর শেষ হয়েছে। এই সময়ে সারাদেশে এনবি আরের কর অফিসগুলোতে জমা পড়া আয়কর রিটার্নে ১ কোটি টাকার বেশি দেখিয়েছেন মাত্র ৬ হাজার ১৭৫ জন করদাতা।

অন্যদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশে তফসিলি ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫টি। ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি, ২০১২ সালে ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩ সালে ৯৮ হাজার ৫৯১টি এবং ২০১৪ সালে ১ লাখ ৮ হাজার ৯৭৪টি কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
তবে বেসরকারি হিসাবে কোটিপতির প্রকৃত সংখ্যা আরো কয়েকগুণ বেশি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুসারে বর্তমানে কম করে হলেও প্রায় আড়াই লাখ কোটিপতি রয়েছে বাংলাদেশে।
সংশ্লিষ্টদের মতে, কর প্রদানে কোটিপতিদের অনীহা নতুন কিছু নয়। এর আগের করবর্ষের পরিসংখ্যান বিশ্লেষণ করলে সেরকম চিত্রই প্রকাশ পায়।

এনবি আর থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, ২০১১ করবর্ষে সম্পদ বিবরণী অনুযায়ী চূড়ান্ত হিসাবে দুই কোটি টাকার বেশি সম্পদ আছে এমন করদাতার সংখ্যা ছিল ৪ হাজার ৩০৩ জন, যেখানে ২০১২ সালে ৪ হাজার ৮৬৫ জন, ২০১৩ সালে ৫ হাজার ১৪৫ জন এবং ২০১৪ সালে ৫ হাজারের কিছু বেশি।

এ ব্যাপারে এনবি আরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাত্র ৬ হাজার ব্যক্তি আয়কর রিটার্নে কোটি টাকার সম্পদ দেখিয়েছেন এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যতই দিন যাচ্ছে, কোটিপতিদের কাছ থেকে কর আদায় করা ততই কঠিন হয়ে পড়ছে। এ ক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে কোটিপতিদের শনাক্ত করার উদ্যোগ এনবি আরের গ্রহণ করা উচিত। এরপর তাদের যথাযথ আইনের আওতায় আনা উচিত। তা না হলে দেশের রাজস্ব আদায় বাড়বে না।
বিষয়টিকে অনেকটা অপ্রত্যাশিত উল্লেখ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবি আরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এটা অপ্রত্যাশিত যে, এত কম সংখ্যক ব্যক্তি কোটি টাকার ওপর সম্পদ দেখিয়েছেন। সঠিক হারে আয়কর দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

তিনি বলেন, সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুসারে দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫। সেখানে আয়কর ফাইলে রিটার্ন দেন মাত্র ৬ হাজার কোটিপতি। বিষয়টি এনবি আর খতিয়ে দেখছে। যেসব কোটিপতি আয়কর ফাঁকি দিচ্ছেন, তাদের জন্য অগ্রিম বার্তা হলো, ‘কর দাও, নিশ্চিন্ত থাক। তা না হলে এনবি আর কঠোর পদক্ষেপ নেবে।’

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এনবি আরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন বিভাগ) মো. আব্দুর রাজ্জাক যায়যায়দিনকে জানান, ৬ হাজার ১৭৫ জন কোটিপতি যদি আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন, সেটাও কম নয়। তবে এখনো অনেক কোটিপতি আয়করের আওতার বাইরে আছেন, এটা সত্য। তাদের করের আওতায় আনতে কাজ করছে এনবি আরের সংশ্লিষ্ট বিভাগ।
তিনি বলেন, অনেকেই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে দেশে কোটিপতির সংখ্যা সোয়া লাখ কিংবা আরো বেশি বলে থাকেন। কিন্তু ওই সংখ্যার মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবও রয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, এমনও বিশ্ববিদ্যালয় আছে, যার হিসাব সংখ্যা একশ’র বেশি। তাই ব্যাংকের হিসাবে কত টাকা রয়েছে, তার ভিত্তিতে ব্যক্তিগত কোটিপতির সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।

উল্লেখ্য, গত নভেম্বরে শেষ হওয়া সময়ে ৮ লাখ ১৫ হাজার ৮৯৪ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন। এর বিপরীতে আয়কর জমা পড়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা। তবে ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন করদাতা আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন করেছিলেন।